Published : 16 Nov 2022, 07:50 PM
নভেম্বর মাসেই টুইটারের মাসিক আট ডলারের বিনিময়ে নতুন ‘ব্লু’ গ্রাহক সেবা ফিরিয়ে আনার কথা জানিয়েছেন ইলন মাস্ক।
সেবাটি পুনরায় ফিরবে ২৯ নভেম্বর, মঙ্গলবার। এক টুইটে মাস্ক বলেন, সেবাটি যেন ‘আগের চেয়ে পাকাপোক্ত হয়, তা নিশ্চিত করতে’ নতুন তারিখে পুনরায় এর উন্মোচনে ‘জোর’ দিচ্ছেন তিনি।
“সেবাটির মূল উন্মোচন খুব ভালোভাবে হয়নি – এমনটা বলা সম্ভবত ভুল হবে না।” --প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।
এই মাসের শুরুতে আইওএস-এ প্রথমবার নতুন এই গ্রাহক সেবা চালু করে টুইটার। তবে, প্ল্যাটফর্মে বিভিন্ন ছদ্মবেশী অ্যাকাউন্ট ‘মাথা চাড়া’ দেওয়ায় কিছুদিন পর সেবাটি স্থগিত হয়ে যায়।
এই বিশৃঙ্খল পরিস্থিতির কারণে নকল এক নিনটেন্ডো অ্যাকাউন্ট থেকে গেইম সিরিজ ‘সুপার মারিও’র মূল চরিত্র মারিওকে ‘মধ্যাঙ্গুলি প্রদর্শন’ করতে দেখা গেছে। এ ছাড়া, আরেকটি অ্যাকাউন্ট ছদ্মবেশ ধরেছিল ফার্মাসিউটিকাল জায়ান্ট ‘এলি লিলি’র। এক টুইটে তারা দাবি করে, এখন বিনামূল্যেই মিলবে ইনসুলিন।
এর পরপরই, জেনারেল মোটর্স, জেনারেল মিলস, আউডি, ফোকসভাগেন’সহ বেশ কিছু সংখ্যক কোম্পানি টুইটারে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দেয়। এ ছাড়া, বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞাপনদাতা কোম্পানিগুলোর একটি হিসেবে পরিচিত ওমনিকন মিডিয়া গ্রুপও টুইটারে বিজ্ঞাপন দেওয়া ‘আটকে রেখেছে’।
মাস্ক আরও বলছেন, পুনরায় ‘ব্লু’ সেবা চালুর মাধ্যমে ‘ভেরিফায়েড নেইম’ পরিবর্তন করলে টুইটার ওই নাম নিশ্চিত না করা পর্যন্ত ব্যবহারকারী তার নামের পাশে থাকা নীল রঙের টিক চিহ্ন হারাবেন।
তবে, কোম্পানির প্রায় অর্ধেক কর্মী, হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী ও ভিন্নমত পোষণ করা কর্মীদের ছাঁটাইয়ের কারণে হয়তো এইসব বিষয়াদি নিশ্চিত করার মতো কর্মী আদৌ আছে কি না, ওই বিষয়টি পরিষ্কার নয় - প্রতিবেদনে বলেছে ভার্জ।
এই প্রসঙ্গে ভার্জ টুইটারের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি। আপাতত কোনো যোগাযোগ বিভাগ নেই কোম্পানিটির।