Published : 24 Jul 2025, 06:28 PM
প্লাটফর্মটিকে শিশুবান্ধব করতে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা চালান এমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এখন কিছু টিনএজ নিরাপত্তা ফিচার যোগ করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা।
ইনস্টাগ্রামে শিশুকেন্দ্রিক এসব অ্যাকাউন্ট মূলত প্রাপ্তবয়স্কদের মাধ্যমে চালানো হয়। ১৩ বছরের নিচে শিশুরা ইনস্টাগ্রামে সাইন আপ করতে না পারলেও মা-বাবা বা ম্যানেজারদের অনুমতির মাধ্যমে শিশুদের জন্য অ্যাকাউন্ট চালাতে ও ছবি বা ভিডিও পোস্ট করতে পারে তারা।
কোম্পানিটি বলেছে, এসব অ্যাকাউন্ট ‘প্রায় সবসময়ই সদয় উদ্দেশ্যে’ ব্যবহৃত হয়। তবে এসব অ্যাকাউন্ট অনেক সময় যৌন হেনস্তাকারীদের লক্ষ্যও হয়ে ওঠে, বিশেষ করে যারা কমেন্টে অশালীন বার্তা দেওয়ার পাশাপাশি ডাইরেক্ট মেসেজ বা ডিএম-এ যৌন ছবি চেয়ে বসে তাদের বেলায়।
আগামী কিছু মাসে মেটা এমন বিভিন্ন অ্যাকাউন্টের জন্য আরও কঠোর সুরক্ষা ব্যবস্থা চালু করছে যেগুলো শিশুদের পক্ষে প্রাপ্তবয়স্করা চালান বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
নতুন নিরাপত্তা ফিচারগুলো হচ্ছে–
● সবচেয়ে কড়া মেসেজিং সেটিং। যেমন– অপরিচিত বা সন্দেহজনক লোকজন তাদের অনুপযোগী মেসেজ যেন পাঠাতে না পারে এমন ফিচার।
● ‘হিডেন ওয়ার্ডস অটো অন’ ফিচার, এতে করে পোস্টে অশোভন বা অনাকাঙ্ক্ষিত মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করবে মেটা।
● নিপীড়কদের কাছ থেকে লুকানো অর্থাৎ যেসব অ্যাকাউন্ট টিনএজ ব্যবহারকারীরা আগে ব্লক করেছে তাদের কাছে এমন শিশুবান্ধব বিভিন্ন অ্যাকাউন্ট আর সাজেস্ট করবে না মেটা।
● সার্চ ও কমেন্ট নিয়ন্ত্রণ, এতে সন্দেহজনক ব্যবহারকারীদের জন্য বিভিন্ন অ্যাকাউন্ট সার্চে পাওয়া কঠিন করে দেবে মেটা এবং প্রাপ্তবয়স্কদের সন্দেহজনক মন্তব্যও গোপন রাখবে কোম্পানিটি।
মেটা বলছে, যারা এসব নিয়ম ভাঙবে সেসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ‘জোরালো পদক্ষেপ’ নেওয়া হবে। শিশুদের অ্যাকাউন্টে যৌন মন্তব্য করেছিল বা যৌন ছবি চেয়েছিল এমন এক লাখ ৩৫ হাজারটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এ বছরই মুছেছে কোম্পানিটি। এসব অ্যাকাউন্টের সঙ্গে যোগ রয়েছে এমন আরও পাঁচ লাখ ফেইসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করেছে তারা।
১৩ থেকে ১৮ বছর বয়সী ব্যবহারকারীদের স্বয়ংক্রিয়ভাবে কড়া প্রাইভেসি সেটিংসে রাখতে গত বছর ইনস্টাগ্রামে ‘টিন অ্যাকাউন্ট’ চালু করে মেটা। এরপর ২০২৫ সালের এপ্রিলে ফেইসবুক ও মেসেঞ্জারেও টিন অ্যাকাউন্ট আনে কোম্পানিটি।
কেউ ভুল বয়স দিয়ে প্রাপ্তবয়স্ক সাজছে কি না তা ধরতে বর্তমানে ‘এআইনির্ভর বয়স শনাক্তকরণ প্রযুক্তি’ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে মেটা। ধরা পড়লে সেসব ব্যবহারকারীকে প্রয়োজন হলে টিন অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেবে কোম্পানিটি।
এদিকে, টিনএজ ব্যবহারকারীদের জন্য নিরাপত্তা বিষয়ক তথ্য দেখার আরও সহজ উপায় চালু করেছে মেটা। এখন থেকে টিন ব্যবহারকারীরা কারো সঙ্গে ডিএম-এ চ্যাটিংয়ের সময় ওপরে থাকা ‘সেইফটি টিপস’ আইকনে ট্যাপ করে একটি স্ক্রিন খুলতে পারবেন। এখান থেকে খুব সহজেই ওই ব্যবহারকারীকে রেস্ট্রিক্ট, ব্লক বা রিপোর্ট করতে পারবেন তারা।
ডিএম-এ আরেকটি নতুন ‘ব্লক অ্যান্ড রিপোর্ট’ অপশন চালু করেছে মেটা। যার মাধ্যমে একজন ব্যবহারকারী কেবল একবার ট্যাপ করেই কাউকে একসঙ্গে ব্লক ও রিপোর্ট করতে পারবেন।