Published : 13 Oct 2025, 12:35 PM
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম শিঘ্রই টিভির পর্দা দখল নিতে চলেছে। মেটা তাদের ভিডিও কনটেন্ট আরও সম্প্রসারণের অংশ হিসেবে ইনস্টাগ্রামের জন্য একটি নির্দিষ্ট টিভি অ্যাপ চালু করার পরিকল্পনা করছে।
ব্লুমবার্গ স্ক্রিনটাইম কনফারেন্সে ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মসেরি এ পরিকল্পনার কথা প্রকাশ করেন।
এই নতুন অ্যাপের মাধ্যমে রিলসের মত ভার্টিকাল ভিডিও এখন টিভিতেও দেখা যাবে। ব্যবহারকারীরা তাদের সোফায় বসে টিভির বড় পর্দায় স্ক্রল করে রিল দেখতে পারবেন যেভাবে এখন ফোনে দেখা হয়।
মসেরি বলেন, “যদি দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট টিভিতে দেখতে শুরু করেন তাহলে ইনস্টাগ্রামও চায় সব প্রাসঙ্গিক ডিভাইসে আকর্ষণীয়ভাবে উপস্থিত হতে।” এ সময় তিনি এটা কয়েক বছর আগেই শুরু না করায় আক্ষেপ করেন।
তবে এই টিভি অ্যাপের মাধ্যমে নেটফ্লিক্সের মতো এক্সক্লুসিভ কনটেন্ট বা স্পোর্টস শো দেখা যাবে না। ইনস্টাগ্রাম এখনই কোনো স্পোর্টস শো বা হলিউড কনটেন্ট কেনার পরিকল্পনা করছে না বরং তাদের মূল লক্ষ্য থাকবে ইউজারদের তৈরি ভিডিও কনটেন্টের দিকেই।
প্রযুক্তি সাইট ডিজিটালট্রেন্ডস লিখেছে, এই টিভি অ্যাপই হতে পারে ইনস্টাগ্রামের জন্য ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতার নতুন অস্ত্র। টেলিভিশনের জগতে এতদিন ধরে ইউটিউবই ছিল একচ্ছত্র আধিপত্যকারী কিন্তু ইনস্টাগ্রামের এই পদক্ষেপ হয়তো সেই একচেটিয়া অবস্থান নড়বড়ে করতে পারে।
বর্তমানে ইনস্টাগ্রাম ধীরে ধীরে একটি ফটো অ্যাপ থেকে ভিডিও প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে। বিশ্বজুড়ে তাদের মাসিক ব্যবহারকারী এখন প্রায় তিনশ কোটি এবং ভিডিও ইনস্টাগ্রামের কেন্দ্রবিন্দু। এমনকি তারা নতুন আসা আইপ্যাড অ্যাপটিও এমনভাবে ডিজাইন করেছে যাতে খুললেই সরাসরি রিলস পেইজটি আসে।
যদি ইনস্টাগ্রামের টিভি অ্যাপ পরীক্ষাটি সফল হয় তাহলে সোশাল মিডিয়া ও প্রচলিত টেলিভিশনের মধ্যে পার্থক্য আরও কমে আসতে পারে। ভবিষ্যতে হয়তো মানুষ ইউটিউব, নেটফ্লিক্স আর ইনস্টাগ্রামের মধ্যে চ্যানেল পাল্টানোর মতো করে ঘুরে বেড়াবে।
ক্রিয়েটরদের জন্য বড় পর্দায় উচ্চমানের ভিডিও দেখানো এবং আরও বড় পরিসরে দর্শক পাওয়ার সম্ভাবনায় এটি এক নতুন সুযোগ তৈরি করবে।
অন্যদিকে, মেটার জন্য এটি হতে পারে ব্যবহারকারীদের আরও দীর্ঘ সময় পর্দায় ধরে রাখার কৌশল।
তবে ইনস্টাগ্রামের সামনে একটি বড় চ্যালেঞ্জ রয়েই গেছে। ভার্টিকাল ভিডিওকে ওয়াইডস্ক্রিন টিভিতে মানানসইভাবে দেখানো কীভাবে সম্ভব হয় সেটিই এখন দেখার বিষয়।