গ্রাহকের প্রাইভেসি ঝুঁকি এড়িয়ে স্মার্ট গ্লাস আনতে পারবে অ্যাপল?
২০২৭ সালের জুনে অনুষ্ঠিতব্য অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি’তে পণ্যটির মোড়ক উন্মোচন হতে পারে।
স্মার্ট গ্লাস বা চশমা প্রথমবারের মতো বাজারে আনার প্রস্তুতি নিলেও গ্রাহকের ব্যক্তিগত প্রাইভেসির ঝুঁকি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অ্যাপলকে।
প্রযুক্তি সংবাদের সাইট টেকক্রাঞ্চ লিখেছে, মেটার তৈরি স্মার্ট গ্লাসের গোপন ভিডিও ধারণ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এ প্রযুক্তিতে গ্রাহক সুরক্ষার ওপরই সবচেয়ে বেশি জোর দিতে চায় আইফোন নির্মাতা।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের এক প্রতিবেদন বলছে, চশমাটি বাজারে আনার প্রাথমিক পরিকল্পনা ২০২৭ সালের শুরুর দিকে থাকলেও তা পিছিয়ে দিয়েছে অ্যাপল।
নতুন সময় অনুসারে, ২০২৭ সালের জুনে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ বা ডব্লিউডব্লিউডিসি’তে পণ্যটির মোড়ক উন্মোচিত হতে পারে এবং সে বছরের শেষ নাগাদ তা সবার জন্য বাজারে আসবে।
এ অতিরিক্ত সময় পাওয়ার ফলে অ্যাপল একদিকে যেমন চশমাটির প্রযুক্তিগত মান আরও উন্নত করার সুযোগ পাবে, অন্যদিকে প্রাইভেসি সংক্রান্ত নীতি বা গ্রাহক সুরক্ষার বিষয়টি নিজেদের মার্কেটিং কৌশলে তুলে ধরারও সময় পাবে।
মেটার স্মার্ট গ্লাস নিয়ে তৈরি হওয়া বিতর্ক থেকে শিক্ষা নিয়েই অ্যাপল এ সতর্ক পদক্ষেপ নিচ্ছে। কারো সম্মতি ছাড়া গোপনে ভিডিও ধারণের সুবিধার কারণে মেটার স্মার্ট চশমা প্রায়ই সমালোচনার মুখে পড়ছে এবং নেতিবাচক খেতাব পাচ্ছে।
অ্যাপল যেখানে সবসময় নিজেদের বিজ্ঞাপনে গ্রাহকের প্রাইভেসি রক্ষার বিষয়টিকে প্রধান অগ্রাধিকার দিয়ে থাকে, সেখানে এমন সমালোচনা তাদের ব্র্যান্ড ইমেইজের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
অ্যাপল তাদের চশমায় ‘অন-ডিভাইস প্রসেসিং’ বা ডিভাইসের ভেতরেই ডেটা প্রসেস করা ও ফেইশল রিকগনিশন প্রযুক্তি না রাখার মতো প্রাইভেসিবান্ধব বিভিন্ন ফিচারকে প্রাধান্য দেবে।
এ ছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল প্রশিক্ষণে গ্রাহকদের রেকর্ড করা ভিডিও ব্যবহার করা থেকেও অ্যাপল দূরে থাকবে। মেটার মতো চুক্তিভিত্তিক কর্মী দিয়ে ব্যবহারকারীদের ধারণ করা ভিডিও ফুটেজ যাচাই করানোর পথেও যাবে না এ প্রযুক্তি জায়ান্ট।
