২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

আইওএস ১৬-তে আসছে না ‘শেয়ারড ফটো লাইব্রেরি’

ব্যবহারকারীসহ সর্বোচ্চ পাঁচ জনকে স্বয়ংক্রিয়ভাবে একটি ছবির সংগ্রহ শেয়ারের সুযোগ দেওয়ার কথা রয়েছে ফিচারটির।

আইওএস ১৬-তে আসছে না ‘শেয়ারড ফটো লাইব্রেরি’

বিশেষ এই লাইব্রেরির কথা অ্যাপল জানিয়েছিল এ বছরের ডাব্লিউডাব্লিউডিসি-তে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2022, 06:53 PM

Updated : 10 Sep 2022, 06:53 PM

আইওএস ১৬-তে ‘আইক্লাউড শেয়ারড ফটো লাইব্রেরি’ ফিচারের উন্মোচন পিছিয়ে দিচ্ছে অ্যাপল।

আইফোন নির্মাতা বলছে, সোমবার ১২ সেপ্টেম্বর আইওএস ১৬-এর সঙ্গে উন্মোচন করার বদলে তারা ফিচারটি আনতে চাচ্ছে এই বছরের শেষ নাগাদ।

আইওএস ১৬ ওয়েব পেইজের ‘আর্কাইভড’ সংস্করণ দেখাচ্ছে, ফিচারটির উন্মোচন পেছানোর খবরটি যোগ হয়েছে এই সপ্তাহের কোনো এক সময়ে।

ব্যবহারকারীসহ সর্বোচ্চ পাঁচ জনকে স্বয়ংক্রিয়ভাবে একটি ছবির সংগ্রহ শেয়ারের সুযোগ দেওয়ার কথা রয়েছে ফিচারটির। ওইসব ছবির পাশাপাশি নির্দিষ্ট কোনো তারিখের বা ব্যক্তির ছবিও ব্যবহারকারীর ব্যক্তিগত লাইব্রেরিতে জুড়ে দেওয়ার সুযোগ মিলবে এতে।

ফিচারের উন্মোচন পেছানোর মতো ঘটনা অ্যাপলের কাছে নতুন কিছু নয়। ২০২১ সালে ‘শেয়ারপ্লে’, ‘ইউনিভার্সাল কন্ট্রোল’ ও এয়ারপডের ‘ফাইন্ড মাই সাপোর্ট’ ফিচার ছাড়াই উন্মোচিত হয়েছিল আইওএস ১৫। এর পরবর্তী কয়েক মাসে ফিচারগুলো এনেছে অ্যাপল।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, আইওএস ১৬-তে সম্ভবত এতগুলো ফিচার পেছাবে না। তবে, আইপ্যাডের জন্য ‘আইপ্যাডওএস ১৬’-এর একটি আপডেট পিছিয়ে সেটি উন্মোচিত হবে ‘আইপ্যাডওএস ১৬.১’ হিসেবে।

‘আইপ্যাডওএস ১৬’-এর জন্য আলাদা উন্মোচনের সময় নির্ধারণ ফিচারটি পেছানোর কারণে হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ফোনে ফিচার যোগ করার ধারণাটি সহজ বলে মনে হওয়ায় অনেকে বিভ্রান্ত হতে পারেন যে আইপ্যাড বা ম্যাকে এটি কেন দেখাচ্ছে না? অথবা এমন হতে পারে যে বাড়তি সতর্কতার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এর কারণ হতে পারে, ফিচারটি এমন ছবি নিয়ে কাজ করে যেগুলো ব্যবহারকারী হারাতে চাননা – প্রতিবেদনে বলেছে ভার্জ।

অ্যাপলের ওয়েবসাইট বলছে, ম্যাকের অপারেটিং সিস্টেম ‘ভেনচুরা’ উন্মোচিত হতে পারে অক্টোবরের কোনো এক সময়ে।

শেয়ার্ড ফটো লাইব্রেরির উন্মোচন সম্পর্কে ভার্জ অ্যাপলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।