আইসল্যান্ডে ‘নিয়ে যাবে’ ন্যাট জিও’র প্রথম ভিশন প্রো অভিজ্ঞতা
হেডসেটটিতে ন্যাট জিও নিজেদের কয়েকটি ভিআর প্রকল্প নিয়ে নতুন করে কাজ করতে পারে, এ সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মিডিয়া জগতের অত্যন্ত পরিচিত নাম ন্যাশনাল জিওগ্রাফিক। সম্প্রতি নিজেদের বড় বাজেটের অনুষ্ঠান “ওয়ান স্ট্রেঞ্জ রক”-এর জন্য ভার্চুয়াল রিয়ালিটি অভিজ্ঞতা, ৩৬০ ডিগ্রি ভিডিও, এমনকি নিজস্ব “স্পেস প্রজেকশন হেলমেট” তৈরি করেছে গণমাধ্যম কোম্পানিটি।
মঙ্গলবার অ্যাপলের ভিআর হেডসেট ভিশন প্রো’র জন্য প্রথম ‘ইমার্সিভ’ বা থ্রিডি অভিজ্ঞতা চালু করেছে ন্যাট জিও। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিশন প্রো’র ‘ডিজনি+’ গ্রাহক সেবা থেকে আইসল্যান্ডের ‘থিংগভেলির ন্যাশনাল পার্ক’ ঘুরে দেখার অভিজ্ঞতা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
এ ছাড়া, ব্যবহারকারীরা এখন বাড়িতে বসেই সাদা তুষার, বিশাল পাহার ও পরিষ্কার নীল আকাশের মধ্যে ‘থ্রিডি’-তে জনপ্রিয় সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জার্স’ দেখার স্বাদ নিতে পারবেন।
এর পাশাপাশি, সাইফাই সিনেমা “এজ অফ আল্ট্রন” ও ‘অ্যান্ট-ম্যান’-এর প্রথম দুটি সংস্করণ যুক্ত হচ্ছে ডিজনি+ এ।
তুষারে ছাওয়া পার্কের মাঝখানে দাঁড়িয়ে থাকার বিষয়টি তেমন রোমাঞ্চকর কিছু না হলেও ভিআর প্রযুক্তির মাধ্যমে আর্কটিক অঞ্চলের পানিতে কায়াকিং করার নতুন এই অভিজ্ঞতা থেকে ইঙ্গিত মিলেছে, ন্যাট জিও ভিশন প্রো’কে একেবারে এড়িয়ে যাচ্ছে না।
এতদিন ‘এনকাউন্টার ডাইনোসরস’ বাদে সত্যিকারের কোনো ইমার্সিভ অভিজ্ঞতা ছিল না অ্যাপলের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট-এ।
হেডসেটটিতে ন্যাট জিও নিজেদের কয়েকটি ভিআর প্রকল্প নিয়ে নতুন করে কাজ করতে পারে, এ সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি ডক্যুমেন্টারি সিরিজ ‘ওয়ান স্ট্রেঞ্জ রক’-এর জন্য বিশেষ ধরনের ‘হেলমেট প্রজেকশন ভিউ’ চালু করার সম্ভাবনাও আছে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
