মেটাভার্সের ভার্চুয়াল জমিতে এক বছরে বিনিয়োগ ১৯৩ কোটি ডলার
“আপনি যদি তরুণ প্রজন্মের কথা ভাবেন, তো দেখবেন, তাদের কাছে ভার্চুয়াল দুনিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই।”
মেটাভার্সের ভার্চুয়াল জগতে জমি কিনতে ১২ মাসে ১৯৩ কোটি ডলার খরচ করেছেন আগ্রহীরা; কিন্তু প্রশ্ন উঠেছে বাস্তবে না থাকা সেই জমি কেনার যৌক্তিকতা নিয়ে।
বাণিজ্যিক প্রচারে এ ভার্চুয়াল জগৎ অবসর বিনোদন, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পেশাদারী কাজের গন্তব্যস্থল হয়ে ওঠার প্রতিশ্রুতি দিলেও প্রযুক্তি বোদ্ধাদের মতে, সে অনেক দূরের পথ।
কী হবে ওই জমিতে?
মেটাভার্সের জমির মালিকদের একজন যুক্তরাজ্যের অ্যাঞ্জি টমসন।তবে তার মেটাভার্স অ্যাভাটার বাস্তব পৃথিবীর বাড়িওয়ালাদের মত দেখতে নয়।
বিবিসিকে তিনি বলেন, “দেড় হাজার পাউন্ড দিয়ে আমি আমার প্রথম মেটাভার্স পার্সেল কিনেছি ২০২০ সালের জুলাই মাসে। সেখানে নিজের কাজ তুলে ধরার জন্যই কিনেছিলাম।”
নিজের শিল্পকর্মের পাশাপাশি অন্যদের শিল্পকর্ম তুলে ধরতে মেটাভার্সে ইভেন্ট আয়োজন করাও তার উদ্দেশ্য ছিল বলে টমসন জানাচ্ছেন।
তিনি ইতোমধ্যে মেটাভার্সে ডিজিটাল শিল্পকর্মের দুটি গ্যালারি বানিয়েছেন। ‘ভক্সেলস’ মেটাভার্সের ওই গ্যালারিগুলো থেকে টমসন তার ডিজিটাল শিল্পকর্ম বিক্রি করছেন ক্রিপ্টো মুদ্রার বিনিময়ে।
তার ডিজিটাল জমির আকার তুলনা বিচারে বাস্তবের একটা ছোট পরিবারের থাকার উপযোগী জমির সমান। ভার্চুয়াল দালানগুলোর সবচেয়ে বড়টির উচ্চতা তিনতলা দালানের সমান। ছাদের বারান্দায় সাদা-কালো রঙের দাগ টেনে রাস্তা পার হওয়ার জায়গা করে রেখেছেন টমসন।
মজা করে একটি গোলাপী রঙের ট্রাক্সিও রেখেছেন টমসন। কোনো কারণ বা যাত্রী ছাড়াই যাওয়া-আসা করতে থাকে সেই ট্যাক্সি।
কিন্তু ভার্চুয়াল দুনিয়ার আবেদন কিছুটা বোঝা যায় এর আকাশ থেকে। টমসন বলেন, “কি বোর্ডের এফ কি চেপে ধরে রাখলে উড়ে উড়ে আমার পুরো পাড়া ঘুরে দেখতে পারবেন আপনি।”
নিজেদের মেটাভার্স হিসেবে পরিচয় দেয়, এমন ডজন খানেক ভার্চুয়াল প্ল্যাটফর্মের একটি ‘ভক্সেলস’। কিন্তু এক্ষেত্রে বিভ্রান্তির জন্ম দিচ্ছে ‘মেটাভার্স’ শব্দটি। প্রযুক্তি উদ্যোক্তা বা সংশ্লিষ্ট কেউ যখন এ বিষয়ে কথা বলেন, শুনে মনে হবে যেন ‘মেটাভার্স’ একটাই।
