১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পডকাস্টে স্বয়ংক্রিয় সাবটাইটেল ফিচার পরীক্ষা করছে থ্রেডস

থ্রেডসের পক্ষ থেকে পডকাস্টারদের উৎসাহিত করার জন্য একাধিক টুল তৈরির কাজ চলছে। এ ট্রান্সক্রিপশন সুবিধাটি তারই একটি অংশ।

পডকাস্টে স্বয়ংক্রিয় সাবটাইটেল ফিচার পরীক্ষা করছে থ্রেডস
সামাজিক যোগাযোগ নেটওয়ার্কটির আগ্রহের একেবারে কেন্দ্রে রয়েছেন পডকাস্টাররা। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 11:30 AM

Updated : 11 Sep 2026, 03:54 PM

পডকাস্টের প্রসার ও প্রচার বাড়াতে নতুন কিছু ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস।

প্ল্যাটফর্মটির প্রধান কনর হেইস বলেছেন, অডিও ক্লিপ থেকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট ট্রান্সক্রিপশন বা সাবটাইটেল তৈরির টুল নিয়ে কাজ করছেন তারা।

প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট প্রতিবেদনে লিখেছে, এ ফিচারের মাধ্যমে যেসব ব্যবহারকারী সাউন্ড বন্ধ রেখে ফিড স্ক্রল করেন তারা অডিও না শুনেও স্ক্রিনে উঠে আসা টেক্সটের সাহায্যে সহজেই পডকাস্টের বিষয়বস্তু অনুসরণ বা পাঠ করতে পারবেন।

থ্রেডসের পক্ষ থেকে পডকাস্টারদের উৎসাহিত করার জন্য একাধিক টুল তৈরির কাজ চলছে। এ ট্রান্সক্রিপশন সুবিধাটি তারই একটি অংশ।

মেটা মালিকানাধীন টেক্সটভিত্তিক এ প্ল্যাটফর্মটি পডকাস্ট নির্মাতাদের নিজেদের বিভিন্ন পর্ব শেয়ার করতে ও শ্রোতাদের এনগেজমেন্ট বাড়াতে আরও আধুনিক ফিচার যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখছে।

থ্রেডসে পরীক্ষা-নিরীক্ষা চালানো সব ফিচার আনুষ্ঠানিকভাবে চালুর নিশ্চয়তা না থাকলেও কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুবিধা এনে প্ল্যাটফর্মের সক্রিয়তা বাড়ানোকে এই মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে কোম্পানিটি।

সামাজিক নেটওয়ার্কটির আগ্রহের কেন্দ্রে রয়েছেন পডকাস্টাররা। টেক্সটভিত্তিক অ্যাপ হলেও অডিও-ভিজুয়াল কনটেন্ট প্রচার সহজ করতে গেল বছরের নভেম্বরে পডকাস্টারদের জন্য বিশেষ প্রমোশনাল টুলও যোগ করেছিল থ্রেডস।

দ্রুত প্রসার ঘটতে থাকা এ সামাজিক মাধ্যমটি জুনে মাসিক ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছে।

দ্রুত বাড়তে থাকা ব্যবহারকারী শ্রেণিকে ধরে রাখতে ও অ্যাপের সুবিধা বাড়াতে এমন বিশেষায়িত ফিচার ও মেটেরিয়াল আনাই এখন প্ল্যাটফর্মটির জন্য যৌক্তিক পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।