১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের অনুরোধেই চীন সফরে এসেছি: এনভিডিয়া প্রধান

হোয়াইট হাউজের প্রকাশিত তালিকায় হুয়াংয়ের নাম না থাকায় বেশ আলোচনা তৈরি হয়েছিল; মঙ্গলবার নাটকীয়ভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে তার নাম যোগ হয়।

ট্রাম্পের অনুরোধেই চীন সফরে এসেছি: এনভিডিয়া প্রধান
এনভিডিয়া প্রধান হুয়াং সাংবাদিকদের বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আমাকে এ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।” ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 05:26 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

মার্কিন চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আমন্ত্রণেই তিনি বেইজিং সফরে তার সঙ্গী হয়েছেন।

চীন সফরের প্রাথমিক তালিকায় নাম না থাকলেও শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের ‘ব্যক্তিগত অনুরোধে’ যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে যুক্ত হন হুয়াং। 

চীনে পৌঁছে এনভিডিয়া প্রধান সাংবাদিকদের বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই আমাকে এ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।”

ইলন মাস্ক ও টিম কুকের মত শীর্ষ প্রযুক্তি কোম্পানির নির্বাহীরও যোগ দিয়েছেন বেইজিংয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘চায়না সামিটে’। 

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি লিখেছে, তাদের উপস্থিতিতে এ সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ‘নতুন সমীকরণের’ ইঙ্গিত দিচ্ছে।

হোয়াইট হাউজ সোমবার ট্রাম্পের সফরসঙ্গীদের যে তালিকা প্রকাশ করেছিল, তাতে হুয়াংয়ের নাম না থাকায় বেশ আলোচনা তৈরি হয়। তবে মঙ্গলবার নাটকীয়ভাবে উচ্চপর্যায়ের প্রতিনিধি দলে তার নাম যোগ হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুয়াং বলেন, “অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করা ও মানব ইতিহাসের অন্যতম এ গুরুত্বপূর্ণ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে থাকা আমার জন্য বড় সুযোগ।

“প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ব্যক্তিগতভাবে চমৎকার সম্পর্ক রয়েছে। এ সুসম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে আরও দৃঢ় ও উন্নত অংশীদারত্ব গড়ে তোলা সম্ভব।”

প্রতিনিধি দলে হুয়াংয়ের নাম না থাকা নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে ট্রাম্প নিজেই এনভিডিয়া প্রধানকে ফোন করে এ সফরে যোগ দিতে বলেন।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সিএনবিসি লিখেছে, ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে হুয়াং আলাস্কায় গিয়ে পৌঁছান এবং সেখান থেকে প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে ওঠেন।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প নিশ্চিত করেন, হুয়াং তার সঙ্গেই এয়ার ফোর্স ওয়ানে রয়েছেন।

এ সফরে এনভিডিয়া প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি–এমন খবরও অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। 

বেইজিং সফরের মূল আলোচ্য বিষয় দুদেশের বাণিজ্য। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, মার্কিন কোম্পানিগুলোর জন্য চীনের বাজার উন্মুক্ত করে দেওয়াই হবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে তার ‘প্রথম অনুরোধ’।

মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের দলের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “প্রেসিডেন্ট শি একজন অসাধারণ নেতা, আমি তাকে অনুরোধ করব, তিনি যেন চীনের দুয়ার আরও উন্মুক্ত করে দেন, যাতে আমাদের এ মেধাবী মানুষগুলো তাদের অসাধারণ মেধার প্রতিফলন ঘটাতে এবং চীনকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করতে পারেন!”

এ প্রতিনিধি দলে টেসলার সিইও ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, ব্ল্যাকরকের ল্যারি ফিঙ্ক ও বোয়িংয়ের কেলি ওর্টবার্গসহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন।

সম্মেলন নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে হুয়াং বলেন, “আজ সকালের অনুষ্ঠানটি ছিল খুবই উৎসাহব্যঞ্জক। প্রেসিডেন্ট শি ও প্রেসিডেন্ট ট্রাম্প উভয়ই অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এবং আমাদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।”