Published : 30 Aug 2026, 06:38 PM
ট্রাভেল বা ভ্রমণ পরিকল্পনার প্রক্রিয়া সহজ করতে নিজেদের সার্চ প্ল্যাটফর্ম এআই মোডে নতুন বেশ কয়েকটি সুবিধা যোগ করেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগল, যার মধ্যে অন্যতম গুগল ফ্লাইটসের জনপ্রিয় প্রাইস-ট্র্যাকিং প্রযুক্তি।
এ নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটবট থেকেই এয়ারলাইনস ও হোটেলের তথ্য, টিকিটের দাম ট্র্যাকিং ও পয়েন্ট বা মাইলে খরচের হিসাব জানতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
গুগল বলেছে, ব্যবহারকারীরা এখন থেকে কেবল চ্যাটবটকে তাদের গন্তব্য ও ভ্রমণের তারিখ জানিয়ে দিলেই তিনশটিরও বেশি এয়ারলাইনস ও ট্রাভেল সাইট থেকে টিকিটের সব তথ্য খুঁজে দেবে এআই।
টিকিটের দাম পরিবর্তনের হালনাগাদ তথ্য পেতে ব্যবহারকারীরা সরাসরি এআই মোডকে ‘দাম ট্র্যাক’ করার নির্দেশনা দিতে পারবেন।
নির্দেশনার ভিত্তিতে নির্দিষ্ট গন্তব্য ও তারিখের টিকিটের দামে কোনো পরিবর্তন এলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ইমেইলে নোটিফিকেশন পাঠাবে গুগল।
ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ ও এলাকাগুলো ছাড়া বিশ্বের যেসব স্থানে ও ভাষায় এআই মোড চালু রয়েছে তার সবকটিতেই সুবিধা এখন সচল হয়েছে।
এ ছাড়া, ফ্লাইট ও হোটেলের খরচ রিওয়ার্ড পয়েন্ট বা মাইলে হিসাবের সুবিধাও এনেছে গুগল। চ্যাটবটকে ভ্রমণের বিস্তারিত জানিয়ে পয়েন্ট বা মাইলে খরচের পরিমাণ জানতে চাইলে তা সঙ্গে সঙ্গে দেখাবে এআই।
প্রাথমিকভাবে আলাস্কা এয়ারলাইনস, আমেরিকান এয়ারলাইনস, হিলটন ও উইন্ডহামের মতো নির্দিষ্ট কিছু এয়ারলাইনস ও হোটেল চেইনের ক্ষেত্রে রিওয়ার্ড পয়েন্ট বা মাইলের হিসাব পাওয়া যাবে।
শিগগিরই লুফথানসা গ্রুপ ও ফ্লাইং ব্লু-সহ অন্যান্য বড় কোম্পানির সুবিধাও এতে যোগের পরিকল্পনা রয়েছে গুগলের। সার্চ প্ল্যাটফর্ম এআই মোডের মাধ্যমে এখন থেকে সরাসরি হোটেল বুকিংয়ের সুবিধাও এনেছে গুগল।
এ সুবিধার আওতায় ভ্রমণের বিস্তারিত তথ্য ও ব্যক্তিগত পছন্দ বা চাহিদার কথা চ্যাটবটে লিখলেই বিভিন্ন হোটেলের তথ্যের পাশাপাশি অতিথিদের রিভিউ বা মতামত দেখাবে এআই।
ব্যবহারকারীরা সরাসরি গুগল পে-এর মাধ্যমে নিজেদের বুকিংয়ের লেনদেন সম্পন্ন করতে পারবেন। প্রাথমিকভাবে সেবাটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ইংরেজিতে চালু করা হচ্ছে।
এক্সপিডিয়া, মারিয়ট ইন্টারন্যাশনাল ও প্রাইসলাইনসহ কয়েকটি নির্দিষ্ট পার্টনার সাইটের মাধ্যমে সুবিধাটি মিলবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারটি সবার জন্য চালুর কথা বলেছে গুগল।