১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মোবাইল থেকে টিভিতে কাস্টিং সুবিধা বন্ধ করল নেটফ্লিক্স

এ পরিবর্তন গত কয়েক সপ্তাহে ধাপে ধাপে চালু হয়েছে, যেখানে ব্যবহারকারীদের নিজেদের টিভির রিমোট ব্যবহার করে নেটফ্লিক্স ব্যবহারের পরামর্শ দিয়েছে প্লাটফর্মটি।

মোবাইল থেকে টিভিতে কাস্টিং সুবিধা বন্ধ করল নেটফ্লিক্স
পরিবর্তনের ঘোষণা দেওয়া হলেও কেন ফিচারটি সরানো হয়েছে তা বলেনি প্লাটফর্মটি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2025, 02:20 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

মোবাইল থেকে টিভিতে শো বা সিনেমা ‘কাস্ট’ করার সুবিধা সরিয়ে দিয়েছে নেটফ্লিক্স। কেবল পুরানো কাস্টিং ডিভাইস ব্যবহারকারীদের জন্য সুবিধাটি এখনও কার্যকর।

নেটফ্লিক্সের ওয়েবসাইটে আপডেট করা হেল্প পেইজে প্লাটফর্মটি বলেছে, তাদের সাইটটিতে ‘অধিকাংশ টিভি ও টিভিস্ট্রিমিং ডিভাইসে মোবাইল থেকে কাস্ট অপশনটি আর কাজ করবে না’। ফলে ব্যবহারকারীদের নিজেদের টিভির রিমোট ব্যবহার করে নেটফ্লিক্স ব্যবহারের পরামর্শ দিয়েছে তারা।

এ পরিবর্তন গত কয়েক সপ্তাহে ধাপে ধাপে চালু হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ।

রেডিট-এ একজন ব্যবহারকারী বলেছেন, ১০ নভেম্বর “কোনো সতর্কতা ছাড়াই কাস্ট ফিচারটি বন্ধ করেছে নেটফ্লিক্স। বিষয়টি আমার সহকর্মী ডম প্রেস্টনও দেখেছেন। তিনি পুরানো নেটফ্লিক্স অ্যাপ ব্যবহার করে টিভিতে কাস্ট করতে পারলেও অ্যাপটি আপডেটের পর কাস্টিং অপশনটি আর দেখা যায়নি।”

নেটফ্লিক্সের হেল্প পেইজ অনুসারে, পুরানো ক্রোমকাস্ট ডিভাইস বা যেসব টিভি নেটিভভাবে গুগল ক্যাস্ট সমর্থন করে সেগুলোতে কাস্টিং এখনও সম্ভব। তবে এটি কেবল সেইসব সাবস্ক্রাইবারের জন্য যারা দামি ও বিজ্ঞাপন নেই এমন প্ল্যানের নেটফ্লিক্স প্যাকেজ ব্যবহার করছেন, যার জন্য মাসে তাদের প্রায় ১৮ ডলার গুণতে হয়।

অন্যদিকে, বিজ্ঞাপন রয়েছে এমন প্যাকেজের সাবস্ক্রিপশন ফি প্রতি মাসে প্রায় ৮ ডলার। যারা এ প্যাকেজ ব্যবহার করছেন তাদের কাছে পুরানো ক্রোমকাস্ট ডিভাইস থাকলেও মোবাইল থেকে আর কাস্ট অপশন করতে পারবেন না।

নেটফ্লিক্সের হেল্প পেইজে কাস্টিং পরিবর্তনের ঘোষণা দেওয়া হলেও কেন ফিচারটি সরানো হল তা বলেনি প্লাটফর্মটি। 

আগেও এমন আচরণ করেছে স্ট্রিমিং সাইটটি। ২০১৯ সালে ‘এয়ারপ্লে’ বন্ধের সময়ও এমন পদক্ষেপ নিয়েছিল নেটফ্লিক্স।

ওই সময় প্লাটফর্মটি বলেছিল, ‘ব্যবহারকারীদের ভিডিও দেখার সময় ভিডিওর মান যেন ঠিক থাকে’ সেই বিষয়ে দায়িত্বশীল তারা।

তবে বর্তমানে কাস্ট ফিচার সরিয়ে দেওয়ার বিষয়ে ভার্জের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি নেটফ্লিক্স।