ব্যাকআপের জন্য পাসকি ব্যবহারের সুবিধা এল হোয়াটসঅ্যাপে
পাসকির সুবিধা হচ্ছে এর মাধ্যমে ব্যবহারকারীদের অতিরিক্ত কোনো পাসওয়ার্ড বা ‘এনক্রিপশন কি’ মনে রাখতে হয় না।
ব্যাকআপের জন্য পাসকোড বা পাসকি চালু করছে হোয়াটসঅ্যাপ, যা দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে থাকা ব্যবহারকারীদের জন্য খুবই ভালো খবর।
এ নতুন সুবিধার ফলে চ্যাটিং, ছবি, ভয়েস নোটের মতো যে কোনো ব্যাকআপ করা কনটেন্টের নিরাপত্তায় বাড়তি একটি স্তর যোগ হল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।
পাসকির আরেকটি সুবিধা হচ্ছে এর মাধ্যমে ব্যবহারকারীদের অতিরিক্ত কোনো পাসওয়ার্ড বা ‘এনক্রিপশন কি’ মনে রাখতে হয় না।
যারা পাসকি সম্পর্কে পরিচিত নন তাদের জেনে রাখা দরকার, পাসকি ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটায় প্রবেশ করতে দেয় বায়োমেট্রিক চিহ্নের মাধ্যমে। যেমন– আঙ্গুলের ছাপ বা মুখ স্ক্যান। তবে এই বিশেষ পাসকি কিছু ডিভাইসে স্ক্রিন লক কোডের সঙ্গেও কাজ করবে।
বৃহস্পতিবার চালু হয়েছে এ ফিচারটি। তবে সব ব্যবহারকারীর কাছে এ ফিচার পৌঁছাতে কয়েক সপ্তাহ সময় লাগবে। হোয়াটসঅ্যাপ এক বিশাল বৈশ্বিক প্ল্যাটফর্ম। তবে একবার আপডেট হলে অ্যাপটির সেটিং ট্যাবে গিয়ে ফিচারটির ব্যবহার শুরু করতে পারবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য আরেকটি নিরাপত্তা স্তর এই ফিচার। কারণ হোয়াটসঅ্যাপের ব্যাকআপ এরইমধ্যে এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে। প্ল্যাটফর্মটি ২০২১ সাল থেকে এমনটি করে আসছে। আর পাসকি সমর্থন হোয়াটসঅ্যাপে চালু হয়েছে কেবল গত বছর।
