Published : 17 Jun 2026, 04:40 PM
৫০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে মেটার জনপ্রিয় অ্যাপ থ্রেডস।
প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, লেখালেখিভিত্তিক এ সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে গত বছরের অগাস্টের পর থেকে নতুন করে যোগ হয়েছেন প্রায় ১০ কোটি মানুষ।
এশিয়ার বাজারে ব্যাপক জনপ্রিয়তার ওপর ভর করে আগামী মাসে থ্রেডস-এর তৃতীয় বর্ষপূর্তির আগেই এ সাফল্য পেল মেটা।
এক ব্লগ পোস্টে মেটা বলেছে, অ্যাপটির ‘কমিউনিটি’ ফিচারটিই এ সাম্প্রতিক দ্রুত বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে।
শুরুর দিকে থ্রেডসকে জনপ্রিয় করে তুলতে মেটা তাদের চেনা ছকের চতুর মার্কেটিং কৌশল দারুণভাবে কাজে লাগিয়েছিল।
অ্যাপটি ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার তালিকার ওপর পুরোপুরি ভরসা করে মাঠে নেমেছিল এবং থ্রেডস-এর ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টকে ইনস্টাগ্রাম ও ফেইসবুকের ফিডের একদম ওপরে তুলে দেখাত।
তবে মেটার দাবি, তাদের সাম্প্রতিক সময়ের ব্যবহারকারী বৃদ্ধি স্বাভাবিক ও স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। এখন মানুষ মেটার অন্যান্য অ্যাপের লিংকে ক্লিক করে না এসে সরাসরি থ্রেডস অ্যাপটিই বেশি ব্যবহার করছেন।
মেটা বলেছে, এশিয়ায় বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও জাপানে থ্রেডস-এর জনপ্রিয়তা বেড়েছে। গেল বছরের তুলনায় এ দুই দেশে অ্যাপটিতে কাটানো সময় যথাক্রমে ৮০ শতাংশ ও ১৩০ শতাংশ বেড়েছে।
তবে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর চেয়ে মাসিক ব্যবহারের হিসাব সবসময়ই বেশি ইতিবাচকভাবে দেখানো হয়। গেল অক্টোবরের পর থেকে থ্রেডস-এর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর কোনো সংখ্যা প্রকাশ করেনি মেটা। ওই সময় এ সংখ্যা ছিল ১৫ কোটি।
বর্তমানে দৈনিক সক্রিয় ব্যবহারকারী কত তা জানতে চাওয়া হলে কোম্পানিটি সুনির্দিষ্ট কোনো তথ্য না দিয়ে কেবল বলেছে, বিশ্বজুড়ে এ সংখ্যাটি ‘বছরের ব্যবধানে বেশ জোরালোভাবেই বাড়ছে’।
প্ল্যাটফর্মটির জন্য ৫০ কোটি ব্যবহারকারীর সংখ্যা স্পর্শ করা বড় সাফল্য। কারণ থ্রেডস নিয়ে মার্ক জাকারবার্গ একদিন ১০০ কোটি ব্যবহারকারীতে পৌঁছানোর আশা প্রকাশ করেছিলেন।
তবে এ বৃদ্ধি এখনও কোম্পানির আয়ের খাতায় বড় কোনো প্রভাব ফেলতে পারেনি। এ বছরের শুরুতে দুইশোটি দেশে থ্রেডস-এ বিজ্ঞাপন দেখানো শুরু করেছে মেটা।
এপ্রিলে কোম্পানিটির প্রধান আর্থ কর্মকর্তা সুসান লি বলেছিলেন, মেটা ২০২৬ সালে অ্যাপটি থেকে আয় বেড়ে যাওয়ার ক্ষেত্রে বড় ‘আশার আলো’ দেখছে না।
মাসিক ব্যবহারকারী বেড়ে যাওয়ার পাশাপাশি মেটা তাদের থ্রেডস অ্যাপে বেশ কিছু নতুন ফিচার নিয়ে আসছে, যার বেশিরভাগই অ্যাপের ভেতরের কমিউনিটির ওপর জোর দিয়ে তৈরি।
ব্যবহারকারীরা যাতে সহজেই তাদের পছন্দের গ্রুপগুলো খুঁজে পান, সেজন্য প্ল্যাটফর্মটিতে ‘ডিসকভারি হাব’ যোগ করা হচ্ছে। এর সঙ্গে গ্রুপে যারা সবচেয়ে বেশি অবদান রাখছেন তাদের জন্য ‘টপ কন্ট্রিবিউটর’ ব্যাজের ব্যবস্থাও থাকছে।
এ ছাড়া, সম্প্রতি ঘোষণা করা ‘লাইভ চ্যাট’ ফিচারটি আগামী জুলাইয়ের মধ্যে সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
থ্রেডস-এ যোগ হচ্ছে ‘ইওর অ্যালগো’ নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা কিছুদিন আগে ইনস্টাগ্রামেও চালু হয়েছে। এর আগে থ্রেডস ব্যবহারকারীরা সাময়িকভাবে তাদের অ্যালগরিদম পরিবর্তনের জন্য ‘ডিয়ার অ্যালগো’ লিখে পোস্টের সুযোগ পেতেন।
তবে নতুন এ ফিচারের কল্যাণে ব্যবহারকারীদের সেসব পছন্দ এখন থেকে সম্পূর্ণ গোপন থাকবে। এসব অনুরোধ আগের মতোই সাময়িক হবে। কারণ, মেটা থ্রেডস-এর সেই অদ্ভুত ও খেয়ালি কনটেন্ট সাজানোর সক্ষমতা পুরোপুরি নিজেদের হাত থেকে ছেড়ে দিতে চায় না।
ব্যবহারকারীর যদি নিয়মিত তার পছন্দের তালিকাটি আপডেট করেন তবে এ ফিচারটি অ্যাপকে সবসময় ব্যবহারকারীর মনের মতো আপ-টু-ডেট রাখতে সাহায্য করবে।