Published : 10 Aug 2025, 05:10 PM
ইউরোপের কিছু পুরানো কয়লা ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের জন্য নতুন ভষ্যিতের দুয়ার খুলেছে। এসব বিদ্যুৎকেন্দ্রকে ডেটা সেন্টারে পরিণত করার পরিকল্পনা করছে মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় বিভিন্ন মার্কিন প্রযুক্তি কোম্পানি।
মূল কারণ হচ্ছে, এসব বিদ্যুৎকেন্দ্রে আগে থেকেই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এআইয়ের কারণে বাড়তি বিদ্যুৎ চাহিদা থেকে লাভবান হতে চাইছে ফ্রান্সের ‘ইঞ্জি’, জার্মানির ‘আরডব্লিউই’ ও ইতালির ‘ইনেল’-এর মতো বিভিন্ন কোম্পানি। পুরানো বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে ডেটা সেন্টারে রূপান্তর করে এসব কেন্দ্রের পরিচালকদের সঙ্গে লাভজনক উপায়ে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তির পরিকল্পনাও করছে তারা।
পুরানো বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়ার বড় খরচ পুষিয়ে নিতে ও ভবিষ্যতে পরিবেশবান্ধব জ্বালানি প্রকল্পে বিনিয়োগের সম্ভাব্য সুযোগ তৈরিতে ডেটা সেন্টার গড়ে তোলার বিকল্পটি বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির জন্য কার্যকর উপায় হিসেবে কাজ করছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এসব বিদ্যুৎকেন্দ্রকে দ্রুত বিদ্যুৎ গ্রিডের সংযোগ ও পানিনির্ভর কুলিং সুবিধা পাওয়ার সহজ উপায় হিসেবে দেখছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি, কারণ এআই শিল্পের এই দুইটি জিনিসই দ্রুত সময়ে পাওয়া এখন বড় বাধা।

মাইক্রোসফটের জ্বালানি বিভাগের ভাইস প্রেসিডেন্ট ববি হোলিস বলেছেন, “বিদ্যুৎকেন্দ্রের মতো জায়গায় আপনার কাছে সব উপাদানই রয়েছে, বিশেষ করে পানি অবকাঠামো ও তাপ ব্যবস্থাপনা, যেগুলো একসঙ্গে মিলেই কাজ করে।”
অ্যামাজনের ইএমইএ অঞ্চলের এনার্জি ডিরেক্টর লিন্ডজি ম্যাককোয়েড বলেছেন, বিভিন্ন পুরানো জায়গাতে যেহেতু অনেক অবকাঠামো আগে থেকেই রয়েছে, ফলে ডেটা সেন্টারের অনুমোদন দ্রুত হয়ে যাবে বলে আশা করছেন তিনি।
ম্যাককোয়েড বলছেন, বিদ্যুৎ কোম্পানিগুলো জায়গাটা ভাড়া নিতে বা নিজেই ডেটা সেন্টার তৈরি করে চালাতে এবং প্রযুক্তি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তিও করতে পারবে।
আরডব্লিউই-এর গ্লোবাল পার্টনারশিপ ও ট্রানজেকশন প্রধান সায়মন স্ট্যানটন বলেছেন, “এসব চুক্তি কেবল জায়গা বিক্রির সুবিধাই নয়, বরং আরও অনেক সুবিধা দেবে। কারণ এগুলোতে ভালো মুনাফার সুযোগও থাকে।
“এখানে মূল কথা হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে গড়ে ওঠা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক, যা সময়ের সঙ্গে গড়ে ওঠে ও আপনাকে আপনার অবকাঠামো বিনিয়োগের ঝুঁকি কমাতে ও সুরক্ষিত করতে সাহায্য করে।”
