Published : 06 Sep 2026, 10:14 AM
প্রচলিত একঘেয়ে কালো ও আয়তাকার স্মার্টফোনের বাজারের চিরায়ত ধারা ভেঙে এবার সম্পূর্ণ নতুন এক ডিভাইস নিয়ে হাজির হয়েছে ফোন নির্মাতা কোম্পানি ইউলেফনের সাব-ব্র্যান্ড রাগওয়ান।
কোম্পানিটির নতুন ফোন ‘রাগওয়ান এক্সস্ন্যাপ ৭ প্রো’ কেবল যে শক্তিশালী আর টেকসই, তাই নয়, সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি এতে রয়েছে চুম্বকওয়ালা এমন ক্যামেরা ইউনিট, যা স্মার্টফোন থেকে আলাদাও করা যাবে।
এ সুবিধা যে কোনো অ্যাকশন ক্যামেরার মতো দারুণভাবে কাজ করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
জার্মানির বার্লিনে আয়োজিত প্রযুক্তি মেলা ‘আইএফএ ২০২৬’-এ ডিভাইসটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হতে দেখা গেছে। প্রায় কিউব আকৃতির ক্যামেরা মডিউলটির ওজন কেবল ৩৯ গ্রাম ও সর্বোচ্চ ২.৭কে রেজুলিউশনে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমে ভিডিও ধারণ করতে পারে।
বাজার কাঁপানো আধুনিক গোপ্রো ক্যামেরার সরাসরি বিকল্প হয়ে উঠছে না এই ফোনটি। তবে স্মার্টফোনের সঙ্গে এমন অ্যাকশন ক্যামেরা যোগের ধারণাটি বেশ সাড়া ফেলেছে।
রাগওয়ানের ভাষ্য, ক্যামেরা মডিউলটি একবার সম্পূর্ণ চার্জে একটানা প্রায় ৪০ মিনিট পর্যন্ত সচল থাকতে পারে এবং এতে ৬৪ জিবি বিল্ট-ইন স্টোরেজ দেওয়া হয়েছে।
ডিভাইসটি ৫০ মিটার দূর পর্যন্ত রাগওয়ানের নিজস্ব কম্পানিয়ন অ্যাপে লাইভ প্রিভিউ ফিড সম্প্রচার করতে পারবে। ফোনের সফটওয়্যারে যোগ হয়েছে বেশ কিছু আধুনিক সুবিধা, যার মধ্যে রয়েছে ডিস্টরশন কারেকশন, হরাইজন লক ও ‘ফ্রিফ্রেম’ শুটিং মোড।
ফ্রিফ্রেম মোডটি পুরো ক্যামেরা সেন্সর এলাকা জুড়ে ভিডিও ধারণ করে। ফলে ব্যবহারকারী প্রয়োজন অনুসারে যে কোনো সময় ফুটেজটিকে লম্বালম্বি বা আড়াআড়ি ফরম্যাটে ক্রপ করে নিতে পারবেন।
অতিরিক্ত কোনো প্রোটেক্টিভ কেইস বা সুরক্ষা আবরণ ছাড়াই ক্যামেরাটি পানির নিচে পাঁচ মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ থাকে।
নির্মাতা কোম্পানিটি এ স্মার্টফোনের সঙ্গে একটি ম্যাগনেটিক পেন্ড্যান্ট বা লকেট দেবে, যার সাহায্যে ক্যামেরাটি দেহের সঙ্গে ঝুলিয়ে বা আটকে সহজেই ভিডিও ধারণ করা সম্ভব।
পাশাপাশি ইউনিভার্সাল মাউন্ট সমর্থন করে এমন যে কোনো থার্ড-পার্টি অ্যাক্সেসরির সঙ্গেও অনায়াসে ব্যবহার করা যাবে।
রাগওয়ানের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটিতে অ্যাকশন ক্যামেরার পাশাপাশি রয়েছে শক্তিশালী মূল ক্যামেরা ও দুর্দান্ত সব প্রযুক্তিগত স্পেসিফিকেশন।
‘রাগওয়ান এক্সস্ন্যাপ ৭ প্রো’ ফোনটিতে অপটিক্যাল ইমেইজ স্ট্যাবিলাইজেশন সুবিধাওয়ালা একটি ৫০ মেগাপিক্সেলের ‘এআই মেইন ক্যামেরা’ যোগ করেছে কোম্পানিটি।
এ ছাড়া এতে রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের ইনফ্রারেড নাইট-ভিশন ক্যামেরা ও আইআর এলইড লাইট, যা রাতের বেলা বন্যপ্রাণী বা যে কোনো অন্ধকার দৃশ্যেও ‘স্পষ্ট সাদাকালো ডিটেইল’ ধারণ করতে পারবে।
একটি রাগড অ্যাকশন ক্যামেরার পাশাপাশি ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ডিসপ্লে, যা ১৭০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে।
হুডের নিচে পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ‘মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০টিন’ প্রসেসর। ফোনটির স্থায়িত্ব বা দীর্ঘস্থায়িত্বের দিকটিও বেশ শক্তপোক্ত। এতে রয়েছে ‘আইপি৬৮’ ও ‘আইপি৬৯কে’ রেটিং।
ফলে ফোনটি দুই মিটার গভীর পানিতে টানা ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে ও দেড় মিটার উচ্চতা থেকে কংক্রিটের ওপর পড়ে গেলেও সুরক্ষিত থাকে।
এ বছরের শুরুতে ‘এমডব্লিউসি ২০২৬’-এ প্রোটোটাইপ হিসেবে ডিভাইসটি আংশিক দেখানো হলেও ফোনটি বার্লিনের আইএফএ মেলাতেই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করছে।
আগামী ৭ সেপ্টেম্বর থেকে কিকস্টার্টারের আর্লি-বার্ড প্রি-অর্ডার শুরু হবে, যেখানে ডিসকাউন্ট দামে ফোনটি ৭৯৯ ইউরোতে বা প্রায় ৯৩০ ডলার কেনা যাবে।
এরপর অক্টোবর থেকে অ্যামাজন ও রাগওয়ানের অফিশিয়াল অনলাইন স্টোর থেকে বিশ্বজুড়ে ফোনটি নিয়মিত মূল্যে বিক্রি শুরু হবে। ‘স্যান্ড ডিউন’ ও ‘ক্লাসিক ব্ল্যাক’ এ দুটি রঙে ফোনটির দাম পড়বে ৯৯৯ ডলার।