‘গ্রাহক ঠকিয়ে’ যুক্তরাজ্যে ৫০০ কোটি পাউন্ডের মামলায় সনি
“আমরা যখন জীবনযাত্রা নিয়ে সঙ্কটের মধ্যে আছি, তখন তারা গ্রাহকের মানিব্যাগে এমন থাবা বসিয়েছে, যা আগে কখনও হয়নি।”
প্লেস্টেশনের ডিজিটাল গেইমিং বাজারে যুক্তরাজ্যের গ্রাহকদের কাছ থেকে গত ছয় বছরে পাঁচশ কোটি পাউন্ডের বেশি সনি হাতিয়ে নিয়েছে– এমন অভিযোগে গেইমিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে এক সঙ্গে আইনি পদক্ষেপ নিচ্ছেন দেশটির প্রায় ৯০ লাখ গ্রাহক।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, গেইমিং কোম্পানিটির বিরুদ্ধে একটি সমষ্টিগত পদক্ষেপ হচ্ছে এই আইনি অভিযোগ, যা এনেছেন যুক্তরাজ্য ভিত্তিক অলাভজনক সংস্থা ‘হুইচ ইউকে’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ভোক্তা অধিকার বিষয়ে চৌকষ আইনজীবী অ্যালেক্স নিল।
গেইমিংয়ের বাজারে নিজস্ব ক্ষমতার অপব্যবহার করে গেইম নির্মাতা ও প্রকাশকদের ওপর অন্যায্য শর্ত আরোপ করেছে সনি। এর ফলে প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ এসেছে কোম্পানিটির বিরুদ্ধে, যে কারণে বাড়তি অর্থ দিতে হতো গ্রাহকদের।
প্রতিটি ডিজিটাল গেইম ও প্লেস্টেশন স্টোর থেকে কেনা গেইমে ৩০ শতাংশ বেশি অর্থ নিয়ে ‘গ্রাহক ঠকানোর’ বিষয়টিও উল্লেখ আছে ওই অভিযোগে।
অভিযোগ অনুযায়ী, ডিজিটাল গেইমিং কেনাকাটায় গত ছয় বছরে গ্রাহকদের কাছ থেকে প্রায় পাঁচশ কোটি পাউন্ড হাতিয়ে নিয়েছে কোম্পানিটি।
শুক্রবার ‘কম্পিটিশন আপিল ট্রাইব্যুনালে’ দায়ের করা দাবি অনুসারে, ২০১৬ সালের ১৯ আগস্ট থেকে যুক্তরাজ্যের যেসব গ্রাহক তাদের কনসোল অথবা প্লেস্টেশন স্টোরের মাধ্যমে ডিজিটাল গেইমস বা ‘অ্যাড-অন’ সামগ্রী কিনেছেন তারা সকলেই এই দাবির সম্ভাব্য অংশ ও ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য।
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, সুদ ছাড়াই গ্রাহক প্রতি আনুমানিক ক্ষতির পরিমাণ ৬৭ পাউন্ড থেকে পাঁচশ ৬২ পাউন্ড পর্যন্ত।
“সনি প্লেস্টেশনের খেলা শেষ!” --বলেছেন অ্যালেক্স নিল।
“এই আইনি পদক্ষেপের মাধ্যমে আমি যুক্তরাজ্যের লাখ লাখ মানুষের পক্ষে দাঁড়িয়েছি, যারা ইচ্ছার বিরুদ্ধে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছেন।”
“আমাদের ধারণা, নিজস্ব অবস্থানের অপব্যবহারের পাশাপাশি নিজস্ব গ্রাহকদের ঠকিয়েছে সনি।”
“যুক্তরাজ্যে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গেইমিং, যা টেলিভিশন, ভিডিও ও সঙ্গীত থেকেও এগিয়ে।”
“কমিউনিটি ও যোগাযোগের ক্ষেত্রে অনেকেই নির্ভর করেন গেইমিংয়ের ওপর।”
“সনির এই সব কার্যক্রম লাখ লাখ গ্রাহককে ভোগাচ্ছে, যারা এই খরচ বহন করতে পারছেন না।”
“বিশেষ করে, আমরা যখন জীবনযাত্রা নিয়ে সঙ্কটের মধ্যে আছি, তখন তারা গ্রাহকের মানিব্যাগে এমন থাবা বসিয়েছে, যা আগে কখনও হয়নি।”
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, অ্যালেক্স নিলকে পরামর্শ দিচ্ছে যুক্তরাজ্যের আইনি প্রতিষ্ঠান ‘মিলবার্গ লন্ডন এলএলপি’।
“প্লেস্টেশন গেইমস ও গেইমের মধ্যে থাকা কনটেন্টের ডিজিটাল সরবরাহে আধিপত্য বিস্তার করছে সনি।” --বলেছেন মামলাটির নেতৃত্বে নিলের সহযোগী নাতাশা পিয়ারম্যান।
এই প্রসঙ্গে স্কাই নিউজ সনির মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।
