০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?

অ্যাপলের এ নতুন উৎপাদন পদ্ধতি, বিশেষ করে অ্যাপল ওয়াচের কেসিং ও আইফোনের বডি তৈরির প্রক্রিয়া বদলে দিতে পারে।

ভবিষ্যতের আইফোন ও অ্যাপল ওয়াচ হবে থ্রিডি প্রিন্টেড?
থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে অ্যাপলের কাজ এবারই প্রথম নয়। ছবি: অ্যাপল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 04:14 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

ভবিষ্যতে অ্যাপল পণ্য তৈরির প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসতে পারে। উৎপাদন খরচ কমাতে ও কার্যকারিতা বাড়াতে আইফোন ও অ্যাপল ওয়াচের অ্যালুমিনিয়াম বডি তৈরিতে সম্ভবত থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি  বিবেচনা করছে অ্যাপল।

মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, ডিভাইসে এখন অ্যালুমিনিয়াম থ্রিডি প্রিন্ট করার উপায় খুঁজছে কোম্পানিটি। আইফোন ও অ্যাপল ওয়াচ তৈরির প্রক্রিয়াকে আরও সাশ্রয়ী ও দক্ষ করে তুলতেই সম্ভবত নতুন এ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে তারা।

অ্যাপলের এ নতুন উৎপাদন পদ্ধতি, বিশেষ করে অ্যাপল ওয়াচের কেসিং ও আইফোনের স্যালি বা বডি তৈরির প্রক্রিয়া বদলে দিতে পারে। তবে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে অ্যাপলের কাজ এবারই প্রথম নয়।

এর আগেও ওয়াচ আল্ট্রা ৩ ও সিরিজ ১১-এর কিছু অংশ তৈরিতে থ্রিডি প্রিন্টেড টাইটানিয়াম ব্যবহার করেছে অ্যাপল, যা ছিল ১০০ শতাংশ রিসাইকেল বা পুনরায় ব্যবহার করা যায়।

সম্প্রতি বাজারে আসা আইফোন এয়ার-এর টাইটানিয়াম ইউএসবি-সি পোর্ট তৈরিতেও এ প্রযুক্তির ব্যবহার ছিল। দাবি করা হচ্ছে, এ প্রক্রিয়ায় তৈরি বিভিন্ন পোর্ট আগের চেয়ে অনেক পাতলা, মজবুত ও পরিবেশবান্ধব।

থ্রিডি প্রিন্টেড অ্যালুমিনিয়াম নিয়ে অ্যাপল বর্তমানে কাজ করলে তা কোম্পানিটির সার্বিক উৎপাদন খরচ কমাতে এবং আইফোনের বেইজ মডেলের দামও কমে আসার সম্ভাবনা তৈরি করতে পারে।

অ্যাপলের সদ্য ঘোষিত ‘ম্যাকবুক নিও’তে কোম্পানিটি নতুন এক উৎপাদন পদ্ধতির  প্রয়োগ করেছে, যা অ্যালুমিনিয়ামের ব্যবহার কমাবে। এ বিষয়টিই তাদের নতুন এন্ট্রি-লেভেল ল্যাপটপটির শুরুর দাম ৫৯৯ ডলারে নামিয়ে আনতে সাহায্য করেছে।

রঙিন ম্যাকবুক নিও’র মতো অ্যাপল এ বছরের শেষদিকে তাদের নতুন আইম্যাক উন্মোচনের সময় একটি ‘রিফ্রেশড কালার প্যালেট’ বা নতুন রঙের সমাহার ব্যবহারেরও পরিকল্পনা করছে।