১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রযুক্তি আইনকে দুষে ইউরোপে এআই ফিচারের প্রকাশ পেছাল অ্যাপল

“একটি সমাধান খুঁজে বের করার জন্য আমরা ইউরোপীয় কমিশনের সঙ্গে কাজ করবো, যা গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে আপোস না করেই, এ ফিচার প্রকাশে সাহায্য করবে।”

প্রযুক্তি আইনকে দুষে ইউরোপে এআই ফিচারের প্রকাশ পেছাল অ্যাপল
ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 02:08 PM

Updated : 26 Aug 2026, 09:50 AM

ইউরোপ অঞ্চলে তিনটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারের উন্মোচন পেছাচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। এ সিদ্ধান্তের পেছনে কোম্পানিটি দুষছে ইইউ’র নতুন প্রযুক্তি আইনকে।

সম্প্রতি প্রযুক্তি খাতের ছোট কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে ‘ডিএমএ’ আইন প্রবর্তন করে ইইউ। ব্যবহারকারীরা যেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট ব্রাউজার বা অ্যাপ স্টোরে প্রতিযোগিতামূলক অনলাইন পরিষেবাগুলো নিজেদের ইচ্ছা অনুসারে বেছে নিতে পারেন, টেক জায়ান্টদের সেটি নিশ্চিতে বাধ্য করে এ আইন।

ডিএমএ আইনটির কারণেই অ্যাপল শুক্রবার এমন সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

এ মাসের শুরুতে নিজস্ব নির্মাতা সম্মেলনে আইফোন ও অন্যান্য ডিভাইসের বিক্রি বাড়াতে বেশ কিছু নতুন ফিচার, সফটওয়্যার এনেছে অ্যাপল। পাশাপাশি, কোম্পানির কড়া নজর ছিল এআই প্রযুক্তিতে।

সে সময়ে কোম্পানিটি বলেছিল, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইপ্যাড ও এম১ চিপওয়ালা ম্যাক-এ প্রকাশ পেতে যাচ্ছে অ্যাপল ইন্টেলিজেন্স, যা পাঠ্য, ছবি, কমান্ড ও বিভিন্ন বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। উদাহরণ হিসেবে, প্রকাশের অপেক্ষায় থাকা ‘ম্যাকওএস সিকোয়্যা’-এর ‘আইফোন মিররিং’ ফিচারটির মাধ্যমে, আইফোনের স্ক্রিন ম্যাক পিসিতে দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

ইইউ’র ডিজিটাল মার্কেটস অ্যাক্টের কারণে ‘ফোন মিররিং’, ‘শেয়ারপ্লে’, ‘স্ক্রিন শেয়ারিং’ এ তিনটি ফিচারসহ অ্যাপল ইন্টেলিজেন্স ইইউ অঞ্চলে এ বছর প্রকাশ পাচ্ছে না বলে শুক্রবার জানিয়েছে আইফোন নির্মাতা কোম্পানিটি।

“আমরা উদ্বিগ্ন এ কারণে যে, ডিএমএ আইনের ‘ইন্টারঅপারেবিলিটি’র (বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে ব্যবহার) প্রয়োজনীয়তার জন্য পণ্য নিয়ে আমরা নৈতিক অবস্থানের বিষয়ে আপোস করতে বাধ্য হতে পারি, যা ব্যবহারকারীর প্রাইভেসি ও তথ্যকে হুমকির মুখে ফেলে দেবে।” – এক ইমেইলের মাধ্যমে অ্যাপল জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

“একটি সমাধান খুঁজে বের করার জন্য আমরা ইউরোপীয় কমিশনের সঙ্গে কাজ করবো, যা গ্রাহকদের নিরাপত্তার সঙ্গে আপোস না করেই, এ ফিচার প্রকাশে সাহায্য করবে।”