চীনের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার দাবি কংগ্রেস সদস্যদের
মার্কিন নিষেধাজ্ঞার পরও চীনা কোম্পানি ‘এসএমআইসি’র তৈরি উন্নত মানের চিপওয়ালা স্মার্টফোন ‘মেট ৬০ প্রো’ উন্মোচন করেছে হুয়াওয়ে। এর পরপরই এই চিঠি এল।
চীনে উন্নতমানের কম্পিউটার চিপ রপ্তানীতে বাইডেন প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের দুইজন রিপাবলিকান সদস্য।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের উপদেষ্টা জেক সালিভানকে এক চিঠিতে ‘হাউজ ফরেইন অ্যাফেয়ার্স কমিটি’র চেয়ারম্যান মাইকেল ম্যাককউল ও চীন বিষয়ক কমিটির চেয়ারম্যান মাইক গ্যালাহার বলেন, চীনের শীর্ষ চিপ নির্মাতার নতুন অগ্রগতি থেকে ইঙ্গিত মিলেছে, এক বছর আগে মার্কিন আইনপ্রণেতারা যে নীতিমালা চালু করেছিলেন তাতে ফাঁকফোকর ছিল। তাই সেগুলো আপডেট করা প্রয়োজন।
মার্কিন নিষেধাজ্ঞার পরও চীনা কোম্পানি ‘এসএমআইসি’র তৈরি উন্নত মানের চিপওয়ালা স্মার্টফোন ‘মেট ৬০ প্রো’ উন্মোচন করেছে হুয়াওয়ে। এর পরপরই এই চিঠি এল।
“গত বছরের ৭ অক্টোবর চালু করা নীতিমালার পরও এসএমআইসি’র সক্ষমতা বৃদ্ধি থেকে যুক্তরাষ্ট্রের স্থবির ও অস্পষ্ট আমলাতন্ত্র ফুটে উঠেছে, যেখানে চীনের শিল্প নীতি, সামরিক লক্ষ্য ও প্রযুক্তি নিয়ে তারা সন্দিহান। আর তাদের এটা নিয়ে কাজ করার ইচ্ছাও নেই।” --চিঠিতে বলেন দুই রিপাবলিকান সদস্য।
বাইডেন প্রশাসনকে নীতিমালায় আপডেট এনে হুয়াওয়ে ও এসএমআইসি’র বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনপ্রণেতারা। এ ছাড়া, ক্লাউড কম্পিউটিং সেবার সহায়তায় শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপে বিভিন্ন চীনা কোম্পানির প্রবেশাধিকার বন্ধের পাশাপাশি কোম্পানিগুলো মার্কিন রপ্তানী নীতিমালা মেনে চলছে কি না, সেটিও যাচাইয়ের অনুরোধ করেন তারা।
এ সপ্তাহে রয়টার্সের প্রতিবেদনে উঠে আসে, চীনকে এই নীতমালায় আপডেট আনার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে বাইডেন প্রশাসন।
