১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইনটেলের ৫০০ কোটি ডলারের শেয়ার কিনল এনভিডিয়া

‘প্রাইভেট প্লেসমেন্ট’-এর মাধ্যমে ইনটেলের ২১ কোটি ৪৭ লাখেরও বেশি শেয়ার কিনেছে বিশ্বের সবচেয়ে দামী কোম্পানি এনভিডিয়া।

ইনটেলের ৫০০ কোটি ডলারের শেয়ার কিনল এনভিডিয়া
সেপ্টেম্বরে এ চুক্তিটিকে ইনটেলের জন্য বড় ধরনের আর্থিক সমর্থন হিসেবে দেখা হয়েছিল। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 09:38 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

এ বছরের সেপ্টেম্বর এনভিডিয়া ঘোষণা করেছিল, আমেরিকান প্রযুক্তি কোম্পানি ইনটেলের শেয়ার কিনবে তারা। এখন আনুষ্ঠানিকভাবে ৫০০ কোটি ডলার দামের ইনটেল শেয়ার কেনার কথা জানিয়েছে চিপ নির্মাতা মার্কিন কোম্পানিটি।

সেপ্টেম্বরে এনভিডিয়া বলেছিল, ইনটেলের প্রতিটি সাধারণ শেয়ার ২৩ দশমিক ২৮ ডলারে কিনবে।

গত কয়েক বছরের কিছু ভুল পদক্ষেপ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে গিয়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের ফলে ইনটেলের আর্থিক অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে পড়েছিল বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। সে বাস্তবতায় এ সম্ভাবনাকে তখন ইনটেলের জন্য বড় ধরনের আর্থিক সমর্থন হিসেবে দেখা হয়েছিল।

সোমবারের নথি অনুসারে, উল্লিখিত দামেই ‘প্রাইভেট প্লেসমেন্ট’-এর মাধ্যমে ইনটেলের ২১ কোটি ৪৭ লাখেরও বেশি শেয়ার কিনেছে বিশ্বের সবচেয়ে দামী কোম্পানিটি।

প্রাইভেট প্লেসমেন্ট বলতে কোনো কোম্পানি যখন জনসাধারণের কাছে না গিয়ে, কিছু নির্বাচিত ও পরিচিত বিনিয়োগকারীর কাছে সিকিউরিটিজ বা শেয়ার বা বন্ড বিক্রি করাকে বোঝায়।

যুক্তরাষ্ট্রে বড় কোনো কোম্পানিকে অন্য বড় কোনো কোম্পানিতে বিনিয়োগ বা শেয়ার কেনার ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হয়। কারণ, মার্কিন সরকার খতিয়ে দেখে, এর ফলে বাজারে কোনো একচেটিয়া আধিপত্য তৈরি হচ্ছে কি না। 

এ ক্ষেত্রে ডিসেম্বরের শুরুর দিকে মার্কিন ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, ইনটেলে এনভিডিয়ার এই বিনিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা। ফলে এনভিডিয়ার এই বিনিয়োগে কোনো বাধা নেই।

ইনটেলের শেয়ার কেনার খবর প্রকাশের পর প্রিমার্কেট লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম এক দশমিক তিন শতাংশ কমেছে। 

অন্যদিকে, ইনটেলের শেয়ারের দামে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।