১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এআই দিয়ে তৈরি গানে লেবেল আনছে অ্যাপল মিউজিক

গানসহ বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে জেনারেটিভ এআইয়ের প্রভাবে দেখা দিয়েছে বড় ধরনের তোলপাড়। অন্যান্য বিষয়ের মতো সংগীত শিল্পও এর বাইরে নয়।

এআই দিয়ে তৈরি গানে লেবেল আনছে অ্যাপল মিউজিক
অ্যাপলের এ নতুন নীতিমালার মাধ্যমে এআই দিয়ে তৈরি গান শনাক্তের প্রক্রিয়াটি আরও সুনির্দিষ্ট রূপ পাবে। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 12:55 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি গানে নতুন লেবেল যোগ করতে যাচ্ছে অ্যাপল মিউজিক।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি এক প্রতিবেদনে লিখেছে, গানের মূল উপাদানের বেশিরভাগ অংশে জেনারেটিভ এআই ব্যবহৃত হলে তাতে ‘মেইড উইথ এআই’ ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে কোম্পানিটি।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, ঠিক কোন কোন ক্ষেত্রে এই ট্যাগ প্রযোজ্য হবে বা এটি কবে থেকে চালু হচ্ছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি বা বিস্তারিত মানদণ্ড এখনও প্রকাশ করেনি অ্যাপল।

নতুন এ ফিচারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হলে এনগ্যাজেটের মন্তব্যের অনুরোধে সাড়াও দেয়নি কোম্পানিটি।

এ বছরের শুরুতে ‘ট্রান্সপারেন্সি ট্যাগ’ ব্যবহারের সুবিধা চালু করেছিল অ্যাপল মিউজিক, যার মাধ্যমে এআই দিয়ে তৈরি বিভিন্ন গান আলাদাভাবে চিহ্নিতের সুযোগ পান শ্রোতারা।

তবে এ লেবেল যোগের বিষয়টি পুরোপুরি রেকর্ড লেবেল ও পরিবেশকদের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়ায় উদ্যোগটি কিছুটা সমন্বয়হীন বলে মত দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

ধারণা করা হচ্ছে, অ্যাপলের এই নতুন নীতিমালার মাধ্যমে এআই দিয়ে তৈরি গান শনাক্তের প্রক্রিয়াটি আরও নির্দিষ্ট ও বাধ্যতামূলক রূপ পাবে।

গানসহ বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে জেনারেটিভ এআইয়ের প্রভাবে দেখা দিয়েছে বড় ধরনের তোলপাড়। অন্যান্য বিষয়ের মতো সংগীতও এর বাইরে নয়।

গেল মাসে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি রেকর্ড লেবেল আন্তর্জাতিক সংগীতের বিভিন্ন হিট চার্ট থেকে নিম্নমানের এআই-জেনারেটেড গান বা ‘এআই স্লপ’ নিষিদ্ধের আনুষ্ঠানিক আহ্বান জানায়।

অন্যদিকে, এ বছর এআই-জেনারেটেড মিউজিক শনাক্তের নানা কৌতূহলোদ্দীপক উপাত্ত ও প্রযুক্তি নিয়ে আলোচনায় উঠে এসেছে তুলনামূলক ছোট ও নির্দিষ্ট শ্রোতাভিত্তিক স্ট্রিমিং সেবা ‘ডিজার’।

এআই প্রযুক্তির নেতিবাচক প্রভাব সীমিত রাখা বা একে সানন্দে গ্রহণের ক্ষেত্রে অন্যান্য বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের নীতি ও পদক্ষেপে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।