১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফোর্টনাইটে ভার্চুয়াল কনসার্টে আসছেন লেডি গাগা?

আদালতে জমা দেওয়া পুরনো নথি আর সাম্প্রতিক ডিজিটাল আয়োজন ফোর্টনাইটের ভার্চুয়াল কনসার্টে লেডি গাগার অংশগ্রহণের আশা দেখাচ্ছে ভক্তদের।

ফোর্টনাইটে ভার্চুয়াল কনসার্টে আসছেন লেডি গাগা?

পপস্টার এবং অভিনেত্রী লেডি গাগা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2022, 05:03 PM

Updated : 01 Sep 2022, 05:03 PM

নতুন একটি ‘কোলাবরেটিভ ইমোট’ যোগ হচ্ছে ব্যাটল রয়্যাল ঘরানার জনপ্রিয় গেইম ফোর্টনাইটে। নতুন ইমোট আর আদালতে জমা দেওয়া পুরনো নথিপত্রের তথ্যের ভিত্তিতে খবর রটেছে, সম্ভবত খুব শিগগিরই গেইমটিতে আয়োজিত এক ভার্চুয়াল কনসার্টে অংশ নিতে পারেন ‘বর্ন দিস ওয়ে’ খ্যাত পপতারকা লেডি গাগা।

সম্প্রতি, ‘জাগ ব্যান্ড’ নামের নতুন কোলাবরেটিভ ইমোটটির খোঁজ দিয়েছে ‘ফোর্টনাইট লিক্স অ্যান্ড ইনফো’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট। গেইমিংবিষয়ক সাইট পিসি গেইমার জানিয়েছে, জাগ ব্যান্ডের সাউন্ডট্র্যাক শুনতে অনেকটাই লেডি গাগার মেগা হিট গান ‘পোকার ফেইস’-এর মতো।

নতুন ইমোটটির সঙ্গে লেডি গাগার ভার্চুয়াল কনসার্ট আয়োজনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মনে হতেই পারে। তবে, ৩১ অগাস্ট ফোরটনাইট নির্মাতা এপিক গেইমস ঘোষণা দিয়েছে, গেইমের ৮ সেপ্টেম্বরের ‘রেইনবো রয়্যাল’ আয়োজনে ইন-গেইম রেডিওতেই শোনা যাবে লেডি গাগা, লিল নাজ এক্স, টডরিক হল, কিং প্রিন্সেসসহ বিভিন্ন শিল্পীর গান।

কিন্তু ফোর্টনাইটে লেডি গাগা ভার্চুয়াল কনসার্টে অংশ নিতে আসবেন বলে ধারণা করা হচ্ছে বছরখানেক আগে আদালতে জমা দেওয়া এক নথির কারণে। প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সঙ্গে আইনি লড়াই চলছে এপিক গেইমসের।

মামলার কার্যক্রমের অংশ হিসেবে আদালতে বেশ কিছু নথিপত্র জমা দিয়েছিল নির্মাতা কোম্পানিটি। তার একটি স্লাইডে জে বালভিন, আরিয়ানা গ্রান্ডে আর লেডি গাগার ছবি ছিল পাশাপাশি, প্রত্যেকের নামের পাশেই মাসের নাম উল্লেখ ছিল।

ইতোমধ্যেই ফোর্টনাইটের ভার্চুয়াল কনসার্টে পারফর্ম করেছেন জে বালভিন আর আরিয়ানা গ্রান্ডে, বাকি আছেন কেবল লেডি গাগা।

পিসিগেইমার বলছে, খুব শিগগিরই লেডি গাগা যদি ফোর্টনাইটের ভার্চয়াল কনসার্টের হাজির নাও হন, তারপরও কোম্পানির অভ্যন্তরীণ নথিপত্র থেকে প্রমাণ মিলছে যে একটা সময়ে লেডি গাগাকে নিজস্ব প্ল্যাটফর্মের আনার ভাবনাটি গুরুত্ব দিয়েই বিবেচনা করছিল এপিক গেইমস।