১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ওয়াই-ফাই নেটওয়ার্কে কলের সুবিধা আনল গ্রামীণফোন

মোবাইল অপারেটর থেকে টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের কৌশলের অংশ হিসেবেই এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেছে কোম্পানিটি।

ওয়াই-ফাই নেটওয়ার্কে কলের সুবিধা আনল গ্রামীণফোন
এতে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না। ছবি: গ্রামীণফোন

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 05:35 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

দেশে মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও স্পষ্ট ও স্থিতিশীল ভয়েস কল করার সুযোগ বাড়াতে গ্রামীণফোন চালু করেছে ওয়াই-ফাই কলিং সেবা।

নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকলে গ্রাহকরা মোবাইল সিগনাল দুর্বল হলেও কল করতে পারবেন এই প্রযুক্তির মাধ্যমে।

ওয়াই-ফাই কলিং মূলত ভয়েস ওভার ওয়াই-ফাই বা ভিওওয়াইফাই প্রযুক্তিনির্ভর। এই সেবা চালুর ফলে ভিওএলটিই সেবার আওতায় থাকা গ্রামীণফোন গ্রাহকরা নির্ধারিত স্মার্টফোন ব্যবহার করে উন্নতমানের ভয়েস কল উপভোগ করতে পারবেন। 

এতে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না।

সেবাটি চালুর প্রাথমিক পর্যায়ে কয়েকটি ইন্টারনেট সেবা প্রদানকারীর সঙ্গে অংশীদারত্ব করছে গ্রামীণফোন। এর মধ্যে রয়েছে ব্র্যাকনেট, কার্নিভাল ইন্টারনেট, চট্টগ্রাম অনলাইন লিমিটেড এবং এমআইমি-ইন্টারনেট। নির্দিষ্ট এসব ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকলেই সেবাটি ব্যবহার করা যাবে।

গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা সোলায়মান আলম বলেন, “ওয়াই-ফাই কলিং সেবা চালুর মাধ্যমে গ্রাহকরা এখন থেকে ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও উচ্চ মানসম্পন্ন ভয়েস কল উপভোগ করতে পারবেন।”

মোবাইল অপারেটর থেকে টেলকো-টেক কোম্পানিতে রূপান্তরের কৌশলের অংশ হিসেবেই এই সেবা চালু করা হয়েছে বলে উল্লেখ করেছে কোম্পানিটি। বাড়তি কোনো খরচ ছাড়াই উন্নত ভয়েস কল সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির কথাও বলেছে তারা।

ওয়াই-ফাই কলিং সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রামীণফোনের ওয়েবসাইটে পাওয়া যাবে।