কিন্তু বাস্তবতা তেমন নয়। ‘মেটাভার্স’ আসলে একটি প্রযুক্তি ভাবনা। মেটা প্রধান মার্ক জাকারবার্গ আকস্মিকভাবে কোম্পানির নাম পাল্টে এবং প্রচার চালিয়ে ‘মেটাভার্স’ শব্দটির ওপর নিজের কোম্পানির অধিকার প্রতিষ্ঠার পরোক্ষ চেষ্টা করলেও বাস্তবতা হচ্ছে, বর্তমান প্রযুক্তি সেবার বাজারে ফেইসবুক তথা মেটার ‘হরাইজন ওয়ার্ল্ডস’ একমাত্র ‘মেটাভার্স’ প্রকল্প নয়।
বিবিসি লিখেছে, বিভিন্ন কোম্পানি নিজের মত মেটাভার্স প্ল্যাটফর্ম নির্মাণের চেষ্টা করলেও এখনও বাজারে আধিপত্য বা শক্ত অবস্থান তৈরি করতে পারেনি কোনোটি। যতদিন না একটি নির্দিষ্ট কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা হবে, অথবা ভিন্ন ভিন্ন মেটাভার্স প্রকল্প একিভূত হবে, ততদিন কোম্পানিগুলো নিজেদের মত করে ভার্চুয়াল জমি বিক্রি অব্যাহত রাখবে।
প্রযুক্তি বাজারের বিশ্লেষক ‘ড্যাপ রেডার’-এর সাম্প্রতিক গবেষণা বলছে, গত ১২ মাসেই ভার্চুয়াল জমি কিনতে ১৯৩ কোটি ডলারের ক্রিপ্টো মুদ্রা খরচ করেছেন আগ্রহীরা। এর মধ্যে দুই কোটি ২০ লাখ ডলারের বিনিময়ে ভার্চুয়াল জমি বা পার্সেল বিক্রি করেছে ভক্সেল।
ভক্সেল ইথেরিয়ামের ব্লক চেইনে নির্মিত হওয়ায় প্ল্যাটফর্মটির লেনদেনের তথ্য সংগ্রহ করতে পেরেছে ড্যাপ রেডার। অন্যান্য ক্রিপ্টো মুদ্রার ব্লকচেইনের মত এখানেও সকল লেনদেনের তথ্য লিপিবদ্ধ করে উন্মুক্ত ব্লকচেইনে প্রকাশ করা হয়।
ক্রেতার তালিকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান
অনলাইনের ডজন খানেক মেটাভার্সের মধ্যে আলাদা জনপ্রিয়তা পেয়েছে ‘ডিসেন্ট্রাল্যান্ড’। এ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয় ২০২০ সালে। এ প্ল্যাটফর্মের ভার্চুয়াল জমির পার্সেল বিক্রি হচ্ছে হাজার ডলারে, কখনো বা কয়েক মিলিয়ন ডলার দামে।
ক্রেতার তালিকায় আছে স্যামসাং, ইউপিএসের মত বাণিজিক প্রতিষ্ঠান। ভার্চুয়াল দোকান চালু করার পাশাপাশি ভিজিটর সেন্টারও চালু করেছে কোম্পানিগুলো।
ডিসেন্ট্রাল্যান্ডে চারটি ফুটবল মাঠের সমান জমির মালিক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ফিলিপ প্লাইন’। ভার্চুয়াল জমিতে দোকান ও গ্যালারি খোলার পরিকল্পনাও করেছে এ কোম্পানি।
কিন্তু দেড় কোটি ডলার খরচ করে ভার্চুয়াল জগতে জমি কেনার বিষয়টি নিজের মায়ের একেবারেই পছন্দ হয়নি বলে জানিয়েছেন ব্র্যান্ড মালিক ফিলিপ প্লাইন।
“আমার মা আমাকে ফোন করে বলেছিলেন, ‘কি করলে তুমি? কেন? তুমি কি পাগল হয়ে গেছ? তুমি কেন এত খরচ করলে, কী এটা?’,” বিবিসিকে বলেছেন তিনি।
