০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মার্কিন চিপ নীতিকে ‘ব্যর্থ’ বললেন এনভিডিয়া প্রধান

ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সেমিকন্ডাক্টর বা চিপ সংক্রান্ত পণ্যের রপ্তানির ওপর নিয়ন্ত্রণ দিতে শুরু করে যুক্তরাষ্ট্র।

মার্কিন চিপ নীতিকে ‘ব্যর্থ’ বললেন এনভিডিয়া প্রধান
হুয়াং বলেছেন, চীনের বাজারে এনভিডিয়ার শেয়ার মূল্য ৯৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2025, 04:26 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

যুক্তরাষ্ট্রের চিপ নীতিকে ‘ব্যর্থ’ বলে বর্ণনা করেছেন মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং।

কোম্পানিটির প্রধান নির্বাহী যুক্তরাষ্ট্রের সেই নিয়মের সমালোচনা করেছেন, যে নিয়মে চীনে উন্নত কম্পিউটার চিপ রপ্তানিতে বাধা দিয়েছে দেশটি। তিনি বলেছেন, এসব নিয়ম উল্টো আমেরিকান বিভিন্ন কোম্পানিরই ক্ষতি করছে।

তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিত বার্ষিক ‘কমপিউটেক্স’ সম্মেলনের এক প্রেস কনফারেন্সে এসব নীতিকে ‘ব্যর্থ’ বলে বর্ণনা করেন হুয়াং।

ট্রাম্প প্রশাসন চীনে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার নিয়ম বাতিল ও অন্যান্য কয়েক ডজন দেশে বিক্রি সীমিত করার ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই হুয়াং এমন মন্তব্য করলেন বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

জো বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থার শেষ দিকে এসব সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। এতে এনভিডিয়া’র মতো বিভিন্ন টেক কোম্পানি তীব্র আপত্তি জানিয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সেমিকন্ডাক্টর বা চিপ সংক্রান্ত পণ্যের রপ্তানির ওপর নিয়ন্ত্রণ দিতে শুরু করে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, এ প্রযুক্তি চীনা সরকারের সঙ্গে জড়িত কোম্পানির হাতে গেলে তা তাদের সামরিক কাজে ব্যবহার হতে পারে– আর সে এ ভয় থেকেই এ সিদ্ধান্ত নিয়েছিল তারা।

তারপর বাইডেন প্রেসিডেন্ট হলে তার প্রশাসন এসব নিষেধাজ্ঞা আরও কঠোরভাবে আরোপ করে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।

মঙ্গলবার হুয়াং বলেছেন, বাইডেনের চার বছরের প্রশাসনে চীনের বাজারে এনভিডিয়ার শেয়ার ৯৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

তিনি দাবি করেছেন, বিভিন্ন চীনা কোম্পানিকে নিজেদের তৈরি বিকল্পের দিকে ঠেলে দিয়েছে এসব মার্কিন নিষেধাজ্ঞা, যার ফলে এই শিল্পে চীনা বিনিয়োগ বেড়েছে।

“এআই চিপ রপ্তানির নিয়ম যে মৌলিক ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল সেগুলো আসলে ভুল প্রমাণিত হয়েছে।”

বিবিসি লিখেছে, হুয়াংয়ের এসব মন্তব্য যুক্তরাষ্ট্রে চলমান এক বিতর্কেরই প্রতিফলন, যেখানে বিশ্বজুড়ে ব্যবসার স্বার্থ ও অর্থনৈতিক এবং জাতীয় নিরাপত্তা উদ্বেগের মধ্যে ভারসাম্য রাখার জন্য আলোচনা হচ্ছে, বিশেষ করে চীনের সঙ্গে চলমান মার্কিন উত্তেজনার মধ্যে।

মার্কিন বিভিন্ন ব্যবসায়ী দলের আপত্তি থাকার পরও ব্যাপকহারে বাণিজ্য শুল্ক আরোপে নেতৃত্ব দিয়েছেন ট্রাম্প। তবে প্রযুক্তি শিল্পের প্রতি তার দৃষ্টিভঙ্গি মিশ্র। কারণ, সেখান থেকেই গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণায় গুরুত্বপূর্ণ সহায়তা পেয়েছিলেন তিনি।

বাইডেন যুগের কঠোর নিয়মটি ট্রাম্পের বাতিল করার সিদ্ধান্তে এনভিডিয়া ও সৌদি আরবসহ অন্যান্য দেশের মধ্যে এআই চুক্তি করাকে সহজ করেছে। এ চুক্তিটি মধ্যপ্রাচ্য সফরের সময় ঘোষণা করেছিলেন ট্রাম্প।

তবে অন্যান্য উপায়ে বিধিনিষেধ আরও কঠোর করেছে হোয়াইট হাউস। যাতে মার্কিন বিভিন্ন কোম্পানি নতুন কোনো কোম্পানিকে, বিশেষ করে চীনকে উন্নত প্রযুক্তি বিক্রি করতে না পারে।