১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

১ লাখ কর্মী চাকরি হারাচ্ছেন ফোক্সভাগেন থেকে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও চীনা গাড়ির বিক্রির প্রভাবকে কারণ দেখিয়ে আগেই ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল ফোক্সভাগেন।

১ লাখ কর্মী চাকরি হারাচ্ছেন ফোক্সভাগেন থেকে
ছাঁটাইয়ের পাশাপাশি চারটি কারখানাও বন্ধ করতে যাচ্ছে এ অটো জায়ান্টটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 08:56 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

৮৯ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ হিসেবে জার্মানির কারখানাগুলো থেকে প্রায় ১ লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ইউরোপের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানি ফোক্সভাগেন।

বিদ্যুচ্চালিত গাড়ির মন্দা চাহিদা ও বিশ্ববাজারে প্রতিযোগিতার মুখে টিকতে এই বড় ছাঁটাইয়ের পাশাপাশি চারটি কারখানাও বন্ধ করতে যাচ্ছে অনেকগুলো শীর্ষ অটোমোবাইল ব্র্যান্ডের এই মালিক কোম্পানি।

আগামী বছরগুলোতে জার্মান কারখানাগুলো থেকে এক লাখ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কোম্পানিটি, যা বিশ্বজুড়ে তাদের মোট কর্মীর প্রায় ১৫ শতাংশ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

জার্মান বাণিজ্য সাময়িকী ‘ম্যানেজার ম্যাগাজিন’ এ তথ্য জানিয়েছে।

এ বড় পরিবর্তনের অংশ হিসেবে নিজেদের হ্যানোভার, জুইকাউ, এমডেন ও আউডি নেকারসুলম কারখানায় উৎপাদন বন্ধ করে দেবে ফোক্সভাগেন।

স্যাক্সনিতে অবস্থিত জুইকাউ কারখানাটিকে সম্প্রতি কোম্পানির ফোক্সভাগেন, আউডি ও কুপ্রা ব্র্যান্ডের ছয়টি ইভি মডেলের জন্য একটি বিদ্যুচ্চালিত গাড়ি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করেছিল। ইভির চাহিদা কম থাকার কারণে এ কারখানাটিতে এরইমধ্যে বেশ কয়েকবার উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ও চীনা গাড়ির বিক্রির প্রভাবকে কারণ দেখিয়ে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছিল ফোক্সভাগেন।

২০২৪ সালের শেষদিকে হওয়া এক চুক্তিতে ফোক্সভাগেনের শ্রমিক ইউনিয়নগুলো এ শর্তে ওই ছাঁটাইয়ে সম্মতি দিয়েছিল যে, গাড়ি নির্মাতা কোম্পানিটি অন্তত ২০৩০ সাল পর্যন্ত আর কোনো নতুন কর্মী ছাঁটাই বা কারখানা বন্ধ করবে না।

সেই চুক্তি থাকার পরও এখন নিজেদের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ব্যাপকহারে বাড়িয়ে দিয়েছে ফোক্সভাগেন।

কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, “এ ছাঁটাইয়ের কারণে ব্র্যান্ড ও সহযোগী কোম্পানিসহ পুরো দলকেই আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে।”

তবে ‘অভ্যন্তরীণ ও গোপন নথি থেকে পাওয়া’ অন্য কোনো বিষয়ে মন্তব্য করতে ফোক্সভাগেন অস্বীকৃতি জানিয়েছে বলে যোগ করেছেন ওই মুখপাত্র। 

এ ছাঁটাই ও কারখানা বন্ধের পরিকল্পনার বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছে গাড়ি নির্মাতা কোম্পানিটির শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন প্রতিনিধি সংগঠন।

‘আইজি মেটাল’ ইউনিয়ন ও ‘জেনারেল ওয়ার্কস কাউন্সিল’ যৌথ এক বিবৃতিতে বলেছে, “এই ধরনের পরিকল্পনা যদি জোরপূর্বক কার্যকরের চেষ্টা করা হয় তবে আমাদের সমস্ত শক্তি দিয়ে তা আমরা ঠেকাব।”