এদিকে, বিদ্যুৎকেন্দ্র বন্ধে কাজ করা ‘এনজিও বিয়ন্ড ফসিল ফিউয়েলস’ নামের এক সংগঠনের তথ্য অনুসারে, জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণের জন্য ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের মোট একশ ৫৩টি কয়লা ও লিগনাইট বিদ্যুৎকেন্দ্র ২০৩৮ সালের মধ্যে বন্ধ হওয়ার কথা রয়েছে। ২০০৫ সাল থেকে এরইমধ্যে বন্ধ হয়েছে একশ ৯০টি বিদ্যুৎকেন্দ্র।
নতুন আয়ের পথ
ডেটা সেন্টার সংক্রান্ত বিভিন্ন চুক্তি বিদ্যুৎ কোম্পানির জন্য আর্থিকভাবে লাভজনক হতে পারে। কারণ, এতে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তি করে ভবিষ্যতে পরিবেশবান্ধব জ্বালানির জন্য বিনিয়োগ সুরক্ষিত করা যাবে।
ফরাসি ডেটা সেন্টার কোম্পানি ‘ওভিএইচ’-এর পরিবেশ কর্মসূচির পরিচালক গ্রেগরি লেবুর্গ বলেছেন, কম কার্বনওয়ালা বিদ্যুতের জন্য প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ২০ ইউরো পর্যন্ত বেশি দাম দিচ্ছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি।
রয়টার্সের হিসাব অনুসারে, ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদা কয়েকশো মেগাওয়াট থেকে শুরু করে এক গিগাওয়াট বা তার বেশি হতে পারে। তাই প্রতি বছর ‘গ্রিন প্রিমিয়াম’ বা মানে কম কার্বনওয়ালা বিদ্যুতের জন্য বাজার মূল্যের ওপর অতিরিক্ত মূল্য দিয়ে দীর্ঘমেয়াদি এ চুক্তির মূল্য কয়েকশো মিলিয়ন থেকে বিলিয়ন ইউরোরও বেশি হতে পারে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে, ‘এনার্জি পার্ক’ তৈরি করা ও ডেটা সেন্টারটিকে নতুন কোনো পরিবেশবান্ধব শক্তি প্রকল্পের সঙ্গে যোগ করা ও জরুরি সময়ে গ্রিড ব্যবহার করা। তবে শিল্প বিশেষজ্ঞরা বলছেন, এটি এখনও নতুন ধারণা।
‘ইঞ্জি’ কোম্পানির ডেটা সেন্টার ব্যবসার পরিচালক সেবাস্তিয়ান আরবোলা বলেছেন, ২০৩০ সালের মধ্যে নিজেদের পরিবেশবান্ধব জ্বালানি ও ব্যাটারি সক্ষমতা প্রায় দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছেন তারা, যা বর্তমানে ৫২.৭ গিগাওয়াটে রয়েছে। বিশ্বজুড়ে ৪০টি জায়গা চিহ্নিত করেছে কোম্পানিটি, যেগুলো তারা ডেটা সেন্টার নির্মাতাদের কাছে বিক্রি বা উন্নয়নের জন্য দিচ্ছে। যার মধ্যে কয়লা ও গ্যাস বিদ্যুৎকেন্দ্রও রয়েছে, যেগুলো রূপান্তর করা যেতে পারে।
২০১৭ সালে বন্ধ হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার ‘হ্যাজেলউড’ কয়লা বিদ্যুৎকেন্দ্র। অন্যান্য জায়গার বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও সেবাস্তিয়ান বলেছেন, এগুলোর বেশিরভাগই ইউরোপে।
অন্যান্য বিদ্যুৎ কোম্পানি যেমন পর্তুগালের ‘ইডিপি’,‘ইডিএফ’ এবং ‘ইনেল’ও নিজেদের পুরানো গ্যাস ও কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলো ডেটা সেন্টার উন্নয়নের জন্য বিক্রি করছে।
