৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মাইক্রোসফট টিমসে এলো নতুন এআই ‘চ্যানেল এজেন্ট’

এজেন্টকে মিটিং বা গ্রুপ চ্যাটে আমন্ত্রণ জানানো যাবে। এটি আলাপচারিতা, মিটিংয়ের কনটেন্ট ও প্ল্যানার বোর্ড ব্যবহার করে বিভিন্ন কাজ করবে।

মাইক্রোসফট টিমসে এলো নতুন এআই ‘চ্যানেল এজেন্ট’
ফিচারটি একটি প্রোডাক্টিভিটি কেন্দ্রিক এআই সফটওয়্যার। ছবি: মাইক্রোসফট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 03:59 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

কর্পোরেট দুনিয়ায় যোগাযোগের ক্ষেত্রে নিঃসন্দেহে অন্যতম জনপ্রিয় টুল। ব্যবহারকারীদের অভিজ্ঞতা বাড়াতে কোম্পানিটি নিয়মিত নতুন ফিচার যুক্ত করে চলছে। 

মিটিংয়ে অডিও রিক্যাপ কিংবা অ্যামাজন ওয়ার্কস্পেসে উন্নত অভিজ্ঞতার পর এবার মাইক্রোসফট ঘোষণা করেছে টিমসে বিশেষভাবে তৈরি একটি ‘চ্যানেল এজেন্ট’ উন্মুক্ত করবে।

নতুন এ ফিচারটি আসলে একটি প্রোডাক্টিভিটি কেন্দ্রিক এআই সফটওয়্যার বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘নিওউইন’। এটি স্বয়ংক্রিয়ভাবে টিমস চ্যানেলের বিভিন্ন ক্লান্তিকর কাজ সামলাবে। কোনো ব্যবহারকারী যখন নতুন একটি চ্যানেল তৈরি করবেন, তখন স্বয়ংক্রিয়ভাবে সেই নামের একটি এজেন্ট সেখানে যুক্ত হয়ে যাবে। 

শুধু তাই নয়, চ্যানেল এজেন্টকে মিটিং বা গ্রুপ চ্যাটে আমন্ত্রণ জানানো যাবে। এখানে এটি আলাপচারিতা, মিটিংয়ের কনটেন্ট ও প্ল্যানার বোর্ড ব্যবহার করে ব্যবহারকারীর পক্ষ থেকে বিভিন্ন কাজ করবে।

চ্যানেল এজেন্টের কাজের পরিধি বেশ বিস্তৃত। এটি চ্যানেল ও মিটিং কার্যকলাপ থেকে লুপ রিপোর্ট তৈরি করতে পারে, চ্যানেলের কনটেন্ট, প্ল্যানার বোর্ড ও ওয়েবের ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে পারে। 

এ ছাড়া প্ল্যানারে টাস্ক স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ট্র্যাক করতে পারে, অ্যাকশন আইটেম অনুযায়ী আপডেট করতে পারে, এমনকি ব্যবহারকারীর ইনপুট কাজে লাগিয়ে নতুন মিটিংও শিডিউল করতে পারে। 

দীর্ঘ আলোচনা থেকে সারসংক্ষেপ তৈরি, প্রজেক্ট সাজানো বা মিটিংয়ের ভিত্তিতে অ্যাকশন আইটেম নির্ধারণে এটি বিশেষভাবে কার্যকর হবে। 

বর্তমান চ্যানেল সদস্যরা চাইলে সহজেই ডান দিকের উপরের অংশে থাকা ‘অ্যাড এজেন্টস অ্যান্ড বটস’ অপশন থেকে চ্যানেল এজেন্ট যুক্ত করতে পারবেন। একই মেনু থেকে এটি সরানোও সম্ভব। পাশাপাশি আইটি অ্যাডমিনদের জন্য রয়েছে পুরোপুরি ফিচার বন্ধ করার সুবিধা।

তবে কিছু সীমাবদ্ধতাও আছে। চ্যানেল এজেন্টকে অন্য কোনো চ্যানেল বা ওয়ান টু ওয়ান চ্যাটে যোগ করা যায় না। এ ছাড়া যাদের কাছে চ্যানেলের পূর্ণ চ্যাট ‘হিস্ট্রি’তে প্রবেশাধিকার নেই তারা এজেন্ট যোগ করতে পারবেন না, আর এই ফিচার ব্যবহার করতে হলে অবশ্যই ‘মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট’ লাইসেন্স থাকতে হবে। 

বর্তমানে এই নতুন ফিচারটি উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব প্ল্যাটফর্মে পাবলিক প্রিভিউ হিসেবে এসেছে।