Published : 15 Jul 2025, 10:58 PM
প্রতিযোগিতা শেষে আয়োজকরা যখন আমন্ত্রিত অতিথিদের হাত থেকে সনদ ও মেডেল নেওয়ার জন্য এক এক করে বিজয়ীদের নাম ডাকছিলেন, উল্লাস করে উঠছিলেন সহপাঠীরা।
একদিকে নিজের স্কুল বা কলেজ থেকে কতজন বাছাই পর্ব পেরিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেই টালি মেলানোর সঙ্গে সঙ্গে নিজেদের অনুমিত ফলাফলও মিলিয়ে নিচ্ছিলেন ক্ষুদে মহাকাশ বিজ্ঞানীরা।
টাঙ্গাইল শহরের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজে সোমবার আয়োজিত এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াডের টাঙ্গইল পর্বের বাছাই যতটা না প্রতিযোগিতা ছিল, তার চেয়েও যেন বেশি ছিল উচ্ছাস।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের উদ্যোগে স্কুল-কলেজ পর্যায়ের ছাত্র/ছাত্রীদের জন্য জ্যোতির্বিজ্ঞান বিষয়ক কর্মসূচী ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড চলছে। এরই অংশ হিসাবে সোমবার অনুষ্ঠিত হল টাঙ্গাইল অঞ্চলের বাছাই কার্যক্রম।
এ বাছাই পর্ব থেকে জুনিয়র ও সিনিয়র উভয় গ্রুপ থেকে ১০ জন করে মোট ২০ জন ২৬ জুলাই যাচ্ছেন ঢাকায় জাতীয় বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে।
ফলাফলে বাজিমাত করেছে ঘটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। দুই গ্রুপ মিলে বাছাই হওয়া ২০ জনের মধ্যে আট জনই এ শিক্ষা প্রতিষ্ঠানের। অপরদিকে যে স্টেম বিষয়ে (স্টেম - সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও ম্যাথমেটিক্সের সংক্ষিপ্ত রূপ) মেয়েদের অংশগ্রহন গোটা বিশ্বেই কম, সিনিয়র বিভাগে তার ব্যতিক্রম ঘটিয়ে বাছই ১০ জনের মধ্যে ছয় জনই ছাত্রী।
এবারে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর হতে যাচ্ছে।
সারা দেশ থেকে প্রথম রাউন্ডে উত্তীর্ণ তিনশ ছাত্র-ছাত্রীকে নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা এবং সর্বশেষে আয়োজিত হবে তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প। নির্বাচিত শীর্ষ ৩০জন প্রতিযোগী এই পর্বে অংশ নেবেন।
ক্লোজড ক্যাম্পের শেষদিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা শেষে প্রথম পাঁচজন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই পাঁচজন এ বছর ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিতব্য ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। পাশাপাশি ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।