এক বছরের বেশি সময় ধরে ২৪টি ভিন্ন ভিন্ন ক্রিপ্টো মুদ্রার বিনিময়ে অনলাইনে পণ্য বিক্রি করছেন প্লাইন। ২০২২ সালে শুরুতেই লন্ডনের ওল্ড বন্ড সড়কে নতুন দোকান খুলেছেন তিনি। সে দোকানে পোশাক আর ‘নন-ফাঞ্জিবল টোকেন’ বা এনএফটি বিক্রি করছেন ব্রিটিশ পাউন্ড আর বিটকয়েন ও ইথেরিয়ামের মতো ক্রিপ্টো মুদ্রার বিনিময়ে।
নতুন দোকানটির খোলার মাধ্যমে মেটাভার্স সম্পর্কে আরও বেশি জানার সুযোগ হয়েছে বলে মনে করেন প্লাইন, আর সে কারণেই এক টুকরো ভার্চুয়াল জমির জন্য এত বেশি খরচ করার সাহস করেছেন।
“আমি আসলে ভাবছিলাম যে আমি তো ২৪ বছর ধরে আমার ব্র্যান্ড চালাচ্ছি, কিন্তু নতুন করে শুরু করতে হলে আমি কী করতাম?”
বছর জুড়ে ক্রিপ্টো বাজারে মন্দার প্রভাব পড়েছে ভার্চুয়াল জমির বাজারেও। ড্যাপ রেডারের তথ্য বলছে, গত এক বছরের মধ্যে বর্তমানে সবচেয়ে বাজে দশায় পড়েছে ডিজিটাল রিয়েল এস্টেট বাজার।
আরেক মেটাভার্সে জমি কিনেছে অ্যাডিডাস, আতারি, ইউবিসফট, বাইন্যান্স, ওয়ার্নাল মিউজিক এবং গুচির মতো বহুল পরিচিত কোম্পানিগুলো।
গেইমিং মেটাভার্স রোব্লক্সেও উপস্থিতি আছে গুচির। বিবিসি জানিয়েছে, বয়সে তরুণ মেটাভার্সগুলোর মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল হিসেবে বিবেচিত হচ্ছে রোব্লক্স, মাইনক্র্যাফট ও ফোর্টনাইট।
এই গেইমিং প্ল্যাটফর্মগুলো ভার্চুয়াল জমি বিক্রি করছে না, নেই কোনো ব্লকচেইন সমর্থন। কিন্তু কল্পবিজ্ঞানের মেটাভার্সের মূল উপাদানের অনেক কিছুই প্ল্যাটফর্মগুলোতে উপস্থিত বলে জানিয়েছে বিবিসি।
এই প্ল্যাটফর্মগুলোতে বন্ধুদের সঙ্গে গেইম খেলার পাশাপাশি আড্ডা দেওয়ার সুযোগ আছে গেইমারদের। নিজস্ব অভ্যন্তরীণ মুদ্রা ব্যবস্থা আছে প্ল্যাটফর্মগুলোর, আছে অর্থ আয়ের সুযোগ। সবচেয়ে ইতিবাচক বিষয় হল, ব্যবহারকারীর সংখ্যাও ব্লকচেইন বা ক্রিপ্টো মেটাভার্স প্ল্যাটফর্মগুলোর চেয়ে অনেক বেশি এই গেইমিং প্ল্যাটফর্মগুলোর।
আগ্রহে ভার্চুয়াল ফ্যাশন
ভার্চুয়াল জগতে নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে এক বছরে তিন কোটি ৬০ লাখ দর্শনার্থী পেয়েছে ‘গুচি টাউন’। অন্যদিকে ১১ মাসে দুই কোটি ৫০ লাখ দর্শনার্থী পেয়েছে ভার্চুয়াল নাইকি ল্যান্ড।
গাঁটের পয়সা খরচ করে গুচি ল্যান্ডে নিজের অ্যাভাটারের জন্য পোশাক কিনতে পারেন দর্শনার্থীরা। আর গেইম খেলে আয় করা পয়েন্টের বিনিময়ে অ্যাভাটারের জন্য টি-শার্ট আর জুতো বেচে নাইকি ল্যান্ড।
মেটাভার্সের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাবনার সুযোগ নিতে আর ঝুঁকি মোকাবেলা করতে এখন পর্যন্ত ফ্যাশন শিল্পই সবচেয়ে বেশি আগ্রহী বলে উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে।
