১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইক্রোসফটের পরবর্তী কাস্টমাইজড চিপ বানাবে ইনটেল

তবে ইনটেলের চিপ রোডম্যাপের হিসাবে এর মানে দাঁড়ায়, ২০২৫ সালের আগ পর্যন্ত মাইক্রোসফটের নতুন চিপ বাজারে আসবে না।

মাইক্রোসফটের পরবর্তী কাস্টমাইজড চিপ বানাবে ইনটেল

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2024, 04:34 PM

Updated : 23 Feb 2024, 04:34 PM

নিজেদের নতুন ফাউন্ড্রি বিভাগের জন্য বড় এক গ্রাহক পেয়েছে মার্কিন চিপ নির্মাতা ইনটেল, যা এর আগে ‘ইনটেল ফাউন্ড্রি সার্ভিসেস’ নামে পরিচিত ছিল।

মাইক্রোসফট সিইও সাত্যিয়া নাদেলা ঘোষণা দিয়েছেন, তার কোম্পানি নিজেদের আসন্ন ‘ইন-হাউজ’ চিপ নকশার জন্য ইনটেলের নতুন ‘১৮এ (এক দশমিক আট ন্যানোমিটার)-এর ফ্যাব্রিকেশন কৌশল ব্যবহারের পরিকল্পনা করছে।

তবে ইনটেলের চিপ রোডম্যাপের হিসাবে এর মানে দাঁড়ায়, ২০২৫ সালের আগ পর্যন্ত মাইক্রোসফটের নতুন চিপ বাজারে আসছে না।

Image

ছবি: ইনটেল (আর্টিকেলের ভেতর)

নতুন চিপে কী ধরনের সিলিকন ব্যবহার করা হবে, তা প্রকাশ করেনি কোনও কোম্পানিই। তবে গত বছরের নভেম্বরে নিজেদের কাস্টমাইজ করা ‘অ্যাজিউর মাইয়া এআই অ্যাক্সেলেটর’ ও ‘অ্যাজিউর কোবাল্ট ১০০ সিপিইউ’ সার্ভার চিপ দেখিয়েছিল মাইক্রোসফট, যা বাজারে আসার কথা ছিল এ বছরের ‘শুরুতে’। আর এর লক্ষ্য ছিল কোম্পানির নিজস্ব এআই পরিষেবার সক্ষমতা বাড়ানো।

এর মধ্যে ‘কোবাল্ট ১০০’ সিরিজের চিপ তৈরি হয়েছে ব্রিটিশ সেমিকন্ডাক্টর কোম্পানি ‘আর্ম’-এর প্রকৌশলের ভিত্তিতে। এদিকে, গত বছরের এপ্রিল থেকেই নিজস্ব ‘১৮এ’ প্রসেসরে আর্মের নকশা ব্যবহার করে আসছে ইনটেল। ফলে, মাইক্রোসফটের সঙ্গে এ যৌথ উদ্যোগে পরবর্তী প্রজন্মের ‘কোবাল্ট সিপিইউ’ তৈরির সম্ভাবনাও প্রবল।

গত বছর ইনটেলের চতুর্থ প্রান্তিকের আয়ের হিসাবে কোম্পানির সিইও প্যাট জেলসিংগার নিশ্চিত করেছেন, “২০২৪ সালের দ্বিতীয়ার্ধেই উৎপাদনের জন্য প্রস্তুত হতে পারে ১৮এ।”

বিষয়টি বিবেচনায় নিলে ইনটেলের সার্ভারভিত্তিক ‘ক্লিয়ারওয়াটার ফরেস্ট’ ও গ্রাহকভিত্তিক ‘প্যান্থার ওয়াটার’ সিরিজের সিপিইউ ২০২৫ সালের আগে বাজারে আসবে না। ধারণা করা হচ্ছে, এগুলো বাজারে আসতে পারে মাইক্রোসফটের পরবর্তী চিপ উন্মোচনের ‘আগে-পরে’।