যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নয় ‘টুইটার ব্লু’
মাস্কের নতুন নীতিমালার অধীনে, অর্থ পরিশোধ করে যে কেউই ‘ব্লু’ সেবার অধীনে নিজের অ্যাকাউন্টে ‘ভেরিফাইড’ চিহ্ন আনতে পারবেন।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে নতুন গ্রাহক সেবা ‘ব্লু’ চালু না করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার।
এই প্রকল্পে কাজ করা এক ব্যবস্থাপক বলেছেন, তারা সেবাটির উন্মোচনের তারিখ নির্বাচনের পর অর্থাৎ ৯ নভেম্বর পর্যন্ত পিছিয়েছেন বলে কোম্পানির এক অভ্যন্তরীন মেমো’র বরাত দিয়ে প্রতিবেদনে লিখেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।
এই মাসের শুরুতে তুলনামূলক কম বিজ্ঞাপন, সার্চে অগ্রাধিকার ও আগের চেয়ে বড় দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করার সুবিধাসহ মাসিক সাত দশমিক ৯৯ ডলার মূল্যের গ্রাহক সেবা ‘ব্লু’ চালুর ঘোষণা দিয়েছিলেন প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক।
মাস্কের নতুন নীতিমালার অধীনে, অর্থ পরিশোধ করে যে কেউই ‘ব্লু’ সেবার অধীনে নিজের অ্যাকাউন্টে ‘ভেরিফাইড’ চিহ্ন আনতে পারবেন। তবে, এটি ঘটলে, কোনো ব্যবহারকারী গুরুত্বপূর্ণ বিভিন্ন অ্যাকাউন্টকে একই নামের অথচ নীল টিক চিহ্নযুক্ত ভুয়া অ্যাকাউন্ট থেকে আলাদা করতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা বেড়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এই শঙ্কা নিয়ে বিতর্ক আরও জোড়ালো হয়ে উঠেছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে। কারণ, এর ফলে বিভিন্ন রাজনীতিবিদ ও সংবাদমাধ্যমের নামে ‘ভেরিফায়েড’ অ্যাকাউন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ানো সহজ হয়ে যাবে।
মাস্কের অধিগ্রহনের আগে, টুইটারে গুরুত্বপূর্ণ কারো নামে বানানো ভুয়া অ্যাকাউন্ট মোকাবেলার উদ্দেশ্যে কেবল সুপরিচিত ব্যক্তিত্বদের বেলাতেই ভেরিফাইড চিহ্ন ব্যবহারের সুযোগ মিলতো। বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বকে নিয়ে বানানো ব্যঙ্গাত্মক বা ‘আনানুষ্ঠানিক ফ্যান অ্যাকাউন্টে’ ব্লু ব্যাজ না দেওয়ার লক্ষ্যেও কিছু বিশেষ নীতিমালা ছিল প্ল্যাটফর্মটিতে।
মাস্ক প্ল্যাটফর্মটিতে থাকা ছদ্মবেশি অ্যাকাউন্টের বিষয়টি ব্যবহারকারীদের কীভাবে জানাবেন, সে বিষয়টি এখনও পরিষ্কার না হলেও অ্যাপ গবেষক নিমা ওউজি একটি সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলছেন, বিভিন্ন পরিচিত ব্যক্তিত্বের অ্যাকাউন্টে ‘অফিসিয়াল অ্যাকাউন্ট’ লেবেল যোগ করার পরিকল্পনা থাকতে পারে মাস্কের। পাশপাশি, গ্রাহকদের ভেরিফাইড চিহ্নের পাশে সম্ভবত একটি ছোট ‘পপ-আপ’ও আসবে, যেখানে অ্যাকাউন্ট মালিকের ‘পরিচয়’ জানা যাবে।
ভার্জের আগের এক প্রতিবেদনে উঠে এসেছে, প্রাথমিকভাবে ৭ নভেম্বরের মধ্যে কর্মীদের ব্লু সেবাটি চালু করতে বলেছিলেন মাস্ক। এই তারিখের মধ্যে সেবাটি চালু করতে না পারলে তাদের ছাঁটাইয়ের হুমকিও দেন তিনি।
শনিবার নিজেদের আইওএস অ্যাপটি আপডেট করেছে টুইটার, যেখানে নতুন ব্লু গ্রাহক সেবার কথা উল্লেখ থাকলেও এতে প্রবেশ করা সম্ভব হয়নি। অল্প সময়ের মধ্যেই এই পরিবর্তনও ফিরিয়ে নিয়েছে টুইটার।
এই প্রকল্পের নেতৃত্বে থাকা টুইটারের এক পণ্য ব্যবস্থাপক এস্থার ক্রফোর্ড নিশ্চিত করেছেন, এইসব ফিচার ‘শীঘ্রই আসছে’। তবে, এর আনুষ্ঠানিক উন্মোচন সবাই কবে দেখতে পাবে, ওই বিষয়টি উল্লেখ করেননি তিনি।
