১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ওয়াটসঅ্যাপে এল এআই চালিত ‘রাইটিং অ্যাসিসট্যান্ট’

ফিচারে ব্যবহারকারী এবং যার সঙ্গে কথা বলছেন তার বাইরে আর কেও ব্যক্তিগত মেসেজ দেখতে বা শেয়ার করতে পারবে না।

ওয়াটসঅ্যাপে এল এআই চালিত ‘রাইটিং অ্যাসিসট্যান্ট’
টেক্সট লেখার সময় ফিচারটি বিভিন্ন ভঙ্গিতে লেখার পরামর্শ দেবে। ছবি: ওয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2025, 06:34 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ওয়াটসঅ্যাপ নিয়ে মেটার নানান পরীক্ষা-নিরীক্ষা চলছেই। এআইয়ের জোয়ারে অ্যাপটিকে টিকিয়ে রাখতে এবার ‘রাইটিং অ্যাসিস্ট্যান্ট’ নামে নতুন এক ফিচার আনছে কোম্পানিটি। এআইয়ের মাধ্যমে কাজ করা ফিচারটি মেসেজ লেখার সময় বিভিন্ন ভঙ্গিতে লেখায় পরামর্শ দেবে।

ফিচারটি ব্যবহার করতে হলে নতুন যুক্ত হতে যাওয়া ‘পেন্সিল’ আইকনে চাপতে হবে। এরপর বাকীটা সামলে নেবে এআই। তবে আপাতত ফিচারটি শুধু ইংরেজি ভাষায় এবং যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। 

চলতি বছরের মধ্যেই অন্যান্য ভাষা এবং দেশে এটি চালুর পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিটি। 

তবে প্রশ্ন উঠেছে প্রাইভেসি নিয়ে। ওয়াটসঅ্যাপের মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হলেও এআই কোয়েরিগুলো সাধারণত ক্লাউড ডেটা সেন্টারে পাঠানো হয়।

ওয়াটসঅ্যাপ বলছে, ফিচারটি তৈরি হয়েছে মেটার নিজস্ব প্রাইভেট প্রসেসিং প্রযুক্তির ওপর ভিত্তি করে। 

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মেটা এআই ব্যবহার করতে পারবেন কিন্তু কেউই তাদের মূল মেসেজ বা এআইয়ের তৈরি করে দেওয়া মেসেজ পড়তে পারবেন না। এটি অনেকটা অ্যাপলের ‘প্রাইভেট ক্লাউড কম্পিউটার’ প্রযুক্তির মতোই কাজ করে।

মেটার দাবি, এ প্রযুক্তি ওয়াটসঅ্যাপের প্রধান প্রাইভেসি প্রতিশ্রুতি অটুট রাখবে অর্থাৎ ব্যবহারকারী এবং যার সঙ্গে কথা বলছেন তার বাইরে আর কেউ ব্যক্তিগত মেসেজ দেখতে বা শেয়ার করতে পারবে না।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, প্রাইভেসির দিক থেকে নিশ্চয়তা থাকলেও ফিচারটির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রায় সব প্ল্যাটফর্মেই এখন বিভিন্নভাবে এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তাই ওয়াটসঅ্যাপের এ সেবায় বিশেষ কী সুবিধা মিলবে তা এখনও পরিষ্কার নয়।

ফিচারটি হয়ত কারও কারও কাছে উপকারী হতে পারে তবে সবার জন্য তা সমানভাবে জরুরি না-ও হতে পারে।