১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মেলানিয়া ট্রাম্পের সঙ্গী এই রোবট অতিথিকে চিনে নিন

বিশ্বজুড়ে প্রযুক্তির লড়াইয়ে এখন রোবটিক্স এক জাতীয় গুরুত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বছর চীনও নিজেদের রোবট প্রযুক্তির ব্যাপক প্রচারণা চালিয়েছে।

মেলানিয়া ট্রাম্পের সঙ্গী এই রোবট অতিথিকে চিনে নিন
প্রথমবারের মতো হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের পাশে এ হিউম্যানয়েড রোবটের দেখা মেলে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের অতিথি হিসেবে প্রথমবারের মতো দেখা গেল মানুষের মতো দেখতে এক হিউম্যানয়েড রোবট। এ অত্যাধুনিক রোবটের নির্মাতা কোম্পানি ফিগার এআই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে।

বুধবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো এ হিউম্যানয়েড রোবটের দেখা মেলে। ‘ফিগার ৩’ নামের এ রোবটটি ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এর দ্বিতীয় দিনে ফার্স্ট লেডির সঙ্গে অংশ নেয়।

আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি প্রতিবেদনে লিখেছে, প্রযুক্তি ও শিশুদের শিক্ষা বিষয়ক এ সম্মেলনে রোবটটি উপস্থিত অতিথিদের একাধিক ভাষায় অভিবাদন জানায় এবং নিজেকে ‘আমেরিকায় তৈরি এক হিউম্যানয়েড রোবট’ হিসেবে পরিচয় দিয়েছে।

আমেরিকার ইতিহাসে এ ছিল হিউম্যানয়েড রোবটের সবচেয়ে আলোচিত প্রদর্শনীগুলোর একটি। এ থেকে প্রমাণ মেলে, বিশ্বজুড়ে প্রযুক্তির লড়াইয়ে এখন রোবটিক্স এক জাতীয় গুরুত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বছর চীনও নিজেদের রোবট প্রযুক্তির ব্যাপক প্রচারণা চালিয়েছে।

ফার্স্ট লেডি শিশুদের শিক্ষায় এআইয়ের ব্যবহারের ওপর জোর দিতে এই রোবটটিকে সামনে আনেন। তিনি আভাস দিয়েছেন, ভবিষ্যতে এসব রোবট বাড়িতে গৃহশিক্ষক হিসেবে কাজ করতে পারবে।

তবে এ রোবটের নির্মাতা কোম্পানি ফিগার এআই বলেছে, তাদের এই তৃতীয় প্রজন্মের রোবটগুলো সাধারণ বাণিজ্যিক ও গৃহস্থালি কাজের জন্যও ব্যবহার করা যাবে।

হোয়াইট হাউসের এ আয়োজনের ফলে এনভিডিয়া’র সমর্থনপুষ্ট কোম্পানি ফিগার এআইয়ের পরিচিতি আরও বাড়বে। টেসলার অপটিমাস বা বস্টন ডায়নামিকসের তুলনায় ফিগার এআইয়ের পরিচিত কম হলেও তাদের দলে অ্যাপল বা টেসলার মতো বড় কোম্পানির অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছেন।

উদীয়মান এক স্টার্টআপ

২০২২ সালে প্রযুক্তি উদ্যোক্তা ও বিলিয়নেয়ার ব্রেট অ্যাডকক ফিগার এআই প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি ড্রোন তৈরির কোম্পানি ‘আর্চার এভিয়েশন’ ও নিয়োগ কোম্পানি ‘ভেটারি’ প্রতিষ্ঠা করেছিলেন।

এসব রোবটের মূল শক্তি হচ্ছে এদের নিজস্ব ‘হেলিক্স এআই’ সিস্টেম। এ প্রযুক্তি রোবটকে দেখে শেখার ও মানুষের মৌখিক কমান্ড বা নির্দেশ পালনের সক্ষমতা দেয়।

বর্তমানে ‘ফিজিক্যাল এআই’ বা রোবটের এআই নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। ফলে গত সেপ্টেম্বরে কোম্পানিটি নিজেদের ‘সিরিজ সি’ ফান্ডিং রাউন্ডে ১০০ কোটি ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে।

এনভিডিয়া, ইনটেল, কোয়ালকম ও সেলসফোর্সের মতো বড় বড় কোম্পানি এখানে বিনিয়োগ করেছে। বর্তমানে ফিগার এআই কোম্পানির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯০০ কোটি ডলারে।

হোয়াইট হাউসের এই বড় সমর্থনের ফলে ফিগার এআইয়ের লক্ষ্য অর্জন এখন আরও সহজ হয়েছে। তারা আগামী কয়েক বছরের মধ্যে মানুষের ঘরবাড়ি ও লজিস্টিকস বা পণ্য সরবরাহ খাতে হাজার হাজার রোবট নামিয়ে আনার পরিকল্পনা করছে।

এরইমধ্যে তারা গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ-এর সঙ্গে কাজ শুরু করেছে, যেখানে তাদের বিভিন্ন রোবট কারখানায় ধাতব শিট নাড়াচাড়ার মতো কঠিন কাজগুলো করছে।

মার্কিন জাতীয় গুরুত্বের কেন্দ্রে এক প্রযুক্তি উদ্যোক্তা

বুধবার স্পষ্টই বোঝা গেছে, হোয়াইট হাউসের এ অনুষ্ঠানে ব্রেট অ্যাডকক সংশ্লিষ্ট কোম্পানিটি ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বিশেষ গুরুত্ব পেল। তবে, এটা নতুন কিছু নয়।

গেল বছরের জুনে অ্যাডকক সহ প্রতিষ্ঠাতার ড্রোন কোম্পানি ‘আর্চার এভিয়েশন’-এর শেয়ারের দাম হঠাৎ করেই অনেকটা বেড়ে যায়। যার কারণ ছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা এক নির্বাহী আদেশ, যেখানে আমেরিকার বিভিন্ন শহরে বিদ্যুচ্চালিত এয়ার ট্যাক্সির নিরাপদ ব্যবহারের জন্য বিশেষ এক কর্মসূচি চালুর নির্দেশ ছিল।

আর্চার এ উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে এবং তারা নিজেদের তৈরি প্লেনের প্রদর্শনী নিয়ে কাজ করছে। ২০২৫ সালের জুনের ওই আদেশের পর কোম্পানিটি শেয়ার বিক্রির মাধ্যমে ৮৫ কোটি ডলার মূলধন সংগ্রহ করেছে।

অ্যাডকক ২০১৮ সালে অ্যাডাম গোল্ডস্টাইনের সঙ্গে মিলে আর্চার এভিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন এবং শুরুতে সহ সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে ২০২২ সালের এপ্রিলে তিনি সিইও পদ থেকে সরে দাঁড়ান এবং এর কিছুদিন পরেই পরিচালনা পর্ষদ থেকেও পদত্যাগ করেন।

ইনভেস্টমেন্ট রিসার্চ প্ল্যাটফর্ম ‘বিজনেস কোয়ান্ট’-এর তথ্য অনুসারে, তিনি বর্তমানে কোম্পানিটির একজন শেয়ারহোল্ডার হিসেবে থাকলেও এর পরিচালনা বা উপদেষ্টা কোনো পদে আর সক্রিয় নন।