১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

থ্রেডসে নতুন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার আনল মেটা

এ সুবিধার মাধ্যমে মা-বাবারা সন্তানদের অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ, কনটেন্ট নিয়ন্ত্রণ ও প্রাইভেসিতে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে পারবেন।

থ্রেডসে নতুন প্যারেন্টাল কন্ট্রোল ফিচার আনল মেটা
আগামী সপ্তাহ থেকে মেটার ‘ফ্যামিলি সেন্টার’ হাবের মাধ্যমে অভিভাবকেরা নতুন এসব ফিচার ব্যবহার করতে পারবেন। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 05:07 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

টিনএজারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর অভিভাবকদের নজরদারি বাড়াতে নতুন কিছু ফিচার যোগ করছে মেটা মালিকানাধীন প্ল্যাটফর্ম থ্রেডস।

এ সুবিধার মাধ্যমে মা-বাবারা এখন থেকে সন্তানদের অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ, কনটেন্ট নিয়ন্ত্রণ ও প্রাইভেসিতে প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করতে পারবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।

‘প্যারেন্টাল সুপারভিশন’ নামের এ সুবিধার আওতায় অভিভাবকেরা জানতে পারবেন তাদের সন্তান অ্যাপটিতে ঠিক কতটা সময় ব্যয় করছে।

অ্যাপ ব্যবহারের সময়সীমা নির্ধারণ ও ‘স্লিপ মোড’-এর সময় ঠিক করে দেওয়ার মতো নিয়ন্ত্রণ থাকবে অভিভাবকদের হাতে।

পাশাপাশি টিনএজাররা কী ধরনের ট্যাগের কনটেন্ট দেখতে পারবে তা নির্ধারণ এবং তাদের প্রাইভেসি ও কনটেন্ট সেটিংসে নানা ধরনের বিধিনিষেধ আরোপের সুযোগও পাবেন অভিভাবকরা।

টিনএজারদের অ্যাকাউন্টে থাকা সুরক্ষা ব্যবস্থার পাশাপাশি নতুন এসব ‘প্যারেন্টাল সুপারভিশন’ টুল থ্রেডসে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করবে।

আগামী সপ্তাহ থেকে মেটার ‘ফ্যামিলি সেন্টার’ হাবের মাধ্যমে অভিভাবকরা নতুন এসব ফিচার ব্যবহার করতে পারবেন।

আগে থেকে অপ্রাপ্তবয়স্কদের জন্য নিজেদের বিভিন্ন প্ল্যাটফর্মকে নিরাপদ রাখার বিভিন্ন উপায় খুঁজছে মেটা।

এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি টিনএজাররা মেটা এআইয়ের সঙ্গে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছে তা অভিভাবকদের সঙ্গে শেয়ারের সুবিধা চালু করেছে কোম্পানিটি।

পাশাপাশি ইনস্টাগ্রামে মানসিক বা শারীরিকভাবে ক্ষতিকর কনটেন্ট বারবার দেখানোতেও কড়া বিধিনিষেধ আরোপ করেছে মেটা।