১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাইবার হামলায় গ্রাহক তথ্য বেহাত হয়েছে, জানাল জাগুয়ার

‘রে’ নামে পরিচিত একজন ইংরেজি ভাষাভাষী হ্যাকার এ হ্যাকিংয়ের দায় স্বীকার করেছেন। এ হামলার কারণে গাড়ি তৈরির কাজ বন্ধ রাখতে হয়েছে কোম্পানিটির।

সাইবার হামলায় গ্রাহক তথ্য বেহাত হয়েছে, জানাল জাগুয়ার
৩১ অগাস্ট হ্যাকিংয়ের শিকার হয় জাগুয়ার ল্যান্ড রোভার। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2025, 02:48 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

সাইবার আক্রমণের ঘটনায় কিছু গ্রাহকের তথ্য বেহাত হয়েছে বলে জানিয়েছে জাগুয়ার ল্যান্ড রোভার।

কোম্পানিটি বলেছে, সাইবার আক্রমণের ফলে তাদের ‘কিছু তথ্যে’ প্রবেশ করতে পেরেছে হ্যাকার। এ আক্রমণের কারণে গাড়ি তৈরির কাজও বন্ধ রাখতে হয়েছে তাদের।

তবে এর আগে জাগুয়ার ল্যান্ড রোভার বলেছিল, কোনো তথ্য চুরি হয়েছে কি না সে সম্পর্কে তাদের কাছে কোনো প্রমাণ নেই।

বুধবার কোম্পানিটি বলেছে, তাদের তদন্তে এখন উঠে এসেছে, কিছু তথ্যে প্রবেশ করেছে হ্যাকার এবং এ বিষয়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাগুলোকে জানাবে তারা। এ হামলার ফলে যাদের তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঙ্গেও কোম্পানিটি যোগাযোগ করবে।

এর আগে, ৩১ অগাস্ট নিজেদের বৈশ্বিক কার্যক্রমে সমস্যা দেখা দেওয়ার পর সিস্টেম বন্ধ করে দিয়েছিল ভারতের টাটা মোটর্সের মালিকানাধীন এ কোম্পানিটি।

এখনও কোম্পানিটির হ্যালিউডে মার্সিসাইড ও সলোহালে ওয়েস্ট মিডল্যান্ডস এবং ওলভারহ্যাম্পটনে অবস্থিত ইঞ্জিন তৈরির কারখানাগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

এসব কারখানার কর্মীরা বর্তমানে অপেক্ষায় রয়েছেন এবং প্রতিদিন তাদেরকে জানানো হচ্ছে, কাজের জন্য তারা কারখানায় ফিরে যাবেন কি না।

এদিকে, ‘রে’ নামে পরিচিত একজন ইংরেজি ভাষাভাষী হ্যাকার এ হ্যাকিংয়ের দায় স্বীকার করেছেন।

‘জাগুয়ার ল্যান্ড রোভার’-এর একজন মুখপাত্র বলেছেন, “যখন থেকে সাইবার ঘটনার বিষয়ে আমরা জানতে পেরেছি তখন থেকেই তৃতীয় পক্ষের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সঙ্গে মিলিয়ে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। যাতে আমাদের বৈশ্বিক বিভিন্ন অ্যাপ্লিকেশনকে নিয়ন্ত্রিত ও নিরাপদভাবে পুনরায় চালু করা যায়।

“চলমান তদন্তের ফলে এখন আমরা বিশ্বাস করি আমাদের কিছু তথ্য বেহাত হয়েছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে এ বিষয়ে অবহিত করেছি আমরা।

“আমাদের ফরেনসিক তদন্ত দ্রুতগতিতে চলছে এবং এতে কারো তথ্য ক্ষতিগ্রস্ত হলে আমরা প্রয়োজন অনুসারে তাদের সঙ্গে যোগাযোগ করবো।

“এ ঘটনার কারণে যেসব অসুবিধা হচ্ছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও এ তদন্ত চলাকালে আমরা নিয়মিত আপডেট দিতে থাকব।”