১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআই মোডে দুটি নতুন ফিচার যোগ, সার্চ সুবিধা আরও বাড়াচ্ছে গুগল?

নিজেদের সার্চ এআই মোড-এ ‘জেমিনাই ২.৫ প্রো’ ও ‘ডিপ সার্চ’ নামের নতুন দুটি এআই ফিচার যোগ করেছে গুগল।

এআই মোডে দুটি নতুন ফিচার যোগ, সার্চ সুবিধা আরও বাড়াচ্ছে গুগল?
এসব নতুন ফিচার গুগলের ‘আই/ও কনফারেন্স’-এ দেওয়া ঘোষণারই পরবর্তী পদক্ষেপ। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

গুগলে ব্যবহারকারীদের কোনোকিছু খোঁজাকে সহজ করতে এআই মোড ফিচারকে আরও উন্নত ও এতে নতুন দুটি ফিচার যোগ করছে মার্কিন সার্চ জায়ান্টটি।

বৃহস্পতিবার নিজেদের সার্চ এআই মোড-এ ‘জেমিনাই ২.৫ প্রো’ ও ‘ডিপ সার্চ’ নামের নতুন দুটি এআই ফিচার যোগ করেছে গুগল। এসব ফিচার কেবল গুগল এআই প্রো ও গুগল এআই আল্ট্রা গ্রাহকদের জন্য পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। 

এসব টুল অন্য উপায়েও ব্যবহার করা যায়। তবে এগুলোকে নিজেদের চ্যাটবটে যোগ করে গুগল ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতে তাদের সার্চ পরিষেবায় কেবল এআই মোড ব্যবহার করেই সার্চ করতে পারবেন ব্যবহারকারীরা।

এনগ্যাজেট লিখেছে, এসব নতুন ফিচার গুগলের বসন্তকালীন ‘আই/ও কনফারেন্স’-এ দেওয়া ঘোষণারই পরবর্তী পদক্ষেপ। মে মাসে সব ব্যবহারকারীর জন্য ‘এআই মোড’ চালুর কাজ শুরু করে গুগল। ওই সময়ই ‘জেমিনাই ২.৫ প্রো’ মডেলের জন্য ‘ডিপ থিংক’ নামের অপশন চালুর ঘোষণা দিয়েছিল কোম্পানিটি।

‘আই/ও কনফারেন্স’-এ ‘প্রজেক্ট অ্যাস্ট্রা’ নামের আরেকটি এআই টুল আনার বিষয়েও ইঙ্গিত দিয়েছিল গুগল, যার মাধ্যমে জেমিনাইতে ফোন কলও করতে পারবেন ব্যবহারকারীরা। এ ফিচারটিও এখন সীমিত পরিসরে এআই মোড-এ আনছে গুগল।

শুরুতে ফিচারটি দিয়ে কেবল স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানে কল করতে পারবেন ব্যবহারকারীরা, যেখানে ফোন কলের বিষয়ও সীমিত থাকবে। যেমন কোনো পণ্য স্টকে আছে কি না ও এর মূল্য জানতে চাওয়ার মতো কল করা যাবে।

এ এআইয়ের মাধ্যমে ফোন কলের সুবিধাটি বৃহস্পতিবার থেকেই সব সার্চ ব্যবহারকারীর জন্য চালু করছে গুগল। তবে এআই প্রো ও এআই আল্ট্রা গ্রাহকেরা এটি বেশি সংখ্যকবার ব্যবহারের সুযোগ পাবেন।