১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সর্বকালের সর্বোচ্চ দামের রেকর্ডে পৌঁছল বিটকয়েন

এপ্রিলের পর থেকে প্রায় ৫০ শতাংশ মূল্য বেড়ে যাওয়ার পর ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম এত উপরে উঠল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 04:00 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

এবার নতুন রেকর্ড ছুঁলো বিটকয়েনের দাম। প্রথমবারের মতো এক লাখ ১০ হাজারের উপরে উঠেছে ডিজিটাল মুদ্রা বিটকয়েনের মূল্য, যা ক্রিপ্টোমুদ্রার ইতিহাসে এ যাবতকালে সর্বোচ্চ দাম।

এই মূল্যবৃদ্ধির ঠিক আগেই গুরুত্বপূর্ণ ‘প্রথম ক্রিপ্টোকারেন্সি সুরক্ষা বিল’ মার্কিন সিনেটে ভোটে পাস হয়েছে। সোমবার প্রথমবারের মতো কিছু ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণের জন্য নতুন এক আইন পাসের পক্ষে ভোট দিয়েছে মার্কিন সিনেট।

এপ্রিলের পর থেকে প্রায় ৫০ শতাংশ মূল্য বেড়ে যাওয়ার পর ইতিহাসে প্রথমবারের মতো বিটকয়েনের দাম এত উপরে উঠল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

বিটকয়েনের এ নতুন রেকর্ড এসেছে বাজারে অনুকূল পরিস্থিতির কারণে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ কমে আসা এবং ইউরোপ ও এশিয়ায় সুদের হার কমানো, যা বিটকয়েন ও অন্যান্য ঝুঁকিপূর্ণ সম্পদের জন্য ভালো খবর।

বৃহস্পতিবার বিনিয়োগ প্ল্যাটফর্ম ‘ই-টরো’-এর ক্রিপ্টো বিশ্লেষক সাইমন পিটার্স বলেছেন, “বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে, যেগুলো বিটকয়েনের দামে বড় রকমের উল্লম্ফন ঘটাতে পারে।

“প্রথমত, গোটা বিশ্বের বাজারে অর্থের পরিমাণ অর্থাৎ যেটাকে বৈশ্বিক তারল্য বলা হয় তা বাড়তে পারে। আর এ অর্থের পরিমাণ বেড়ে গেলে এই বছরজুড়ে বিটকয়েনের দামও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

“দ্বিতীয়ত, অনেক মানুষ এখন বিপুল অর্থ দিয়ে বিটকয়েন কিনতে চাইছে। কিন্তু বিটকয়েনের সরবরাহ বা পরিমাণ সীমিত। কেবল সাধারণ মানুষই নন, বড় বড় বিভিন্ন কোম্পানিও এখন একসঙ্গে অনেক বিটকয়েন কিনছে, যার দাম শত কোটি ডলারের মতো।”

বিটকয়েনের মতো অন্যান্য বড় ক্রিপ্টোকারেন্সির দামও বেড়েছে। সাম্প্রতিক দিনে ইথেরিয়াম, সোলানা, ডজকয়েন ও কার্ডানোর মতো ক্রিপ্টোমুদ্রার দামেও বড় ধরনের বৃদ্ধি দেখা গিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ইন্ডিপেনডেন্ট।

সোনা থেকে বিটকয়েনের দিকে মনোযোগ ঘুরিয়েছেন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি ‘জেপি মরগান’-এর বিশ্লেষকরা। তারা ভবিষ্যদ্বাণী করেছেন, এ বছরের বাকি সময়ের মধ্যে বিটকয়েনের দাম সোনার দামকেও ছাড়িয়ে যেতে পারে।

এনটিভি নিউজের প্রতিবেদন অনুসারে, ‘প্রথম ক্রিপ্টোকারেন্সি সুরক্ষা বিলে’র বিরুদ্ধে কিছু ডেমোক্রেটের আপত্তি ছিল, বিশেষ করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো ব্যবসার উদ্যোগের কারণে।

তবে, শেষে এই বিলটি ১৬ জন ডেমোক্রেটের সমর্থন পেয়েছে, তাদের মধ্যে রয়েছেন নিউ জার্সির সিনেটর কোরি বুকার ও ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ।

আরও খবর

'সর্বোচ্চ দামের রেকর্ডেযাচ্ছে বিটকয়েন?