Published : 07 Aug 2026, 05:12 PM
অনেক দিনের অপেক্ষা শেষে অবশেষে বসার ঘরের জন্য নতুন টিভিটি কেনার সব তার ঠিকঠাক প্লাগড-ইন, গেইমিং কনসোল ও স্ট্রিম বক্স যোগ করলেন এবং প্রিয় শো দেখার জন্য টিভির সামনে বসলেন। তবে প্লে বাটনে চাপ দিতেই চোখ কপালে ওঠার জোগাড়, ছবির মান একদমই ভালো নয়, যা আশা ভঙ্গের কারণ হয়ে দাঁড়াল।
নতুন টিভি কিনে চালুর পর ছবির বাজে মান দেখে হতাশ হবেন না। টিভির সেটিংয়ে লুকিয়ে থাকা সামান্য একটি মোড বন্ধ না করার কারণেই এমনটা হয় বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।
ম্যানুয়াল পদ্ধতিতে কালার বা ব্রাইটনেস অ্যাডজাস্ট করার ঝামেলায় যাওয়ার আগেই কেবল কয়েক সেকেন্ডে জেনে নিন কীভাবে পাবেন টিভির পারফেক্ট ডিসপ্লে।
টিভির সেটিংস মেনুতে গিয়ে প্রথমেই খুঁজবেন ‘স্টোর মোড’ বা ‘ডেমো মোড’। দোকান থেকে সরাসরি না কিনে অনলাইনে অর্ডার করলেও অনেক সময় নতুন টিভিতে ডিফল্ট হিসেবে মোডটি চালু থাকে।
শোরুমের তীব্র আলোতে টিভিকে আকর্ষণীয় দেখানোর জন্য মোডটি বিশেষভাবে তৈরি, যা ঘরে এসে ব্যবহারকারীর টিভি দেখার অভিজ্ঞতা এক নিমেষে নষ্ট করে দিতে পারে। এ মোড চালু থাকলে কয়েক মিনিট পর পর করা সেটিংও স্বয়ংক্রিয়ভাবে রিসেট হয়ে যেতে পারে।
কালার বা ব্রাইটনেস অ্যাডজাস্ট করার মতো জটিলতায় যাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে টিভিতে ‘স্টোর মোড’ বা ‘ডেমো মোড’ বন্ধ থেকে ‘হোম মোড’ চালু আছে কি না।
‘স্টোর মোড’ বা ‘ডেমো মোড’ কী? কীভাবে বন্ধ করবেন?
টিভির ম্যানুয়াল সেটিংয়ে হাত দেওয়ার আগে ‘স্টোর মোড’ বা ‘ডেমো মোড’ সম্পর্কে জানা জরুরি। স্টোর বা ডেমো মোড হচ্ছে নতুন টিভিতে থাকা বিশেষ এক সেটিং, যা শোরুম বা দোকানের প্রখর আলোর পরিবেশের কথা মাথায় রেখে তৈরি হয়।
ক্রেতারা যেন কেনার আগে টিভির ডিসপ্লের পুরো সক্ষমতা দেখতে পান সেজন্য নির্মাতা কোম্পানি ফিচারটি যোগ করে।
এই মোডের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে–
● অতিরিক্ত ব্রাইটনেস ও কনট্রাস্ট: এটা টিভির ব্যাকলাইট ও ব্রাইটনেস সর্বোচ্চ পর্যায়ে তুলে দেয়, যা শোরুমের ফ্লুরোসেন্ট আলোতে দেখতে ভালো লাগলেও ঘরের স্বাভাবিক আলোতে চোখ ধাঁধানো ও বাজে দেখায়।
● অন-স্ক্রিন ফিচার বিজ্ঞাপন: এ মোডে টিভির রেজুলিউশন, রিফ্রেশ রেট ও অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কিত বিজ্ঞাপন স্ক্রিনে বারবার ভেসে উঠতে পারে।
● স্বয়ংক্রিয় রিসেট: সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মোড চালু থাকলে ম্যানুয়াল পদ্ধতিতে কালার বা ব্রাইটনেস যত পরিবর্তনই করুন না কেন, কয়েক মিনিট পর পর টিভি আগের জায়গায় রিসেট হয়ে যায়।
এই ডেমো মোড কীভাবে বন্ধ করবেন?
মোডটি বন্ধ করা খুবই সহজ। ব্র্যান্ডভেদে সেটিংয়ে মেনুর স্থান কিছুটা আলাদা হতে পারে। এজন্য প্রথমে টিভির সেটিংস অপশনে যান, এখান থেকে ‘অ্যাডভান্সড সেটিংস’ বা ‘সিস্টেম/জেনারেল’ অপশনটি খুঁজে বের করুন।
এরপর এখান থেকে ‘ইউজেস মোড’, ‘রিটেইল মোড’ বা ‘ডেমো মোড’ নামের অপশন দেখতে পাবেন। অপশনটি ‘স্টোর মোড’ থেকে পরিবর্তন করে ‘হোম মোড’-এ সেট করে দিন।
সেটিংসে ‘অটো স্টোর মোড’ নামে কোনো অপশন থাকলে সেটাও বন্ধ করে দিন।
ব্যবহারকারী নিজের টিভির মেনুতে এমনটা খুঁজে না পেলে গুগলে গিয়ে ‘হাও টু টার্ন অফ স্টোর মোড অন’-এর পর তার টিভির ব্র্যান্ড নাম লিখে সার্চ করলেই সঠিক পথ পেয়ে যাবেন।
মোডটি বন্ধ করার সঙ্গে সঙ্গেই টিভির ছবি কোয়ালিটিতে উন্নতি লক্ষ্য করবেন। এরপর প্রয়োজন অনুসারে ছবির উজ্জ্বলতা বা কালার প্রি-সেট সামান্য টিউন করে নিলে প্রত্যাশিত পারফেক্ট ভিউ পাবেন!