১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিগ টেককে দেওয়া ছাড়ের অর্থে কী করা যেত বললেন সেনেটর ওয়ারেন

২০২৬ সালে এ বিলের আওতায় কেবল মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটই কর ছাড় পাবে ১ হাজার ২৫০ কোটি ডলার।

বিগ টেককে দেওয়া ছাড়ের অর্থে কী করা যেত বললেন সেনেটর ওয়ারেন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ এর আওতায় কর ছাড় পাচ্ছে বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 11:35 AM

Updated : 26 Aug 2026, 05:05 PM

বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির কর ছাড়ের অর্থ দিয়ে কোটি কোটি আমেরিকানের জন্য সুবিধা দেওয়া যেত– এমনই বলছেন মার্কিন সেনেটর এলিজাবেথ ওয়ারেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার উৎসাহে রাজনীতিতে আসা হার্ভার্ডের এ সাবেক আইনের অধ্যাপক বরাবরই আমেরিকান ‘বিগ টেক-এর লাগামহীন অর্থলোভের’ কড়া সমালোচক।

স্বাভাবিকভাবেই, এ বিষয়ে শুক্রবার ওয়ারেনের অফিস প্রকাশ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’-এর আওতায় বড় প্রযুক্তি কোম্পানিগুলো কী পরিমান কর ছাড় পেয়েছে।

এনগ্যাজেট লিখেছে, “এ কর ছাড়ের পরিমাণ সাধারণ কর্মজীবী পরিবারের সুবিধার সঙ্গে তুলনা করলে বোঝা যায়, এই অর্থ কত মানুষের উপকার করতে পারত বা সাধারণ মানুষের জীবনে কতটা সুবিধা এনে দিত।

সেনেটর ওয়ারেনের মতে, ২০২৬ সালে এ বিলের আওতায় কেবল মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটই কর ছাড় পাবে ১ হাজার ২৫০ কোটি ডলার। এই পরিমাণ অর্থ মার্কিন সরকারের খাদ্য সহায়তা প্রোগ্রাম ‘সাপ্লিমেন্ট নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’-এ দেওয়া হলে ৫২ লাখ মানুষ খাবার পেতেন।

এ ছাড়া এ অর্থ দিয়ে ১৬ লাখ প্রাপ্তবয়স্ক বা ৩৮ লাখ শিশুকে চিকিৎসা সহায়তা দেওয়া কিংবা ১৯ লাখ আমেরিকানের স্বাস্থ্য বীমা প্রিমিয়াম কমানো যেত।

রাজনীতিতে আসার আগে এলিজাবেথ ওয়ারেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক ছিলেন। ছবি: রয়টার্স

রাজনীতিতে আসার আগে এলিজাবেথ ওয়ারেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক ছিলেন

এ বছর ১ হাজার ৬০০ কোটি ডলার কর ছাড় পেতে চলেছে মার্কিন ইকমার্স জায়ান্ট অ্যামাজন, যা ২০ লাখ প্রাপ্তবয়স্ক বা ৫৪ লাখ শিশুকে চিকিৎসা সহায়তা, ২৪ লাখ আমেরিকানের স্বাস্থ্যবীমা প্রিমিয়াম কমানো অথবা ৬৬ লাখ মানুষকে খাবারের সহায়তা দেওয়ার সমান।

অন্যদিকে, এ বছর ১ হাজার ৭৯০ কোটি ডলারের কর ছাড় পেতে চলেছে মার্কিন সার্চ জায়ান্ট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট। এ অর্থ দিয়ে ২৩ লাখ প্রাপ্তবয়স্ক বা ৫৪ লাখ শিশুকে চিকিৎসা সহায়তা দেওয়া, ২৮ লাখ মানুষের স্বাস্থ্যবীমা প্রিমিয়াম কমানো অথবা ৭৫ লাখ মানুষকে খাবার সহায়তা দেওয়া যেত।

এদিকে, হোয়াইট হাউসের বিলাসবহুল বলরুমের জন্য অর্থ দিচ্ছে বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। ওয়ারেনের বিশ্লেষণে ২০২৬ সালে সব কর্পোরেশনের জন্য মোট ১৩ হাজার ৭০০ কোটি ডলারের কর ছাড়, ২০২৭ সালে সবচেয়ে ধনী ১ শতাংশের জন্য ১৩ হাজার ২০০ কোটি ডলার বরাদ্দসহ নানা তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে ওয়ারেন বলেছেন, “ডনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানরা লাখ লাখ আমেরিকানকে তাদের স্বাস্থ্য বীমা থেকে বাদ দিচ্ছে এবং পরিবারের জন্য খাবারের সহায়তা কমাচ্ছে। আর এ সবের কারণ হচ্ছে, যাতে বিলিয়নেয়ার ও বড় বিভিন্ন প্রযুক্তির কোম্পানিকে মেটা অংকের কর ছাড় দেওয়া যায়।”