১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনক্রিপশন, ভিডিও কলের সুবিধাসহ চ্যাটিং এল এক্সে

নতুন আপডেটে ভয়েস, ভিডিও কল, ফাইল শেয়ার ও পাঠানো মেসেজ এডিট বা মুছে ফেলার সুযোগ যোগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

এনক্রিপশন, ভিডিও কলের সুবিধাসহ চ্যাটিং এল এক্সে
এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও স্ক্রিনশট নোটিফিকেশন-এর মতো প্রাইভেসিনির্ভর ফিচারও রয়েছে এতে। ছবি: এক্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 03:10 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

অবশেষে দীর্ঘ প্রতিশ্রুতির চ্যাটিং প্ল্যাটফর্ম চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, যেখানে আগের সাধারণ ডাইরেক্ট মেসেজ বা ডিএম সিস্টেমের বদলে এখন আধুনিক বিভিন্ন মেসেজিং অ্যাপের মতো সুবিধা মিলবে। 

নতুন আপডেটে ভয়েস, ভিডিও কল, ফাইল শেয়ার ও পাঠানো মেসেজ এডিট বা মুছে ফেলার সুযোগ যোগ করেছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ও স্ক্রিনশট নোটিফিকেশন-এর মতো প্রাইভেসিনির্ভর ফিচারও রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।

নতুন মেসেজিং ফিচারটির নাম ‘চ্যাট’। বর্তমানে আইওএস ও ওয়েবে ব্যবহার করা যাচ্ছে ফিচারটি। তবে কোম্পানিটি বলেছে, ফিচারটি অ্যান্ড্রয়েডেও ‘শিগগিরই আসবে’। এ ছাড়া এমন এক ভয়েস মেমো ফিচার নিয়েও কাজ করছে তারা, যার মাধ্যমে ভয়েস মেসেজ আদান-প্রদান করতে পারবেন ব্যবহারকারীরা।

কয়েক মাস ধরেই নিজেদের নতুন ‘চ্যাট’ ফিচার আনার ইঙ্গিত দিয়ে আসছিল এক্স। এ বছরের শুরুর দিকে এনক্রিপটেড মেসেজিংয়ের প্রাথমিক এক সংস্করণ চালু করলেও অনির্দিষ্ট সমস্যার কারণে মে মাসে তা ‘বন্ধ’ করেছিল কোম্পানিটি। 

তবে এখন নতুন এনক্রিপশনে আগের এসব সীমাবদ্ধতা আর নেই। এক্স বলেছে, ‘নতুন ফিচারের মাধ্যমে এখন গ্রুপ মেসেজ ও মিডিয়া ফাইলও এনক্রিপ্ট করা যাবে’। তবে চ্যাটিংয়ের সঙ্গে থাকা মেটাডেটা বা প্রাপক সম্পর্কিত তথ্য এনক্রিপ্ট করা হয় না।

কোম্পানিটি আরও বলেছে, ‘আমরা ম্যান-ইন-দ্য-মিডল অ্যাটাক বা সাইবার আক্রমণ থেকে সুরক্ষা দেয় না’, এ ধরনের আক্রমণে এনক্রিপ্টেড চ্যাটিং ঝুুঁকির মধ্যে পড়তে পারে। 

এক্স বলেছে, এক্ষেত্রে কোম্পানির ভেতরের কোনো ব্যক্তি খারাপ উদ্দেশ্যে বা কোনো আইনি বাধ্যবাধকতার কারণে এক্স নিজেই যদি ব্যবহারকারীদের এনক্রিপ্ট করা কোনো কথোপকথন ঝুঁকির মুখে ফেলে তবে প্রেরক বা প্রাপক কেউই তা বুঝতে পারবে না। 

এ সমস্যা সমাধানে এমন কিছু ফিচার তৈরি করছে এক্স, যা ব্যবহারকারীদের এনক্রিপ্টেড কথোপকথন সত্যি নিরাপদ ও সঠিক কি না তা যাচাই করতে সাহায্য করবে।