১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ক্রোম ও এক্সেল ইন্টিগ্রেশনসহ অ্যানথ্রপিক আনল ‘ওপাস ৪.৫’

ক্রোম এক্সটেনশনটি ম্যাক্স ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে আর এক্সেল মডেলটি ম্যাক্স, টিম ও এন্টারপ্রাইজ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

ক্রোম ও এক্সেল ইন্টিগ্রেশনসহ অ্যানথ্রপিক আনল ‘ওপাস ৪.৫’
তীব্র প্রতিযোগিতার মুখে বাজারে আসছে ওপাস ৪.৫। ছবি: অ্যান্থ্রপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 02:38 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

অ্যানথ্রপিক তাদের ফ্ল্যাগশিপ এআই মডেলের নতুন সংস্করণ ওপাস ৪.৫ উন্মুক্ত করেছে। সেপ্টেম্বরে সনেট ৪.৫ এবং অক্টোবরে হাইকু ৪.৫ প্রকাশের পর এটি এই সিরিজের সাম্প্রতিকতম মডেল।

নতুন ওপাস ৪.৫ আগের মতোই বিভিন্ন বেঞ্চমার্কে ‘স্টেট অফ দ্য আর্ট’ পারফরম্যান্স দেখিয়েছে। বিশেষ করে কোডিং, টুল ব্যবহার এবং সাধারণ সমস্যা সমাধানের ক্ষেত্রে।

অ্যানথ্রপিক মডেলটির কম্পিউটার ব্যবহার ও স্প্রেডশিট সক্ষমতা বিশেষভাবে তুলে ধরেছে। পাশাপাশি মডেলের দক্ষতা প্রদর্শনের জন্য তারা কয়েকটি নতুন পণ্য উন্মুক্ত করেছে। ওপাস ৪.৫-এর সঙ্গে ক্লড ফর ক্রোম এবং ক্লড ফর এক্সেল-এর পাইলট সংস্করণের পর এখন এদের আরও বিস্তৃতভাবে চালু করা হচ্ছে। 

ক্রোম এক্সটেনশনটি এখন ম্যাক্স ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকবে আর এক্সেল-কেন্দ্রিক মডেলটি ম্যাক্স, টিম ও এন্টারপ্রাইজ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।

ওপাস ৪.৫-এ লং-কনটেক্সট অপারেশনের জন্য মেমোরিতে উন্নয়ন আনা হয়েছে যা মডেলের আর্কিটেকচারে বড় পরিবর্তন দাবি করেছে। 

অ্যানথ্রপিকের রিসার্চ প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রধান ডায়ান না পেন প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে বলেন, “আমরা ওপাস ৪.৫-এ লং-কনটেক্সটের সাধারণ মান উন্নয়ন করেছি কিন্তু শুধু বড় কনটেক্সট উইন্ডোই যথেষ্ট নয়। কোন তথ্য মনে রাখা জরুরি তা বুঝতে পারাটাই আসল বিষয়।”

এই পরিবর্তনের ফলে পেইড ক্লড ব্যবহারকারীদের জন্য দীর্ঘদিনের চাওয়া পূরণ করে ‘এন্ডলেস চ্যাট’ ফিচার চালু হয়েছে। এখন মডেল কনটেক্সট উইন্ডোতে পৌঁছালেও চ্যাটিং থামবে না বরং কোনো সতর্কতা ছাড়াই মডেল নিজে থেকে মেমোরি কমপ্রেস করে নেবে।

ওপাস ৪.৫-এর এসব আপগ্রেড মূলত এজেন্টিক ব্যবহারের জন্য তৈরি যেখানে ওপাস প্রধান এজেন্ট হিসেবে কাজ করে এবং হাইকু চালিত সাব-এজেন্টদের পরিচালনা করে। এসব জটিল কাজ সফলভাবে চালাতে শক্তিশালী ওয়ার্কিং মেমোরি অপরিহার্য আর পেনের মতে এই মেমোরি উন্নয়নগুলো এখানেই সবচেয়ে বেশি কাজে দেয়।

পেন বলেন, “এই জায়গায় মেমোরির মতো মৌলিক বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ ক্লডকে বড় কোডবেইস ও দীর্ঘ ডকুমেন্ট খুঁজতে হয়, আবার প্রয়োজন হলে পিছিয়ে গিয়ে আবার যাচাইও করতে হয়।”

ওপেনএআই-এর জিপিটি ৫.১ এবং গুগলের জেমিনাই ৩ উন্মোচিত হওয়ার পর ওপাস ৪.৫ তীব্র প্রতিযোগিতার মুখে বাজারে এসছে।