Published : 19 May 2025, 06:36 PM
বর্তমানে যুক্তরাজ্যে চালকবিহীন ট্যাক্সি চালু করতে প্রস্তুত উবার। তবে ব্রিটিশ সরকার বলেছে, এখনও পুরোপুরি স্বয়ংক্রিয় গাড়ির অনুমোদন দিতে কিছুটা সময় নিতে চায় তারা।
দেশটির আগের সরকার বলেছিল, চালকবিহীন গাড়ি ২০২৬ সালের মধ্যেই রাস্তায় চলবে। তবে নতুন সরকার এখন বলছে, সম্ভবত ২০২৭ সালের শেষের দিকে এ ধরনের গাড়ি রাস্তায় নামানোর অনুমতি দেওয়া সম্ভব হবে।
যুক্তরাজ্যের রাস্তায় কিছুটা সীমিত অটোনোমাস প্রযুক্তি ব্যবহারের অনুমতি এখনও রয়েছে। তবে সেক্ষেত্রে গাড়িতে চালকের আসনে অবশ্যই একজন মানুষকে থাকতে হয় এবং গাড়ির নিয়ন্ত্রণের পুরো দায়িত্ব তাকে নিতে হয়, এমনকি স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহারের বেলাতেও এমনটি করা হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
বর্তমানে আরও উন্নত অটোনোমাস প্রযুক্তি ব্রিটেনের রাস্তায় পরীক্ষামূলকভাবে চালাচ্ছে কিছু কোম্পানি। যেমন– ব্রিটিশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি ‘ওয়েভি’-এর স্বয়ংক্রিয় সিস্টেমে তৈরি গাড়ি।
উবার-এর মোবিলিটি বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, “যুক্তরাজ্যে নিয়ম-কানুন অর্থাৎ আইনি পরিবেশ প্রস্তুত হলেই আমরা রোবোট্যাক্সি চালু করতে প্রস্তুত আছি।”
অটোনোমাস গাড়ির প্রযুক্তি নিয়ে কাজ করে এমন ১৮টি কোম্পানির সঙ্গে কাজ করছে এই রাইডহেইলিং কোম্পানিটি, যার মধ্যে রয়েছে ‘ওয়েভি’ও।
যুক্তরাষ্ট্রে আগে থেকেই রোবোট্যাক্সি চালাচ্ছে এমন কিছু কোম্পানির মধ্যে উবার একটি। তাদের এসব রোবোট্যাক্সি বর্তমানে চীন, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের রাস্তায়ও চলছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
তবে ম্যাকডোনাল্ড বলেছেন, তিনি মনে করেন না যে যুক্তরাজ্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছে। তার মতে, যুক্তরাষ্ট্র ও চীন এগিয়ে আছে কারণ সেসব দেশেই এ প্রযুক্তির বেশিরভাগ উন্নয়ন ঘটেছে।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রণালয় বলেছে, “এ নিয়ে আমরা দ্রুত কাজ করছি এবং ২০২৭ সালের দ্বিতীয় ভাগে স্বয়ংক্রিয় গাড়ির জন্য আইন প্রণয়ন করব।”
বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, “আমরা স্বয়ংক্রিয় গাড়ির খাতকে সফলভাবে চালু করতে কিছু স্বল্পমেয়াদী পরীক্ষা ও পাইলট প্রকল্পের বিকল্পও খতিয়ে দেখছি।”