১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআই ভাইস প্রেসিডেন্ট হিসেবে ‘গুগল নির্বাহী’কে নিয়োগ দিল অ্যাপল

অ্যাপলের বর্তমান এআই নির্বাহী জন জিয়ানানড্রেয়া ২০২৬ সালে অবসর নেবেন। এরপর কোম্পানিটির এআই বিভাগের নেতৃত্ব দেবেন আমার সুব্রমান্যা।

এআই ভাইস প্রেসিডেন্ট হিসেবে ‘গুগল নির্বাহী’কে নিয়োগ দিল অ্যাপল
এ বছরের শুরুতে গুগল ছেড়ে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন সুব্রমান্যা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 01:26 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

এআই ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার সুব্রমান্যাকে নিয়োগ দিয়েছে অ্যাপল। দীর্ঘদিন ধরে গুগলের এই জ্যেষ্ঠ নির্বাহী কিছুদিন আগেই মাইক্রোসফটের এআই কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ শুরু করেছিলেন।

এক ঘোষণায় অ্যাপল বলেছে, তাদের বর্তমান এআই নির্বাহী জন জিয়ানানড্রেয়া ২০২৬ সালে অবসর নেবেন। এরপর কোম্পানিটির এআই বিভাগের নেতৃত্ব দেবেন আমার সুব্রমান্যা।

সুব্রমান্যাকে ‘অভিজ্ঞ এআই গবেষক’ হিসেবে বর্ণনা করেছে আইফোন নির্মাতা কোম্পানটি। গুগলে ১৬ বছর ধরে কাজ করেছেন সুব্রমান্যা, সেখানে কোম্পানিটির এআই চ্যাটবট জেমিনাইয়ের হেড অফ ইঞ্জিনিয়ারিং ছিলেন তিনি। এ বছরের শুরুতে গুগল ছেড়ে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন সুব্রমান্যা।

অ্যাপল বলেছে, কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিঘির কাছে রিপোর্ট এবং ‘অ্যাপল ফাউন্ডেশন মডেল, এমএল রিচার্স ও এআই সেইফটি অ্যান্ড ইভ্যালুয়েশন’-সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রের নেতৃত্ব দেবেন সুব্রমান্যা’।

অ্যাপলের এআই নেতৃত্বে পরিবর্তনের বিষয়টি একেবারে অবাক করার মতো কিছু নয়। ২০১৮ সালে অ্যাপলে যোগ দিয়েছিলেন জিয়ানানড্রেয়া। এর আগে গুগলে ভিপি অফ সার্চ হিসেবে কাজ করেছিলেন তিনি। ওই সময় তার নিয়োগকে অ্যাপলের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হলেও পরবর্তী সময়ে কিছু বড় সমস্যার মুখে পড়েছে কোম্পানিটি।

গত বছর আরও পার্সোনালাইজড এআইকেন্দ্রিক সিরির যে সংস্করণ দেখিয়েছিল তা বাস্তবে আনতে পারেনি অ্যাপল। বছরের পর বছর ধরে সিরির তত্ত্বাবধানকারী জিয়ানান্দ্রিয়া এ বিলম্ব বা দেরির জন্য অনেকটাই দায়ী।

এ বছরের শুরুতে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, ‘এআই প্রধান জন জিয়ানানড্রেয়ার পণ্য উন্নয়নের সক্ষমতার প্রতি আস্থা হারিয়েছেন’ অ্যাপল সিইও টিম কুক এবং জিয়ানানড্রেয়ার পরিবর্তে সিরির দায়িত্ব কোম্পানির অন্যান্য নির্বাহীদের হাতে দিয়েছেন তিনি।

এক বিবৃতিতে কুক বলেছেন, কোম্পানিতে জিয়ানানড্রেয়ার অবদানের জন্য ‘কৃতজ্ঞ’ তিনি। পাশাপাশি নতুনভাবে সিরির কাজ এগিয়ে নেওয়ার জন্য ফেডেরিঘিকে কৃতিত্ব দিয়েছেন কুক।

“অ্যাপলে সুব্রমান্যার যোগ দেওয়ার মাধ্যমে ক্রেইগের নেতৃত্ব ও এআই দায়িত্ব আরও বাড়ানো হয়েছে, যার মধ্যে আগামী বছর ব্যবহারকারীদের জন্য আরও পার্সোনালাইজড সিরি আনার তদারকির কাজটিও অন্তর্ভুক্ত রয়েছে।”