১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

অ্যাভাটার গেইমের উন্মোচন পেছালো ইউবিসফট

“এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যেন এমন কিছু নিয়ে আসি যা পুরোপুরি নিখুঁত।”--ইউবিসফট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 04:58 PM

Updated : 22 Jul 2022, 06:23 PM

‘অ্যাভাটার: ফ্রন্টিয়ার্স অফ প্যান্ডোরা’ গেইমটি প্রকাশ হওয়ার কথা ছিল এ বছরই। সেই টর্গেট পিছিয়ে ২০২৩ এমনকি ২০২৪ সালেও যেতে পারে বলে খবর দিয়েছে নির্মাতা ইউবিসফট।

বৃহস্পতিবার নিজেদের প্রথম প্রান্তিকের হিসেবের অংশ হিসেবে গেইমটি পেছানোর ঘোষণা দিয়েছে নির্মাতা। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ বলছে, অ্যাভাটার গেইমটিকে আরও নিখুঁত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইউবিসফট।

“আমরা একটি ভিডিও গেইম ব্র্যান্ড বানাতে চাই।” --বৃহস্পতিবারের আয়োজনে বলেছেন ইউবিসফট সিইও ওয়াইভস গুয়েলেমত।

“আমরা যেন এমন কিছু নিয়ে আসি যা পুরোপুরি নিখুঁত। আর এটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

২০১৭ সালে প্রথমবার নতুন অ্যাভাটার গেইম নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছিল নির্মাতা। এর পর গেইমটির প্রথম ট্রেইলার প্রকাশিত হয় ২০২১ সালে।

২০২২ সালের ডিসেম্বর মাসে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ সিনেমার সঙ্গে মিল রেখে ‘ফ্রন্টিয়ার্স অফ প্যান্ডোরা’ গেইমটি প্রকাশের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিল ইউবিসফট। এখন দেখা যাচ্ছে, গেইমটিতে ‘প্যান্ডোরা’ অন্বেষণের জন্য অন্তত ২০২৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্যবহারকারীকে।

নিজস্ব প্রান্তিকের হিসেবে ইউবিসফট আরও বলেছে, ‘অ্যাসাসিন’স ক্রিড’ ব্র্যান্ডের গেইমের খবর মিলবে সেপ্টেম্বরে। পাশাপাশি, ২০২২ সাল থেকে ২০২৪ সালের মধ্যে একটি ছোট আকারের ‘অঘোষিত প্রিমিয়াম গেইম’ প্রকাশের কথাও জানিয়েছে তারা।

২০২২ সালের ২০ অক্টোবর আসতে পারে প্রতিষ্ঠানটির বহুল প্রতীক্ষিত গেইম ‘মারিও+র‍্যাব্বিডস: স্পার্কস অফ হোপ’। এ ছাড়া, পাইরেট সিমুলেটর গেইম ‘স্কার অ্যান্ড বোনস’ আসতে পারে ৮ নভেম্বর।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবারের আয়োজন চলাকালীন ‘স্প্রিন্টার সেল ভিআর’, ‘ঘোস্ট রেকন ফ্রন্টলাইন’ সহ আরও দুটি অঘোষিত গেইম বাতিলের কথা জানিয়েছে ইউবিসফট।