Published : 08 Jan 2026, 03:38 PM
প্রথমবারে মতো সাইড-ফোল্ডএবল বা বইয়ের মতো ভাঁজ করা যায় এমন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে আমেরিকান প্রযুক্তি কোম্পানি মটোরোলা।
এ ফোনের মাধ্যমে গুগলের ‘পিক্সেল ১০ প্রো’ ফোল্ড ও স্যামসাংয়ের ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৭’-এর মতো ফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামল মটোরোলা।
‘রেজর ফোল্ড’ নামের এই ফোনে রয়েছে ৬ দশমিক ৬ ইঞ্চির বাইরের পর্দা এবং ৮ দশমিক ১ ইঞ্চির মূল ফ্লেক্সিবল ডিসপ্লে। তবে ফোনটির সঠিক মাপ এখনও জানায়নি কোম্পানিটি। ফোনটি ঠিক কতটা পুরু তা এখনই জানা সম্ভব হচ্ছে না।
ফোনটিতে ‘মটো পেন আল্ট্রা’ স্টাইলাস ব্যবহারের সুবিধা রয়েছে, যা আসলে বড় একটি খবর। কারণ, নিজেদের ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৭’ থেকে এ ফিচারটি বাদ দিয়ে দিয়েছে স্যামসাং।
বর্তমান সময়ের বিভিন্ন ফোল্ডএবল ফোন মূলত ট্যাবলেটের কাজও করে। ফলে স্টাইলাস বা পেন ব্যবহারের সুবিধা সবসময়ই ব্যবহারকারীদের কাছে বাড়তি গুরুত্ব পায় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
মটোরোলার নতুন ফোনটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী ক্যামেরা সিস্টেম। এতে ৫০ মেগাপিক্সেলের সনি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড/ম্যাক্রো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা রয়েছে।
এ ছাড়া সেলফি তোলার জন্য বাইরের স্ক্রিনে ৩২ মেগাপিক্সেল ও ভেতরের স্ক্রিনে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে কোম্পানিটি। ফোনটি দিয়ে ‘ডলবি ভিশন’ মোডে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।
‘রেজর ফোল্ড’ ফোনটি নীল ও সাদা এ দুটি রঙে পাওয়া যাবে। ফোনটির ভেতরের স্পেসিফিকেশন, দাম বা কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে এখনো কোনো তথ্য নেই।
মটোরোলা বলেছে, আগামী মাসগুলোতে ফোন নিয়ে আরও বিস্তারিত তথ্য “জানানো হবে।”
‘রেজর ফোল্ড’ প্রথম সাইড-ফোল্ডিং ফোন হলেও সবসময়ই ওপর-নিচ ভাঁজ করা ফোন তৈরি করে এসেছে কোম্পানিটি। একটি ‘ফ্লিপ ফোন’ বলতেও এমনই বোঝায়।
কোম্পানিটি তাদের নিয়মিত ‘রেজর’ সিরিজের মাঝারি দামের বিভিন্ন ফ্লিপ ফোনের মাধ্যমে এ পুরানো ধারণাটিকেই আরও উন্নত করে চলেছে।