২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

জেমিনাইয়ে নতুন ‘লাইভ অ্যাভাটার’ যোগ করল গুগল

জেমিনাইয়ের সঙ্গে কথা বলার প্রক্রিয়া আরও স্বাভাবিক করেছে গুগল, যাতে ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমেই জটিল বিভিন্ন কাজ সহজে করতে পারেন।

জেমিনাইয়ে নতুন ‘লাইভ অ্যাভাটার’ যোগ করল গুগল

প্রযুক্তিটি ‘এমন এক অভিজ্ঞতা তৈরি করে, যা এক গতিশীল ভিজুয়াল পার্সোনার মাধ্যমে শোনে, দেখে ও কথা বলে’। ছবি: গুগল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 10:09 AM

Updated : 27 Sep 2026, 10:09 AM

গ্রাহক সেবা ও বিক্রয় সহায়তার অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করতে এআই মডেলে রিয়াল-টাইম ভিজুয়াল অ্যাভাটার যোগ করেছে গুগল, যা কথা বলার পাশাপাশি মুখের অভিব্যক্তি ফুটিয়ে তুলবে বলে দাবি নির্মাতার।

গেল সপ্তাহে নিজেদের সবচেয়ে উন্নত লাইভ ডায়লগ মডেল হিসেবে ‘জেমিনাই ৩.৮ লাইভ’ ও ‘লাইভ এক্সটেন্ডেড থিংকিং’ মডেল উন্মোচন করেছে গুগল।

কোম্পানিটি বলেছে, এর মূল উদ্দেশ্য ‘ডেভেলপার ও এন্টারপ্রাইজগুলোকে নির্ভরযোগ্য ও উৎপাদনমুখী ভয়েস এজেন্ট তৈরির প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা’।

পাশাপাশি, জেমিনাইয়ের সঙ্গে কথা বলার প্রক্রিয়া আরও স্বাভাবিক করেছে গুগল, যাতে ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমেই জটিল বিভিন্ন কাজ সহজে করতে পারেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

এবার এ প্রযুক্তিটির সঙ্গে ভিডিও যোগ করে গুগল এনেছে ‘জেমিনাই ৩.৮ লাইভ উইথ লাইভ অ্যাভাটার’, যা লাইভ ডায়লগ মডেলগুলোর সঙ্গে প্রায় রিয়াল-টাইম ভিজুয়াল উপস্থিতি যোগ করেছে।

প্রযুক্তিটি ‘এমন এক অভিজ্ঞতা তৈরি করে, যা গতিশীল ভিজুয়াল পার্সোনার মাধ্যমে শোনে, দেখে ও কথা বলে’।

সহজভাবে বললে, এসব অ্যাভাটার সেলস সাপোর্ট ও কাস্টমার সার্ভিসের মতো কাজ করার জন্য তৈরি হয়েছে। ফলে অদূর ভবিষ্যতেও হয়ত ব্যবহারকারীদের এগুলোর সঙ্গে আলাপ করতে হতে পারে।

ব্লগে প্রকাশ পাওয়া বেশ কয়েকটি ভিডিওতে গুগল বাস্তবসম্মত ও কার্টুনধর্মী উভয় ধরনের অ্যাভাটারই দেখিয়েছে। এগুলো নিখুঁত লিপ-সিঙ্কিং, স্বাভাবিক অভিব্যক্তি ও ‘সাবলীলভাবে কথা বলার’ মতো কাজ করতে পারে।

গুগল বলেছে, এসব অ্যাভাটার ব্যবহারের ফলে প্রাকৃতিক ও মাল্টিমোডাল আলাপ আরও সহজ হবে। কারণ এগুলো দেখার, শোনার ও কথা বলার পাশাপাশি মুখের অভিব্যক্তির মাধ্যমেও যোগাযোগ করতে পারবে।

জেমিনাইর উন্নত রিজনিং বা যুক্তি দেখানোর সক্ষমতার ওপর ভিত্তি করে এসব অ্যাভাটার তৈরি করা হয়েছে, যার ফলে লাইভ অ্যভাটারগুলো চলমান আলাপ চালিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে টুল কল ট্রিগার ও ডেটা সংগ্রহ করতে পারে।

গুগল বিভিন্ন ধরনের ‘প্রিসেট অ্যাভাটারের’ বড় লাইব্রেরি অফার করবে। এ ছাড়া বিভিন্ন কোম্পানি চাইলে তাদের নিজস্ব ব্র্যান্ড স্টাইলিং বা চরিত্রের পরিচয় ধরে রাখতে উচ্চমানের রেফারেন্স ছবি ব্যবহার করে নিজেদের পছন্দমতো অ্যাভাটার কাস্টমাইজ করে নিতে পারবে।

কোম্পানিটি বলেছে, এসব সুবিধা কেবল এন্টারপ্রাইজ অ্যালাওলিস্টিংয়ের মাধ্যমেই পাওয়া যাবে। লাইভ অ্যাভাটারগুলো ‘পরিচয়কে সম্মান জানাতে ও এআই দিয়ে তৈরি কনটেন্ট স্বচ্ছ রাখতে কঠোর সুরক্ষাব্যবস্থার’ ওপর ভিত্তি করে তৈরি এবং প্রতিটিতে গুগলের ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক ব্যবহৃত হয়েছে।

লাইভ অ্যাভাটারটি বিশেষভাবে গুগলের জেমিনাই এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য ডিজাইন করা হলেও খুব শিগগিরই ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটার বা ফোনের স্ক্রিনে কাস্টমার সার্ভিস বা সেলস অ্যাভাটার হিসেবে এর কার্যকারিতা দেখতে পাবেন।

এ পর্যন্ত গুগল যা দেখিয়েছে ও এআই দিয়ে তৈরি অপ্রয়োজনীয় কনটেন্টের প্রতি মানুষের অনীহা বিবেচনা করলে এগুলো হয়ত সবার কাছে সমানভাবে জনপ্রিয় নাও হতে পারে।