Published : 30 Jul 2025, 03:35 PM
সাশ্রয়ী মুল্যের এ হিউম্যানয়েড রোবটটি কার্টহুইল, হ্যান্ডস্ট্যান্ড ও রাউন্ডহাউস কিক’সহ নানা ধরনের জটিল কাজ করতে পারে বলে দাবি করেছে এর নির্মাতারা।
‘আর ওয়ান’ নামের এই হিউম্যানয়েড রোবটি তৈরি করেছে চীনা কোম্পানি ‘ইউনিট্রি রোবোটিক্স’। রোবটি সম্পূর্ণ ফিচারওয়ালা একটি ম্যাকবুক প্রো-এর চেয়েও সাশ্রয়ী মূল্যের বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
২৫ কেজি ভরের ও চার ফুট উচ্চতার রোবটটির ভেতরে রয়েছে ‘লার্জ মাল্টিমোডাল মডেল’, যার মাধ্যমে এটি জটিল কাজ বুঝে নিতে ও সম্পাদন করতে পারে। এটি ব্যবহারের জন্য গ্রাহকদের কেবল পাঁচ হাজার ৯০০ ডলার গুনতে হবে।
‘আর ওয়ান’ রোবটটি আসলে কী কাজে লাগবে সে সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানায়নি কোম্পানিটি। তবে ইউনিট্রি বলেছে, রোবটটি ‘পুরোপুরি কাস্টমাইজযোগ্য’, মানে কেউ চাইলে নিজের মতো করে সেটআপ করে রোবটটিকে কাজে লাগাতে পারবেন।
কোম্পানিটির এক ভিডিওতে রোবটটিকে কার্টহুইল, হ্যান্ডস্ট্যান্ড, বক্সিং, রাউন্ডহাউস কিক ও ডাউনহিলে দৌড়াতে দেখা গিয়েছে। তবে রান্না, ঘর পরিষ্কার বা অফিসে কাজের মতো বাস্তব জীবনে কোনও কাজে এখনও পর্যন্ত এদের ব্যবহার দেখা যায়নি বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট।
হালকা ওজনের এ রোবটটিতে একটি ভয়েস ও ছবি শনাক্তে সাহায্য করার জন্য চার-মাইক্রোফোন অ্যারে রয়েছে। যার মাধ্যমে আশপাশের শব্দ ও কণ্ঠ চিনে নিতে পারে এটি। এতে ওয়াইফাই ৬ ও ব্লুটুথ ৫.২ সংযোগও রয়েছে।
এনগ্যাজেট লিখেছে, এমন এক পৃথিবী কল্পনার বিষয়টি এখন আর কঠিন নয়, যেখানে ‘আর ওয়ান’কে ‘রোবট বাটলার’ বা কাজের সহকারী হিসেবে ব্যবহার করবে মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটাও নাকি এমন কিছু নিয়েই কাজ করছে।
এ বছরের মে মাসে ‘ইউনিট্রি রোবোটিক্স’ নিজেই এমন এক ধরনের রোবট ফাইটিং টুর্নামেন্টের প্রচার করেছিল, যেখানে দুইটি আর ওয়ান রোবটকে একে অপরের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে। বিষয়টি অনেকটা ২০১১ সালের সিনেমা ‘রিয়াল স্টিল’-এর মতো হলেও রোবটের টুর্নামেন্টটি অনেকের কাছে সিনেমাতে দেখানো দৃশ্যের তুলনায় অনেকটাই খেলো মনে হয়েছে।
নতুন আর ওয়ান রোবটটি এর আগের মডেল ‘জি ওয়ান’-এর চেয়ে সাশ্রয়ী ও সহজলভ্য। জি ওয়ান রোবটের দাম শুরু হয়েছিল ১৬ হাজার ডলার থেকে ও এটিকে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি ইভেন্ট ‘সিইএস ২০২৫’-এ দেখিয়েছিল কোম্পানিটি। তবে ওই সময় রোবটটির পারফরম্যান্স ভালো ছিল না।
অন্যদিকে, আর ওয়ানের দাম ছয় হাজার ডলারেরও কম, যেটি অনেকের কাছে এখনো বেশি মনে হলেও অন্যান্য রোবটের চেয়ে সাশ্রয়ী মূল্যের। যেমন– মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলার আসন্ন ‘অপটিমাস’ রোবটের দাম ২০ হাজার ডলারের বেশি হতে পারে।