কেবল মেটাভার্সের অ্যাভাটারের জন্য পোশাকের নকশা করে – বাজারে এমন ডিজিটাল ফ্যাশন হাউজেরও আবির্ভাব হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি। ডিসেন্ট্রাল্যান্ড, স্যান্ডবক্স আর অন্যান্য ক্রিপ্টো মেটাভার্সের জন্য পোশাকের নকশা করে ডিজিটাল ফ্যাশন হাউজ ‘দ্য ফ্যাব্রিক্যান্ট’।
এ কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান ডিজাইনার অ্যাম্বার জে স্লোটেন বিবিসিকে বলেন, “আমরা যখন শুরু করি, সবাই আমাদের পাগল বলেছিল। কারণ তখন তাদের মনে হয়েছিল, এর আসলে কী দরকার? কিন্তু আমাদের বিশ্বাস ছিল, ভবিষ্যতে মানুষ ডিজিটাল পোশাকের দিকে ঝুঁকবে।”
এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ হাজার ডলার দামে ডিজিটাল পোশাক বিক্রি করেছে দ্য ফ্যাব্রিক্যান্ট। বিবিসি জানিয়েছে, পোশাকটি বিক্রি করা হয় এনএফটি হিসেবে এবং এখন পর্যন্ত ডিজিটাল পোশাকটি একবারও নিজের অ্যাভাটারকে পরাননি এর মালিক।
সম্প্রতি বিনিয়োগকারীদের কাছ থেকে এক কোটি ৪০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করেছে ‘দ্য ফ্যাব্রিক্যান্ট’। অদূর ভবিষ্যতে অনেকে মেটাভার্সেই দৈনন্দিন জীবন যাপন করবেন– এমন একটি ভাবনাই বিনিয়োগকারীদের কাছে বেচেছে ওই কোম্পানি।
কিন্তু ভার্চুয়াল জমিজমা আর পোশাক নিয়ে যে আগ্রহ ও উন্মাদনা, কবে নাগাদ এ থেকে কোনো কার্যকর ফলাফল আসবে অথবা মেটাভার্স ভাবনা আদৌ মূল ধারায় গ্রহণযোগ্যতা পাবে কি না, তার কোনো কিছুই এখনো নিশ্চিত নয়।
ব্লকচেইন নির্ভর মেটাভার্সগুলোতে ব্যবহারকারীদের উপস্থিতি লক্ষ্যণীয় হারে কম। আর ডিজিটাল দুনিয়াগুলোতে কোনো অনুষ্ঠান আয়োজন করা হলেও, তাতে অংশগ্রহণকারীর সংখ্যা হাজারের ঘরেই থাকছে বলে জানিয়েছে বিবিসি।
নিজস্ব মেটাভার্স প্রকল্পের পেছনে এক বছরে এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা। কিন্তু কোম্পানির অভ্যন্তরীণ নথিপত্র বলছে, প্ল্যাটফর্মটি ব্যবহারের আগ্রহ নেই খোদ কোম্পানির কর্মীদের মধ্যেই।
কিন্তু স্লোটেন মনে করেন, এই ভার্চুয়াল জগৎগুলো যত উন্নত হবে, মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ তত বাড়বে।
“এখানে একটা বড় বাজার ব্যবস্থা তৈরি হবেই, কারণ আপনি যদি তরুণ প্রজন্মের কথা ভাবেন, তো দেখবেন যে তারা নিয়মিত গেইম খেলছে। তাদের জন্য ভার্চুয়াল দুনিয়া আর বাস্তব দুনিয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তবে, এর নির্মাণ এখনও অনেক বাকি আছে।”
