০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মে মাসের বিভ্রাট সম্ভবত ওপেনএআই এজেন্ট ঘটিয়েছে: উইকিমিডিয়া

উইকিমিডিয়ার ভাষ্য অনুযায়ী, এসব এজেন্ট লাখ লাখ পেজে প্রবেশ এবং কয়েক লাখ তথ্য অনুসন্ধান বা কুয়েরি চালানোর পর ওই বিঘ্ন তৈরি হয়ে থাকতে পারে।

মে মাসের বিভ্রাট সম্ভবত ওপেনএআই এজেন্ট ঘটিয়েছে: উইকিমিডিয়া

এজেন্টগুলো উইকিমিডিয়ার বিভিন্ন উইকি সাইটে অনুমোদনহীন পরিবর্তনও ঘটিয়েছে। ছবি: এআই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 02:30 PM

Updated : 06 Oct 2026, 02:30 PM

ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় এজেন্টের অতিরিক্ত তৎপরতার সঙ্গে মে মাসের তথ্যসেবা বিঘ্নের যোগসূত্র পেয়েছে উইকিমিডিয়া।

অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়ার পরিচালক প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশন বলেছে, ওপেনএআইয়ের ‘অনিয়ন্ত্রিত এজেন্ট’ হিসাবে পরিচিত কিছু স্বয়ংক্রিয় ব্যবস্থার অতিরিক্ত তৎপরতার সঙ্গে মে মাসে তাদের একটি তথ্যসেবায় বিঘ্নের সম্ভাব্য যোগসূত্র পাওয়া গেছে।

সোমবার প্রকাশিত এক ব্লগ পোস্টে উইকিমিডিয়া ফাউন্ডেশন লিখেছে, উইকিমিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ওপেনএআইয়ের এসব ‘অনিয়ন্ত্রিত’ এজেন্টের তৎপরতা শনাক্ত করতে পেরেছে তারা। প্রতিবেদনে রয়টার্স লিখেছে, এর মধ্যে মে মাসের একটি ঘটনা ছিল, যার ফলে উইকিডেটা কুয়েরি সার্ভিসের সেবা আংশিক বন্ধ হয়ে গিয়েছিল।

উইকিমিডিয়ার ভাষ্য অনুযায়ী, এসব এজেন্ট লাখ লাখ পেজে প্রবেশ এবং কয়েক লাখ তথ্য অনুসন্ধান বা কুয়েরি চালানোর পর ওই বিঘ্ন তৈরি হয়ে থাকতে পারে।

শুধু অতিরিক্ত ট্রাফিকই নয়, ওপেনএআইয়ের এজেন্টগুলো উইকিমিডিয়ার বিভিন্ন উইকি সাইটে অনুমোদনহীন পরিবর্তনও করেছে বলে উল্লেখ করেছে অলাভজনক সংগঠনটি। এর মধ্যে একটি উদ্ধৃতি ব্যবস্থায় ‘সম্ভাব্য ক্ষতিকর পরিবর্তন’ও ছিল। উইকিমিডিয়ার ধারণা, এসব পরিবর্তনের উদ্দেশ্য ছিল ওই ব্যবস্থাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া।

এ ছাড়া উইকিমিডিয়ার নোট নেওয়ার টুল ইথারপ্যাডও ওপেনএআইয়ের এজেন্টগুলোর ক্ষতিকর তৎপরতার শিকার হয়েছে বলে লিখেছে ফাউন্ডেশনটি।

এক বিবৃতিতে ওপেনএআই বলেছে, উইকিমিডিয়ার ‘বিস্তারিত অনুসন্ধান’কে তারা গুরুত্ব দিচ্ছে এবং তৎপরতার বিষয়টি বুঝতে অনলাইন মুক্ত বিশ্বকোষটির সঙ্গে কাজ করছে।

ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেরি বলেন, “এই কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রাসঙ্গিক তথ্য শেয়ার করে যাব।”

নিজেদের অনিয়ন্ত্রিত এজেন্টের তৎপরতার পুরো পরিসর বোঝার চেষ্টা করছে ওপেনএআই। এ নিয়ে এর আগেও রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে।