১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইফোন দ্রুত আপডেট করতে বলছে অ্যাপল

আইফোনের ৭৫টি ও ম্যাকের ১৫০টিরও বেশি নিরাপত্তা ঝুঁকি দূর করা হয়েছে এই আপডেটে। এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর ডিভাইসে অনায়াসে প্রবেশ করতে পারত।

আইফোন দ্রুত আপডেট করতে বলছে অ্যাপল
অ্যাপলের নতুন এ আপডেটে আইফোন ও ম্যাক ব্যবহারকারীদের জন্য যোগ করা হয়েছে জরুরি কিছু নিরাপত্তা সংশোধন। ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 03:28 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

আইফোনের জন্য নতুন সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে অ্যাপল, যাতে দৃশ্যমান পরিবর্তন কম হলেও যোগ হয়েছে আড়ালে থাকা গুরুত্বপূর্ণ কিছু ফিচার।

পরবর্তী বড় সংস্করণ ‘আইওএস ২৭’-এর সিরি এআইয়ের আগাম প্রস্তুতিসহ শতাধিক বড় ধরনের নিরাপত্তা ত্রুটি সংশোধনে অনতিবিলম্বে ব্যবহারকারীদের ‘আইওএস ২৬.৬’ নামের নতুন সংস্করণ ইনস্টলের তাগিদ দিয়েছে প্রযুক্তি জায়ান্টটি।

আইফোনের জন্য বিশেষ এ আপডেটটি ‘সেটিংস’ অ্যাপের মাধ্যমে দ্রুত ইনস্টল করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

আপাতদৃষ্টিতে এ আপডেটে নতুন কোনো বড় পরিবর্তন চোখে না পড়লেও মূল কাজটি করা হয়েছে অ্যাপলের পরবর্তী বড় সফটওয়্যার সংস্করণ ‘আইওএস ২৭’-এর জন্য।

আইওএস ২৬.৬ ইনস্টলের পরপরই ব্যাকগ্রাউন্ডে ফোনটি গ্রাহকের ডিভাইসে থাকা সব ধরনের ডেটা বা কনটেন্ট ‘ইনডেক্সিং’ করতে শুরু করবে। এ ইনডেক্সিং প্রক্রিয়াটি গুরুত্বপূর্ণ।

আইওএস ২৭-এর মূল আকর্ষণ হতে যাচ্ছে অ্যাপলের নতুন এআই অ্যাসিস্ট্যান্ট ‘সিরি এআই’, যা গ্রাহকের প্রশ্নের নিখুঁত উত্তর দিতে ফোনের অভ্যন্তরীণ ইনডেক্স করা ডেটা ব্যবহার করবে।

বর্তমানে পাবলিক বিটা সংস্করণে আইওএস ২৭ ব্যবহারকারীরা বলেছেন, আপডেট করার পর ইনডেক্সিং হতেই কয়েক দিন সময় লেগে যাচ্ছিল। ফলে আগের সংস্করণেই এ প্রক্রিয়াটি সম্পন্ন করে রাখা হচ্ছে, যেন মূল আইওএস ২৭ আসার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীরা কোনো ঝামেলা ছাড়াই দ্রুত নতুন সিরি এআই ব্যবহার করতে পারেন।

অ্যাপলের নতুন এ আপডেটে আইফোন ও ম্যাক ব্যবহারকারীদের জন্য যোগ করা হয়েছে জরুরি কিছু নিরাপত্তা সংশোধন।

অ্যাপলের দেওয়া তথ্য অনুসারে, আইফোনের ৭৫টি ও ম্যাকের ১৫০টিরও বেশি নিরাপত্তা ঝুঁকি দূর করা হয়েছে এই আপডেটে। এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর ডিভাইস ও তথ্যে অনায়াসে প্রবেশ করতে পারত।

এখনও কোনো সাইবার আক্রমণের খবর না মিললেও সুরক্ষিত থাকতে ব্যবহারকারীদের দ্রুততম সময়ে ডিভাইসটি আপডেটের পরামর্শ দিয়েছে অ্যাপল।

সাইবার নিরাপত্তা সংশ্লিষ্ট এসব ত্রুটি খুঁজে বের করা এবং তা সমাধানের পেছনে বড় ভূমিকা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

ব্যতিক্রমী এ উদ্যোগের কথা উল্লেখ করে অ্যাপল তাদের এ আপডেট চালুর নথিতে সরাসরি অ্যানথ্রপিকের ক্লড ও ওপেনএআইয়ের ‘কোডেক্স সিকিউরিটি’র এআই মডেলের কথা প্রকাশ করেছে, যা জটিল বাগ চিহ্নিতকরণ ও তা ফিক্স করার কাজে এআই প্রযুক্তির ক্রমশ বাড়তে থাকা ভূমিকারই বাস্তব প্রমাণ।

নিরাপত্তা ফিচারের পাশাপাশি দরকারি নোটিফিকেশন সিস্টেমও এ আপডেটে যোগ করেছে অ্যাপল। এতদিন ব্লক করা নম্বরের নির্দিষ্ট সীমা পেরিয়ে গেলে আইফোনে কোনো সংকেত পাওয়া যেত না।

নতুন এ আইওএস আপডেটের ফলে ব্লক তালিকার সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছে গেলে ব্যবহারকারীকে তা সতর্কবার্তার মাধ্যমে জানিয়ে দেবে ডিভাইসটি।