পরামর্শক কোম্পানি ‘আর্থার ডি. লিটল’-এর ম্যানেজিং পার্টনার মাইকেল ক্রুজ বলেছেন, “বিষয়টি ব্যবসার মডেলে বৈচিত্র্য আনার একটি পথ।”
তিনি বলেছেন, বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি নতুন এক ধরনের ব্যবসা তৈরির পাশাপাশি নতুন আয়ের পথও তৈরি করছে।
‘বিদ্যুৎ সরবরাহের গতি’
টেক কোম্পানিগুলোর সবচেয়ে বড় চাহিদা হল ‘বিদ্যুৎ সরবরাহের দ্রুত গতি’।
ইউরোপে গ্রিড সংযোগের ক্ষেত্রে দশকেরও বেশি সময় লাগতে পারে। এদিকে, পুরানো বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র পুনরায় ব্যবহার করা গেলে দ্রুত বিদ্যুৎ ও পানি পাওয়া সম্ভব হবে।
মাইক্রোসফটের হোলিস বলেছেন, “এর মাধ্যমে আসলে দ্রুত এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।”
‘সিনার্জি রিসার্চ গ্রুপ’-এর তথ্য অনুসারে, ইউরোপে ডেটা সেন্টারের সক্ষমতা আমেরিকা ও এশিয়ার চেয়ে অনেক কম। কারণ এখানে গ্রিড সংযোগে সময় বেশি লাগে ও অনুমতি পেতে দেরি হয়।
নিজেদের প্রয়োজনীয় পরিবেশবান্ধব বিদ্যুৎ সরাসরি ইউটিলিটি কোম্পানি থেকে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে অথবা বিদ্যুৎ বাজার থেকেও কিনতে পারেন ডেটা সেন্টার ডেভেলপাররা।
এক্ষেত্রে কয়েকটি পরিবর্তনের কাজ করছে ‘জেএলএল’ নামের এক রিয়াল এস্টেট কোম্পানি। যার মধ্যে একটি হচ্ছে জার্মানির পুরানো এক কয়লা বিদ্যুৎকেন্দ্রে আড়াই গিগাওয়াট সক্ষমতার ডেটা সেন্টার তৈরি ও ব্রিটেনের চারটি জায়গায় বড় টেক কোম্পানির জন্য কাজ করা। এই তথ্য জানিয়েছেন ‘জেএলএল’-এ ডেটা সেন্টারের কর্মকর্তা টম গ্লোভার।
বেশিরভাগ সময় নিরাপত্তার কারণে ডেটা সেন্টার প্রকল্প ও তাদের ক্লায়েন্ট সম্পর্কে বেশি তথ্য প্রকাশ করেন না ডেভেলপাররা।
এদিকে, ব্রিটেনের ‘ড্র্যাক্স’ বিদ্যুৎকেন্দ্রটি তাদের কয়লাক্ষেত্রের অব্যবহৃত অংশ উন্নয়নের জন্য পার্টনার খুঁজছে, যা এখন আংশিকভাবে বায়োমাসে রূপান্তরিত হয়েছে। ড্র্যাক্স-এর কার্বন প্রোগ্রাম পরিচালক রিচার্ড গিলিয়াম বলেছেন, এখানে অব্যবহৃত পানি শীতলীকরণ টুল পাওয়া যায়।
ড্র্যাক্স ‘বিহাইন্ড-দ্য-মিটার’ চুক্তি দিচ্ছে, যেখানে বিদ্যুৎকেন্দ্র সরাসরি ডেটা সেন্টারকে বিদ্যুৎ সরবরাহ করবে ও প্রয়োজনে গ্রিড থেকেও বিদ্যুৎ নেওয়া যাবে।
মধ্য ও পূর্ব ফ্রান্সের গ্যাস বিদ্যুৎকেন্দ্রের দুইটি সাইটের জন্য ডেভেলপারদেরও বেছে নিয়েছে ‘ইডিএফ’ কোম্পানি।
‘এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস’-এর গবেষণা পরিচালক স্যাম হান্টিংটন বলেছেন, দ্রুত শুরু হতে পারে এমন বিভিন্ন প্রকল্পের জন্য বিভিন্ন টেক কোম্পানি বেশি অর্থ দিতে প্রস্তুত। কারণ, তারা দ্রুত বাড়তে থাকা এই শিল্পের বাজার দখলের জন্য রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে।
“কত দ্রুত বিদ্যুৎ পাওয়া যাবে– এ কথাটিই আমরা বার বার শুনছি।”