১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইনস্টাগ্রামে ‘ক্ষতিকর’ সার্চে খবর পাবে টিনএজারদের মা-বাবা

কোনো টিনএজার যদি বারবার নিজের জীবনাসানের চেষ্টা বা ক্ষতি সংক্রান্ত বিষয় সার্চ করে তবে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে তাদের অভিভাবকদের তা জানিয়ে দেবে।

ইনস্টাগ্রামে ‘ক্ষতিকর’ সার্চে খবর পাবে টিনএজারদের মা-বাবা
আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় এ সুবিধাটি চালু হবে। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 03:30 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

টিনএজারদের অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। প্ল্যাটফর্মটিতে টিনএজারদের মা-বাবা বা অভিভাবকদের জন্য নতুন এক সতর্কবার্তা যোগ করছে কোম্পানিটি।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, কোনো টিনএজার যদি অল্প সময়ের মধ্যে বারবার নিজের জীবনাসানের চেষ্টা বা ক্ষতি সংক্রান্ত বিষয় নিয়ে সার্চ করে তবে ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে তাদের অভিভাবকদের তা জানিয়ে দেবে।

এ নোটিফিকেশন পাওয়ার পর মা-বাবারা চাইলে তাদের সন্তানদের সঙ্গে এসব সংবেদনশীল বিষয়ে কীভাবে কথা বলতে হয়, সে সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যেরও সাহায্য নিতে পারবেন।

আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডায় এ সুবিধাটি চালু হবে এবং পরবর্তীতে অন্যান্য অঞ্চলেও যোগ হবে।

এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম বলেছে, “আমরা নির্দিষ্ট একটি সীমা নির্ধারণ করেছি, যার জন্য অল্প সময়ের মধ্যে কয়েকবার সার্চ করা প্রয়োজন। তবে আমরা বিষয়টিকে সতর্কতার সঙ্গেই দেখছি। যার মানে, অনেক সময় হয়ত বড় কোনো উদ্বেগের কারণ না থাকলেও আমরা অভিভাবকদের নোটিফিকেশন পাঠাতে পারি।

“এরপরও আমরা মনে করি ও বিশেষজ্ঞরা এতে একমত যে, এই শুরুটা সঠিক। আমরা যে সঠিক পথেই আছি তা নিশ্চিত করতে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যবহারকারীদের মতামত নেওয়া চালিয়ে যাব।”

ইনস্টাগ্রাম আবারও স্পষ্ট করে বলেছে, তাদের বর্তমান নীতিমালা অনুসারে, টিনএজাররা আত্মহত্যা বা নিজের ক্ষতি সংক্রান্ত কোনো বিষয় সার্চ করলে তার ফলাফল ব্লক বা বন্ধ করে দেওয়া হয় এবং এ ধরনের কোনো কনটেন্ট তাদের দেখানো হয় না।

প্লাটফর্মটি আরও বলেছে, তাদের বিভিন্ন এআই টুলের জন্যও মা-বাবাদের এমন সতর্কবার্তা পাঠানোর ফিচার তৈরির কাজ চলছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য বছরের শেষদিকে পাওয়া যেতে পারে।