১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিনিমালিস্ট ফোনের দুনিয়ায় পাঙ্কট-এর নতুন চমক এই ফোন

ফোনটিতে ব্যবহারকারীর প্রাইভেসি, নিরাপত্তা ও ডিজিটাল মিনিমালিজম বা ডিজিটাল আসক্তি কমানোর বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে কোম্পানিটি।

মিনিমালিস্ট ফোনের দুনিয়ায় পাঙ্কট-এর নতুন চমক এই ফোন
ফোনটিতে ৫২০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি রয়েছে, যা ফোন থেকে খোলা বা আলাদা করা যায়। ছবি: পাঙ্কট

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 05:41 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

নতুন মডেলের ফোন নিয়ে ফিরে এসেছে মিনিমালিস্ট বা সাধারণ ফিচারের ফোন তৈরির অগ্রদূত সুইজারল্যান্ডের কোম্পানি পাঙ্কট।

‘এমসি০৩’ নামের এ নতুন ফোনটিতেও আগের মতোই ব্যবহারকারীর প্রাইভেসি, নিরাপত্তা ও ডিজিটাল মিনিমালিজম বা ডিজিটাল আসক্তি কমানোর বিষয়ের ওপর কোম্পানিটি বিশেষ গুরুত্ব দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

পাঙ্কট-এর ‘এমপি০১’ ও ‘এমপি০২’ নামের আগের দুটি ফোনও নজরকাড়া মিনিমাল ‘ডাম্ব ফোন’ হিসেবে পরিচিত। এমপি০১ মডেলটি এতটাই শৈল্পিক যে তা নিউ ইয়র্কের মোমা বা ‘মিউজিয়াম অফ মডার্ন আর্টে’ স্থান পেয়েছে।

এদিকে, ২০২৩ সালের এমসি০২-এর পর নতুন এমসি০৩ ফোনটি আরও ব্যবহারবান্ধব টাচস্ক্রিন স্মার্টফোন তৈরির ক্ষেত্রে কোম্পানির দ্বিতীয় প্রচেষ্টা। এ ফোনে বাহ্যিক সৌন্দর্য ও বাটন না থাকলেও ব্যবহারের ক্ষেত্রে সুবিধা পাবেন গ্রাহকরা।

আগের ফোনের মতোই এ স্মার্টফোনটি ‘অ্যাফি-ওএস’ অপারেটিং সিস্টেমে চলে, যা মূলত অ্যান্ড্রয়েড ওপেন সোর্স প্রজেক্টের ওপর ভিত্তি করে তৈরি এবং এতে ব্যবহারকারীর প্রাইভেসি ও নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে কোম্পানিটি।

এমসি০৩-এর ইন্টারফেইসে ‘লাইট ফোন’-এর কিছুটা ছাপ লক্ষ্য করা যায়। এর ‘ইউজার ইন্টারফেইস’-এ লাইট ফোনের মতো টেক্সট বা লেখার সারি রয়েছে, যেখান থেকে ইমেইল, কনট্যাক্ট ও ক্যালেন্ডারের মতো জরুরি বিভিন্ন শর্টকাট সহজে ব্যবহার করা যাবে।

নতুন ফোনটি তথ্য বা ডেটাকে দুটি ভাগে ভাগ করেছে। প্রথমটি ‘ভল্ট’ নামের নিরাপদ বিভিন্ন অ্যাপের এক সংরক্ষিত জায়গা, যা কোম্পানি নিজেই যাচাই-বাছাই করে নিশ্চিত করেছে। দ্বিতীয়টি হচ্ছে ‘ওয়াইল্ড ওয়েব’, যেখানে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টলের স্বাধীনতা মিলবে।

তবে এ অংশটি ব্যবহারের সময় ব্যবহারকারীকে সুরক্ষা দিতে রয়েছে ‘লেজার’। এটিকে ‘কঠোর ও দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছে পাঙ্কট, যা ব্যবহারকারীদের প্রাইভেসি নিয়ন্ত্রণের কাজটি সহজ করে দেবে।

অ্যান্ড্রয়েডের ‘পারমিশন ম্যানেজার’-এর মতো লেজারের মাধ্যমেও ব্যবহারকারী ঠিক করে দিতে পারবেন কোন অ্যাপটি তার তথ্য, সেন্সর ও ফোনের রিসোর্স ব্যবহার করতে পারবে। বারবার পারমিশন দেওয়া বা না দেওয়া কিছুটা বিরক্তিকর হলেও এর বিনিময়ে তথ্যের ওপর সূক্ষ্ম ও নিখুঁত নিয়ন্ত্রণ মিলবে।

ফোনটিতে রয়েছে একটি ওএলইডি ডিসপ্লে, যার ফ্রেম রেট ১২০ হার্টজ। এই রিফ্রেশ রেট ফোনের ছিমছাম ও গাঢ় কালো ‘ইউজার ইন্টারফেইস’কে চমৎকারভাবে ফুটিয়ে তোলে।

ফোনটিতে ৫২০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি রয়েছে, যা ফোন থেকে খোলা বা আলাদা করা যায়। এ ছাড়া একটি ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে এ ফোনে। পানি ও ধুলাবালি থেকে সুরক্ষার জন্য ডিভাইসটিতে আইপি৬৮ রেটিংয়ের সুরক্ষা যোগ করেছে কোম্পানিটি।

এ মাস থেকেই ইউরোপের বাজারে এই ফোনের সরবরাহ শুরু করবে পাঙ্কট। ফোনটির দাম ৬১০ পাউন্ড। আগের মডেলগুলোর মতো এমসি০৩ ব্যবহারের জন্যও সাবস্ক্রিপশন বা মাসিক ফি প্রয়োজন হবে।

ফোনটি কেনার সঙ্গে এক বছরের সাবস্ক্রিপশন বিনামূল্যে মিলবে। এরপর থেকে প্রতি মাসে আট দশমিক ৯৯ পাউন্ড করে ফি দিতে হবে। তবে দীর্ঘমেয়াদী সাবস্ক্রিপশন একবারে কিনলে ৬০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব।