১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন লুক ও ফিচারসহ ‘কিডস প্রোফাইল’ আনছে নেটফ্লিক্স

নতুন কিডস প্রোফাইলে সাজেশন বা রিকমেন্ডেশনগুলো এখন রিয়েল-টাইমে রিফ্রেশ হবে যেমনটা স্ট্যান্ডার্ড প্রোফাইলগুলোতে দেখা যায়।

নতুন লুক ও ফিচারসহ ‘কিডস প্রোফাইল’ আনছে নেটফ্লিক্স
নেটফ্লিক্স হোমপেইজের নকশা ও ন্যাভিগেশনকে আরও সহজ করেছে। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

শিশুদের দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও সহজ করতে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের কিডস প্রোফাইলে নতুন টিভি ইন্টারফেইস চালু করেছে। 

মঙ্গলবার প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, নতুন ডিজাইনটি এখন বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

নতুন ভার্সনে নেটফ্লিক্স শিশুদের জন্য হোমপেইজের নকশা ও ন্যাভিগেশনকে আরও সহজ করেছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নতুন ‘মাই নেটফ্লিক্স’ সেকশন যুক্ত হওয়ায়। এই সেকশনে শিশুরা তাদের দেখা, সেইভ করা ও পছন্দের সিনেমা-কার্টুন এক জায়গায় পাবে। এতে তারা আগের মত ঘুরে ঘুরে প্রিয় কনটেন্ট খুঁজতে সময় নষ্ট না করে সেগুলো তারা সরাসরি দেখতে পারবে।

এর আগে, চলতি বছরের মে মাসে নেটফ্লিক্স প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য টিভি হোমপেইজে বড় আপডেট এনেছিল। সেই ভার্সনে যুক্ত হয়েছিল এআইনির্ভর সার্চ টুল, উন্নত রিকমেন্ডেশন সিস্টেম এবং আরও দৃশ্যমান শর্টকাট। এবার শিশুদের প্রোফাইলেও সেই অভিজ্ঞতা নিয়ে আসছে, সেইসঙ্গে তাদের জন্য কিছু বাড়তি সংযোজন।

নতুন কিডস প্রোফাইলে সাজেশন বা রিকমেন্ডেশনগুলো এখন রিয়েল-টাইমে রিফ্রেশ হবে যেমনটা স্ট্যান্ডার্ড প্রোফাইলগুলোতে দেখা যায়। 

নেটফ্লিক্স আশা করছে, এতে শিশুরা পছন্দের কনটেন্ট আরও দ্রুত খুঁজে পাবে।

তবে শিশুদের প্রোফাইলের পরিচিত কিছু ফিচার অপরিবর্তিত থাকছে যেমন ‘ক্যারেক্টার-থিম’ যুক্ত সারি, ‘মিস্ট্রি বক্স’ সাজেশন এবং ‘প্যারেন্টাল কন্ট্রোল’ অপশন।

শুধু শিশুদের প্রোফাইল নয়, কোম্পানিটি আরও বেশ কিছু নতুন ফিচার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে, রিয়েল-টাইম ভোটিং, লাইভ পার্টি গেইমস, পডকাস্টসহ বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট। 

আগামী বছর নেটফ্লিক্সের নতুন অনুষ্ঠান ‘স্টার সার্চ’-এ দর্শকরা সরাসরি ভোট দিতে পারবে যা এর আগেও রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ডিনার টাইম লাইভ উইথ ডেভিড চ্যাং’-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।

নেটফ্লিক্স বলছে, এই নতুন ইউজার ইন্টারফেইস কেবল ডিজাইনের পরিবর্তন নয় বরং এমন এক প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে ভবিষ্যতের ইন্টারঅ্যাকটিভ ও সৃজনশীল কনটেন্ট আরও সহজে উপস্থাপন করা যাবে।